রেলে দেড় মাসে ১২৯ নাশকতা—সংসদে মন্ত্রী
রেলওয়েতে গত দেড় মাসে ১২৯টি নাশকতামূলক ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন রেলমন্ত্রী মো. মুজিবুল হক। আজ রোববার জাতীয় সংসদের টেবিলে উত্থাপিত প্রশ্নের উত্তরে রেলমন্ত্রী এ তথ্য জানান। সাংসদ নূর আফরোজ আলীর প্রশ্নের জবাবে রেলমন্ত্রী জানান, চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত বাংলাদেশ রেলওয়েতে মোট ৩৫টি দুর্ঘটনা ঘটেছে। এ ছাড়া গত ২৮ ফেব্রুয়ারি থেকে ১১ এপ্রিল পর্যন্ত ১২৯টি নাশকতামূলক ঘটনা সংঘটিত হয়েছে। রেললাইনের ত্রুটি, ইঞ্জিন ও বগির যান্ত্রিক ত্রুটি, নিরাপত্তা বিধি অমান্য করা, প্রাকৃতিক দুর্যোগ, নাশকতামূলক তৎপরতা এবং সড়কযানের চালক কর্তৃক বিধি ভঙ্গ করে রেলক্রসিং পার হওয়ার চেষ্টা করায় এসব দুর্ঘটনা ঘটে। মোশতাক আহমেদ রুহীর প্রশ্নের জবাবে মুজিবুল হক বলেন, ‘সাম্প্রতিক সময়ে রেলে ডাকাতি, ছিনতাই ও নাশকতার ঘটনা সংঘটিত হয়েছে। প্রধানত ট্রেনের ছাদে ভ্রমণকারীদের টাকা ও মালামাল ছিনতাইয়ের ঘটনা ঘটলেও যাত্রী সংখ্যার ওপর এর কোনো নেতিবাচক প্রভাব পরিলক্ষিত হয়নি।’সংসদে অনুপস্থিত বিএনপির সাংসদ নাজিম উদ্দিন আহমেদের প্রশ্নের জবাবে রেলমন্ত্রী বলেন, বাংলাদেশ রেলওয়েতে মোট ১৮ হাজার ৩১০ কোটি টাকা প্রাক্কলিত ব্যয়ে ৩৮টি প্রকল্প এবং পাঁচ হাজার ৪৪৫ কোটি টাকা ব্যয়ে ১১টি সংশোধিত অনুমোদিত প্রকল্প রয়েছে। প্রকল্পগুলোর বাস্তবায়নের কাজ চলমান আছে।