রেলে চালক-মাস্টার সংকট, তাই দুর্ঘটনা ঘটালেও শাস্তি নেই
রেলের বার্ষিক দুর্ঘটনা পর্যালোচনা প্রতিবেদনে বেশির ভাগ দুর্ঘটনার জন্য চালক কিংবা স্টেশনমাস্টারের ভুল বা গাফিলতিকে প্রধান কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। বিগত কয়েকটি বার্ষিক প্রতিবেদনে একই রকম তথ্য পাওয়া গেছে। কিন্তু তদন্তে চিহ্নিত করা হলেও অনেক ক্ষেত্রে এঁদের বিরুদ্ধে যে ব্যবস্থা নেওয়া হয়, তা অপরাধের তুলনায় যথাযথ হয় না। এর কারণ খুঁজতে গিয়ে জানা গেছে, রেলওয়েতে এই দুটি পদেই প্রয়োজনের তুলনায় লোকবল কম। ফলে শাস্তি দিতে গেলে স্টেশন ও ট্রেন পরিচালনা কঠিন হয়ে পড়ে। গত বছর ২২ জুন আন্তনগর মহানগর এক্সপ্রেস ট্রেনটি কমলাপুর স্টেশনে প্রবেশের সময় লোকাল ট্রেন ঈশাখাঁর সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বেশ কয়েকজন যাত্রী আহত হয় এবং দুটি ট্রেনেরই ইঞ্জিন মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়। এ ঘটনায় গঠিত তদন্ত কমিটি দুর্ঘটনার জন্য কমলাপুর স্টেশনের দুজন মাস্টারের দায়িত্বে অবহেলাকে দায়ী করে। রেলওয়ে কর্মকর্তাদের সঙ্গে আলাপ করে জানা গেছে, কমলাপুর স্টেশনের মতো গুরুত্বপূর্ণ স্থানে মাস্টারের ভুলের কারণে দুর্ঘটনা হলে তাঁদের চাকরি থেকে অব্যাহতি কিংবা পদাবনতি হওয়ার কথা। কিন্তু জনবল-সংকটের কথা চিন্তা করে কর্তৃপক্ষ দুজনকে লঘু শাস্তি দিয়েছে। দুই মাস্টারের দুই বছরের বার্ষিক বেতন বৃদ্ধি (ইনক্রিমেন্ট) বন্ধ রাখা হয়েছে। এখনো তাঁরা কমলাপুরে দায়িত্ব পালন করছেন। ২০০৮ সালের ১৪ মে আশুগঞ্জ স্টেশনে উপকূল এক্সপ্রেসের সঙ্গে চট্টগ্রাম মেইল ট্রেনের সংঘর্ষ হলে ১০ জন মারা যায় এবং ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এ ঘটনায়ও ট্রেনের চালক ও দায়িত্বরত স্টেশনমাস্টারকে দায়ী করে তদন্ত কমিটি। দুজনকেই আট মাসের জন্য বরখাস্ত করা হয়। কিন্তু জনবল-সংকটের কারণে পরে তাঁদের দিয়ে আবেদন করিয়ে শাস্তির মেয়াদ কমিয়ে আনা হয়। অর্থাৎ জনবল-সংকটের কারণে কোনো শাস্তিই বহাল রাখা যায় না। রেলওয়ে সূত্র জানায়, চালক ও স্টেশনমাস্টারের সংকটের কারণে এই দুই পদের অনেককে অবসরে যাওয়ার পরও চুক্তিতে নিয়োগ দেওয়া হয়েছে। অনেকের চাকরির মেয়াদও বাড়ানো হয়েছে। রেলওয়ের মহাপরিচালক টি এ চৌধুরী প্রথম আলোকে বলেন, রেলওয়েতে চালকসহ বেশ কিছু পদে আজকে নিয়োগ দিলে কালকেই কাজ শুরু করতে পারে না। প্রশিক্ষণ, অভিজ্ঞতা অর্জন ও শারীরিক যোগ্যতার ওপর নির্ভর করে ট্রেন চালাতে দেওয়া হয়। দীর্ঘদিন ধরে চালক ও স্টেশনমাস্টারসহ বিভিন্ন পদে নিয়োগ বন্ধ থাকায় দারুণ সংকটে পড়তে হচ্ছে। তিনি জানান, চালক-সংকট মেটানোর জন্য যেসব চালক অবসরে যাচ্ছেন, তাঁদের চাকরির মেয়াদ বাড়াতে হচ্ছে। রেলওয়ের সূত্রে জানা গেছে, চলতি বছরে (অক্টোবর পর্যন্ত) সারা দেশে ট্রেন দুর্ঘটনা হয়েছে ২২৯টি। এসব দুর্ঘটনায় ২১ জন মারা গেছে। ২০০৯ সালে দুর্ঘটনা ঘটে ৪০৮টি। এর মধ্যে তিনটি মুখোমুখি সংঘর্ষের ঘটনা আছে। এসব দুর্ঘটনায় মারা গেছে ২৮ জন এবং আহত হয়েছে আরও ১০২ জন। এসব দুর্ঘটনার ৮০ শতাংশই চালক কিংবা স্টেশনমাস্টারের ভুলের কারণে হয়েছে বলে রেলের পর্যালোচনা প্রতিবেদনে বলা হয়েছে। আশুগঞ্জে ট্রেন দুর্ঘটনা তদন্তে গঠিত কমিটির এক