রেলের চার কর্মকর্তাকে বদলির নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনিয়ম, দুর্নীতি, কাজে অবহেলা ও অন্যান্য কারণে লালমনিরহাট রেল বিভাগীয় চার কর্মকর্তাকে তাত্ক্ষণিক অন্যত্র বদলির নির্দেশ দিয়েছেন যোগাযোগ ও রেলমন্ত্রী ওবায়দুল কাদের। আজ বৃহস্পতিবার সকালে লালমনিরহাট সফরে এসে তিনি এ নির্দেশ দেন।ওই চার কর্মকর্তা হলেন : লালমনিরহাট রেল বিভাগীয় নির্বাহী প্রকৌশলী মো. আসাদুল হক, ভূমি কর্মকর্তা মো. আবু সাঈদ, তড়িত্ প্রকৌশলী মো. খলিলুর রহমান (সৈয়দপুর) ও স্টেশন টিকিট মাস্টার (সাধারণ) মো. আবদুল মতিন।চার কর্মকর্তার মধ্যে আবদুল মতিন ছাড়া অন্য তিনজনকে বদলির পাশাপাশি কারণ দর্শানোর নোটিশ দেওয়ার নির্দেশ দিয়েছেন মন্ত্রী।ওবায়দুল কাদের বলেন, ‘আমার কাছে সুনির্দিষ্ট তথ্য ও খবর রয়েছে, লালমনিরহাট রেল বিভাগীয় কতিপয় কর্মকর্তার মদদে ভূসম্পদ জবরদখল, অবৈধভাবে গাছ কাটা ও রেললাইন তুলে নেওয়া হয়েছে। লালমনিরহাট জেলা শহর থেকে উত্তর দিকে আট কিলোমিটার দীর্ঘ মোগলহাট রেললাইনের স্লিপার, রেলপাত ও পাথর লুটপাটের সঙ্গে যে দুর্বৃত্তচক্র জড়িত, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে লালমনিরহাট রেল বিভাগীয় কতিপয় কর্মকর্তা-কর্মচারী ব্যর্থ এবং লাভবান হয়েছেন। সবকিছু তদন্ত করা হবে। রেলওয়ের ভূমি ও সম্পদের লুটপাট বরদাশত করা হবে না।’এদিকে লালমনিরহাট রেল বিভাগের জবরদখল করা ও বেহাত হওয়া জমিজমা, সম্পদের প্রকৃত তালিকা তৈরি ও তদন্তের এক মাসের সময় দিয়ে তিন সদস্যের কমিটি করার নির্দেশ দিয়েছেন মন্ত্রী।