রেলের কংক্রিট-স্লিপার কারখানার একি হাল!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘এই কারখানার সংরক্ষিত এলাকার মধ্য দিয়া সর্ব সাধারণের চলাফেরা, যাতায়াত নিষেধ। নিষেধ অমান্যকারীদের কর্তৃক যে কোনো সরকারী সম্পদ চুরি/তছরুফের জন্য আইনত দণ্ডনীয় অপরাধ।—আদেশক্রমে রেলওয়ে কর্তৃপক্ষ।’ শিল্পশহর ছাতকে রেলওয়ের কংক্রিট-স্লিপার কারখানার প্রবেশমুখে এ রকম একটি সতর্কবাণীর সাইনবোর্ড ঝুলছে। অথচ কারখানার ভেতরে ঢুকে দেখা গেল সাইনবোর্ডে যা লেখা আছে তার বিপরীত কর্মকাণ্ড।রেলওয়ে কর্তৃপক্ষের আদেশ-নিষেধ অমান্য করে বন্ধ কারখানার ‘অভ্যন্তরীণ অঙ্গন’ অংশ ব্যবহার করে ওয়েল্ডিংয়ের কাজ সারছেন একদল লোক। পরিচয় জানতে চাইলে প্রথমে তাঁরা ‘বাইরের লোক’ বলে জানান। পরে তাঁদের অবস্থান পরিষ্কার করতে গিয়ে জানান, কারখানা বন্ধ থাকায় বিদ্যুৎ ব্যবহার করে তাঁরা ওয়েল্ডিংয়ের কাজ সারছেন। এতে কাজ করার সঙ্গে কারখানার দেখভাল করাও হয়ে যাচ্ছে। এই হচ্ছে বাংলাদেশ রেলওয়ের একমাত্র কংক্রিট-স্লিপার কারখানার হাল।সরেজমিনে দেখা গেছে, কারখানার অভ্যন্তরীণ অঙ্গনসহ বাইরে ও ভেতরে যত্রতত্র ফেলে রাখা হয়েছে মূল্যবান সব যন্ত্রপাতি। সর্বশেষ উৎপাদনের তারিখ ও উৎপাদনতথ্য যথারীতি বোর্ডে লেখা রয়েছে। কংক্রিট, স্লিপার, যন্ত্রপাতি—সবই ছড়ানো-ছিটানো অবস্থায় পড়ে রয়েছে। উৎপাদিত স্লিপারগুলো কারাখানার গুদাম হিসেবে ব্যবহূত বহিরাঙ্গনে ফেলে রাখায় সেগুলো নষ্ট হওয়ার পথে। কারখানার অভ্যন্তরীণ অঙ্গনের কক্ষগুলো সিলগালা করা। এতে হাঁটুপানি জমে রয়েছে। এর মধ্যে পড়ে রয়েছে ভয়লা, কার্সার, মিকচার, ভাইব্রেটর, প্রিসটেনিং, ভান্ডার, কংক্রিটিং প্রভৃতি নামের মূল্যবান সব বিদেশি মেশিন।ওয়েল্ডিংয়ের কাজে নিয়োজিত ব্যক্তিরা নিজেদের ‘বাইরের লোক’ হিসেবে পরিচয় দিলেও রেলওয়ে কর্তৃপক্ষের বরাত দিয়ে তাঁরা কারখানা সম্পর্কে নিজস্ব মত প্রকাশ করেন। তাঁরা জানান, এখানে কেবল দেখভালের অভাবে কোনো যন্ত্রপাতি ঠিকঠাকমতো নেই। কারখানা চালু করলে এগুলো আগে অপসারণ করতে হবে।বাংলাদেশ রেলওয়ের (পথ-প্রকৌশল, যন্ত্র শাখা) সূত্র জানায়, ছাতকে রেলওয়ের ছয় একর জায়গায় ১৯৮৬ সালে ১২ কোটি ২১ লাখ টাকা ব্যয়ে কংক্রিট-স্লিপার কারখানা স্থাপন করা হয়। ১৯৮৮ সালের মে মাসে পরীক্ষামূলক উৎপাদন করে কারখানায় বার্ষিক ২৪০ কোটি টাকা মূল্যমানের কংক্রিট-স্লিপার উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। বাংলাদেশের রেলপথে কাঠের যেসব স্লিপার বসানো, সেগুলোর স্থায়িত্ব মাত্র ১০ বছর। অন্যদিকে স্লিপারের স্থায়িত্ব ৫০ বছরেরও বেশি এবং সেগুলো কাঠের চেয়ে টেকসই। এ বিষয়টি রেল যোগাযোগের অন্যতম একটি সাশ্রয়ী দিক বিবেচনায় রেখে ওই বছরের ২৭ অক্টোবর থেকে আনুষ্ঠানিক উৎপাদন শুরু হয়। ৩৮ জন কর্মকর্তা-কর্মচারীর পরিচালনায় কারখানায় প্রায় সহস্রাধিক শ্রমিক নিয়োজিত ছিলেন। ১৯৮৮ থেকে ১৯৯১ সাল পর্যন্ত নিরবচ্ছিন্ন উৎপাদন চলে। ১৯৯২-৯৩ অর্থবছর থেকে কারখানার উৎপাদন অনিয়মিত হয়ে পড়ে। অনিয়মিতভাবে প্রায় ১৫ বছর চালু রাখার পর ২০০৮ সালের ৫ জুলাই রেলওয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে কারাখানা বন্ধ করা হয়।