দুটি অঞ্চল নিয়ে গঠিত বাংলাদেশ রেলওয়েতে গত ছয় দিনে ৫৯টি নাশকতার ঘটনা ঘটেছে। এর মধ্যে ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগ নিয়ে গঠিত পূর্বাঞ্চলেই হয়েছে ৫৬টি নাশকতার ঘটনা। উত্তর ও দক্ষিণ-পশ্চিমাঞ্চল নিয়ে গঠিত পশ্চিম রেলের দুটি স্টেশন ও তিনটি কোচ পুরোপুরি পুড়িয়ে দেওয়া হয়েছে। এতে প্রায় সাড়ে আট কোটি টাকার সম্পদ ধ্বংস হয়েছে। রেলের সর্বশেষ জরিপ থেকে এ তথ্য জানা গেছে। গত ২৮ ফেব্রুয়ারি থেকে গতকাল মঙ্গলবার পর্যন্ত জামায়াত-শিবির পরিকল্পিতভাবে এসব নাশকতার ঘটনা ঘটিয়েছে বলে রেল কর্তৃপক্ষ মনে করছে। পরিকল্পিত এই নাশকতার কারণে সারা দেশে ট্রেন চলাচলের সূচি ঠিক রাখা যাচ্ছে না। বাতিল করতে হয়েছে একাধিক আন্তনগর ও লোকাল ট্রেনের যাত্রা। যাত্রীসংখ্যাও কিছুটা কমেছে বলে রেলের কর্মকর্তারা স্বীকার করেছেন। মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াতের নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীকে মৃত্যুদণ্ডাদেশ দেওয়ার পর জামায়াত-শিবির সারা দেশে সহিংসতা শুরু করে। রেল কর্তৃপক্ষ ও মন্ত্রণালয় থেকে বলা হয়েছে, সড়ক অবরোধের পাশাপাশি তারা রেলের কোচ ও ইঞ্জিনে আগুন, রেললাইনের ফিশপ্লেট উৎপাটন এবং সেতু ও স্লিপারে আগুন দেওয়া, স্টেশন ভাঙচুর ও অগ্নিসংযোগ করার মতো নাশকতা চালিয়ে সারা দেশের যোগাযোগব্যবস্থা বিপর্যস্ত করে তুলতে চায়। রেলমন্ত্রী মো. মুজিবুল হক গতকাল প্রথম আলোকে বলেন, জামায়াত-শিবির দেশব্যাপী নাশকতা করছে। রেলওয়ের সম্পদও তাদের হাত থেকে রক্ষা পাচ্ছে না। গত ছয় দিনের নাশকতায় রেলের আট কোটি টাকার সম্পদ ধ্বংস হয়েছে। তিনি বলেন, ৪২ বছরে হরতাল-অবরোধ অনেক হয়েছে। কিন্তু এভাবে একযোগে সারা দেশে রেলের সম্পদ ধ্বংসের ঘটনা কখনো ঘটেনি। কারণ, এই সম্পদ দেশের মানুষের। তিনি যাত্রী ও সাধারণ নাগরিকদের এই নাশকতার বিরুদ্ধে প্রতিরোধে এগিয়ে আসার আহ্বান জানান। রেলওয়ে থেকে প্রাপ্ত তথ্যে দেখা যায়, পশ্চিমাঞ্চলে নাশকতা সংখ্যায় কম হলেও আর্থিক ক্ষতি হয়েছে সবচেয়ে বেশি। এ অঞ্চলে গাইবান্ধার বামনডাঙ্গা ও বগুড়া স্টেশন ভবন পুড়িয়ে দেওয়া হয়েছে। এ ছাড়া রাজশাহী স্টেশনে দাঁড়িয়ে থাকা অবস্থায় ঢাকা-রাজশাহীর মধ্যে চলাচলকারী সিল্কসিটির তিনটি কোচ পুড়িয়ে দেওয়া হয়েছে। ঢাকার কমলাপুর স্টেশনে আগুন দেওয়া হয়েছে উপকূল এক্সপ্রেসে। এতে একটি কোচ পুরোপুরি এবং তিনটি কোচ আংশিক পুড়ে গেছে। রেলওয়ে পশ্চিমাঞ্চলের মহাব্যবস্থাপক মো. ফেরদৌস আলম প্রথম আলোকে