সদস্য নাম না প্রকাশ করার শর্তে বলেন, তদন্ত করে লাভ নেই। কারণ, কাউকে শাস্তি দেওয়া যায় না। তাই এখন সুপারিশ করার সময়ও চিন্তা করি, বাস্তবায়ন হবে কি না। দুর্ঘটনা: রেলওয়ে থেকে প্রাপ্ত তথ্যে জানা গেছে, ২০০১ থেকে ২০১০ সাল পর্যন্ত এক দশকে ট্রেন দুর্ঘটনা হয়েছে প্রায় পাঁচ হাজার ৮০০টি। এসব দুর্ঘটনায় মারা গেছে ৩৩৭ জন, আহত হয়েছে দুই হাজারেরও বেশি মানুষ। এ ছাড়া কোটি কোটি টাকার ক্ষয়ক্ষতি তো রয়েছেই। বাংলাদেশ রেলওয়ে প্রতিবছরই ট্রেন দুর্ঘটনার কারণ ও এসব দুর্ঘটনা কেন হয়েছে, সে বিষয়ে পর্যালোচনা প্রতিবেদন তৈরি করে। ২০০৯ সালে সংঘটিত ট্রেন দুর্ঘটনার পর্যালোচনায় দেখা গেছে, প্রায় ৭২ শতাংশ দুর্ঘটনাই যান্ত্রিক নয়, মানবিক ভুলের কারণে হয়েছে। প্রায় ২৩ শতাংশ দুর্ঘটনা হয়েছে কারিগরি ত্রুটির কারণে। বাকি ৫ শতাংশ দুর্ঘটনা নানা কারণে হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। রেলওয়েতে মানবিক ভুল (হিউম্যান এরর) বলতে চালকের অসতর্কতা, সিগন্যাল অমান্য করা, স্টেশনমাস্টারের দেওয়া ভুল সিগন্যালকে বোঝায়। কারিগরি ত্রুটির মধ্যে রয়েছে রেললাইনে সমস্যা, ইঞ্জিন বিকল, সিগন্যাল কাজ না করা। চালক ও মাস্টার সংকট: রেলওয়েতে চালক ও সহকারী চালকের পদ রয়েছে এক হাজার ৭৮২টি। দুই পদে বর্তমানে কর্মরত আছেন এক হাজার জন। স্টেশনমাস্টারের পদ আছে এক হাজার ২৩৫টি। কিন্তু মাস্টার আছেন মাত্র ৭০০ জন। রেলওয়ের হিসাব অনুযায়ী, স্টেশনমাস্টারের সংকটের কারণে ৪৩০ স্টেশনের মধ্যে ১৩০টির কার্যক্রম বন্ধ হয়ে গেছে। বন্ধ স্টেশনগুলোতে কোনো ট্রেন থামে না।জানা গেছে, রেলওয়ের অভিজ্ঞ চালকদের মধ্যে একটা বড় অংশই গত বছর এবং চলতি বছরে অবসরে চলে গেছেন। এখন যাঁরা ট্রেন চালাচ্ছেন, তাঁদের অধিকাংশই সহকারী চালক। রেলওয়ের যন্ত্রকৌশল বিভাগের একজন কর্মকর্তা বলেন, সাধারণত একজন সহকারী চালককে ট্রেন চালানোর মতো অবস্থায় যেতে অন্তত ১১ বছর অভিজ্ঞতা লাগে। নাম প্রকাশে অনিচ্ছুক একজন ট্রেনচালক বলেন, একটি ট্রেন চালানোর আগে আট থেকে ১২ ঘণ্টার বিশ্রামের নিয়ম আছে। কিন্তু চালক-সংকটের কারণে প্রয়োজনীয় বিশ্রাম ছাড়াই আবার ট্রেন চালানো শুরু করতে হয়। ফলে মনোযোগ ধরে রাখা বেশ কঠিন হয়ে পড়ে। রেলওয়ের প্রকৌশল বিভাগ সূত্র জানায়, ২০০৩ ও ২০০৪ সালে দুই দফায় রেলওয়ে সর্বশেষ সহকারী চালক পদে নিয়োগ দেওয়া হয়। পরে আর কোনো নিয়োগ না হওয়ায় এঁরা একই পদে বহাল আছেন। সাধারণত নিয়োগের পাঁচ-ছয় বছর পর তাঁদের শান্টিং লোকোমাস্টার (এসএলএম) হিসেবে পদোন্নতি দেওয়া হয়। এরপর পাঁচ হাজার মাইল মালগাড়ি চালানোর অভিজ্ঞতা সঞ্চয় করে তাঁরা দ্বিতীয় গ্রেডের লোকোমাস্টার হিসেবে পদোন্নতি পাবেন। ২০০৩ ও ২০০৪ সালে নিয়োগ পাওয়া অনেক সহকারী চালক এখন আন্তনগর ট্রেন চালাচ্ছেন বলে সূত্র জানায়। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এ এম এম সফিউল্লাহ প্রথম আলোকে বলেন, রেলওয়ে কোনো পরিকল্পনার মধ্যে চলছে না। দুর্ঘটনা ঘটছে। দীর্ঘদিন ধরে লোক নিয়োগ হয় না, কখনো আবার গোল্ডেন হ্যান্ডশেকের মাধ্যমে লোক ছাঁটাই করা হয়। আসলে রেল যাতে সড়ক খাতের সঙ্গে প্রতিযোগিতা করে টিকতে না পারে, সে জন্যই এগুলো হচ্ছে। তিনি দ্রুত স্টেশনমাস্টার ও চালক নিয়োগের পরামর্শ দেন।