বন্ধের কারণ সম্পর্কে সংশ্লিষ্ট সূত্র জানায়, কংক্রিট কারখানার কাঁচামালের সরবরাহ অপ্রতুল হওয়ায় গত বছর পর পর তিনটি দরপত্র আহ্বান করেও সরবরাহকারী কোনো প্রতিষ্ঠান না পাওয়ায় শেষ পর্যন্ত কারখানাটি বন্ধ করে দিতে বাধ্য হতে হয়েছে। দরপত্র আহ্বানের পরও সরবরাহকারী না পাওয়ার মূলে লৌহজাত মালামালের মূল্য বৃদ্ধিই একমাত্র কারণ বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান। বন্ধ ঘোষণার পর কারখানা তদারকির দায়িত্ব রেলওয়ের রোপওয়ে (রজ্জুপথ) বিভাগের। মাত্র একজন প্রকৌশলী কারখানার বিষয়টি নজরদারি করছেন।কারখানার বিদ্যুৎ-সিএসপির দায়িত্বশীল কর্মকর্তা মো. নৌপেল মাহমুদ ভূঁইয়ার দপ্তরে গিয়ে দেখা গেছে, সেটি সিলগালা করা। কারখানার অন্য কর্মকর্তাদের দপ্তরও এ রকম সিলগালা। এ প্রসঙ্গে ছাতক রেলওয়ের একজন কর্মকর্তা জানান, বন্ধ করে দেওয়ার পর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে কারখানার দায়িত্বশীল কর্মকর্তারা এখন রেলওয়ের অন্যান্য দপ্তরে কর্মরত। এ জন্য তাঁদের কক্ষগুলো সিলগালা করে রাখা হয়েছে। বন্ধ থাকার কারণ সম্পর্কে ওই কর্মকর্তা রেলওয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বরাত দিয়ে প্রথম আলোকে বলেন, ‘সিলেটের ভোলাগঞ্জে পাথর কোয়ারি পরিবহনে রোপওয়ে ব্যবস্থা চালুর সঙ্গে সংগতি রেখে কংক্রিট আমদানির সহজলভ্যতায় কারখানা চালু করা হয়েছিল। রোপওয়ে চলাচলে অচলাবস্থা সৃষ্টি হওয়ায় কারখানার ওপর তা বিরূপ প্রভাব ফেলে। পাশাপাশি লৌহজাত মালামাল সরবরাহের বিষয়টিও বড় কারণ।’ওই কর্মকর্তা কারখানা চালু প্রসঙ্গে জানান, বর্তমানে লৌহজাত মালামালের আমদানি-খরচ বেড়ে যাওয়ার অজুহাতে রেলওয়ে কর্তৃপক্ষের একটি প্রভাবশালী মহল বিদেশ থেকে কাঠের স্লিপার আমদানিতে আগ্রহী হয়ে ওঠায় কারখানার উৎপাদন বন্ধ রাখতে বাধ্য করা হয়েছে। এ অবস্থায় কারখানা ফের চালুর বিষয়টিও অনিশ্চিত।তবে রেলওয়ে কর্তৃপক্ষ কারখানাটি আবার চালু করার পক্ষে রয়েছে বলে দাবি করে কারখানার দায়িত্বে থাকা রেলওয়ের নির্বাহী প্রকৌশলী ডি এন মজুমদার প্রথম আলোকে বলেন, ‘কারখানা বন্ধ থাকলেও ঊর্ধ্বতন কর্তৃপক্ষ নিয়মিত খোঁজ-খবর রাখছেন। আমরাও সপ্তাহে অন্তত তিন দিন কারখানা পরিদর্শন করে সার্বিক দিক নজরদারির মধ্যে রাখি।’কারখানার মূল্যবান যন্ত্রপাতি অযত্নে পড়ে থাকা, কক্ষগুলোর ভেতর হাঁটু সমান পানি এবং অভ্যন্তরীণ অঙ্গন বহিরাগতদের ওয়েল্ডিং কারখানা হিসেবে ব্যবহার প্রসঙ্গে নির্বাহী প্রকৌশলীর দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি জানান, সবই নজরদারির মধ্যে রয়েছে। যন্ত্রপাতিগুলো কারখানা চালুর সিদ্ধান্তের সঙ্গে সঙ্গে মেরামত করা হবে। সিলগালা কক্ষে পানি জমে থাকার বিষয়টি সাময়িক বলে তিনি জানান। কবে নাগাদ কারখানা চালু হবে, এ বিষয়ে অবশ্য নিশ্চিত করে তিনি কিছু বলতে পারেননি।