বলেন, পশ্চিমাঞ্চলে ছোটখাটো অনেক নাশকতা হয়েছে। তবে সিল্কসিটি, বামনডাঙ্গা স্টেশন ও বগুড়া স্টেশন ভবন পুড়িয়ে দেওয়ার ঘটনায় সাত কোটি ৪৪ লাখ টাকার ক্ষতি হয়েছে। এই ক্ষতি কাটিয়ে উঠতে কমপক্ষে ছয় মাস লাগতে পারে। রেলওয়ে সূত্র জানায়, পূর্বাঞ্চলে ১৪টি রেলসেতুতে আগুন দেওয়া হয়েছে। ফিশপ্লেট উৎপাটন ও রেললাইন বিচ্ছিন্ন করার ঘটনা ঘটেছে চারটি। স্টেশন ভবন, কোচ, স্লিপার ও লাইনে আগুন লাগানোর ঘটনা ঘটেছে ৩০টি। ককটেল ও বোমা ফাটিয়ে আতঙ্ক সৃষ্টির ঘটনা ঘটেছে চারটি। পূর্বাঞ্চলের প্রধান পরিচালন কর্মকর্তা (সিওপিএস) মো. বেলাল উদ্দিন বলেন, গত সোমবার ঢাকার কমলাপুর স্টেশনে তিনটি কোচে অগ্নিসংযোগ এবং একই দিন রাতে চট্টগ্রামের বাড়বকুণ্ড স্টেশন ভবনে আগুন লাগানোসহ ছয় দিনের নাশকতায় ৯৪ লাখ ৫৪ হাজার টাকার ক্ষতি হয়েছে। রেলসূত্র জানায়, শুধু ২৮ ফেব্রুয়ারি পূর্বাঞ্চলে ১০টি নাশকতার ঘটনা ঘটে। এর মধ্যে শর্শদী ও ফেনী স্টেশনের মধ্যবর্তী লাইনে রেলের ফিশপ্লেট খুলে ফেলায় আন্তনগর গোধূলী এক্সপ্রেসের ছয়টি কোচ লাইনচ্যুত হয়। ট্রেনটির গতি কম ছিল বলে যাত্রীরা প্রাণে রক্ষা পায়। ওই দিন বরমচাল ও কুলাউড়া, লাকসাম ও চিতোষী রোড, শ্রীমঙ্গল ও ভানুগাছ, কুমিরা ও সীতাকুণ্ড, ভাটেরাবাজার ও মাইজগাঁও, সোনাইমুড়ী ও নাথেরপেটুয়া, খিলা ও দৌলতগঞ্জ স্টেশনের মধ্যবর্তী রেললাইনে আগুন দেওয়া হয়। এ ছাড়া নারায়ণগঞ্জ ও ফাতেমানগর স্টেশনে ট্রেনে বোমা হামলার চেষ্টা ও ইটপাটকেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা। পূর্বাঞ্চলে ১ মার্চ পাঁচটি নাশকতা হয়েছে। ২ মার্চ আফজালাবাদ ও খাজাঞ্চিগাঁওয়ের মধ্যবর্তী স্টেশনে ফিশপ্লেট উৎপাটন করায় বোল্ডারবাহী বিশেষ ট্রেনের ইঞ্জিন ও রেস্টভ্যান লাইনচ্যুত হয়। একই দিন ফেনী ও শর্শদী স্টেশনের মধ্যবর্তী লাইনে বস্তা ফেলে ও স্লিপারে আগুন লাগানো হয়। ঢাকা-চট্টগ্রাম লাইনের ১৪ ও ২৭২ নম্বর সেতুতেও আগুন দেয় দুর্বৃত্তরা। ৩ মার্চ নাজিরহাট ও সরকারহাটের মধ্যবর্তী স্টেশনে স্লিপার উৎপাটন করা হয়। ৪ মার্চে নাশকতা হয় সবচেয়ে বেশি। ওই দিন নেত্রকোনা ও ঝারিয়াঝাঞ্জাইল স্টেশনের মধ্যবর্তী রেললাইনে আগুন দিয়ে ট্রেন চলাচলে বাধা সৃষ্টি করে দুর্বৃত্তরা। মৌলভীবাজারের কুলাউড়া ও বরমচাল স্টেশনের মধ্যবর্তী লাইনে আগুন দেওয়া হয়। ৫ মার্চ আখাউড়া ও গঙ্গাসাগর স্টেশনের মধ্যবর্তী দেবপুর স্কুলের পাশে ফিশপ্লেট উৎপাটন করে হরতালকারীরা। কুমিরা ও ভাটিয়ারি স্টেশনের মধ্যবর্তী রেললাইন কেটে ফেলা হয়।