রেলের ছয় প্রকল্পের পরামর্শক এসিই!
রেলওয়ের কারিগরি প্রকল্প মানেই তাঁর পরামর্শক অ্যাসোসিয়েটেড কনসালটিং ইঞ্জিনিয়ার্স (এসিই)! বর্তমান সরকারের আমলে রেলের ছয়টি কারিগরি প্রকল্পের সব কটিতেই বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের সাধারণ সম্পাদকের প্রতিষ্ঠান এসিই পরামর্শক হিসেবে নিয়োগ পেয়েছে।রেলওয়েতে রক্ষিত এ-সংক্রান্ত নথিপত্রে দেখা যায়, এসিই যেসব প্রকল্পের কাজ পেয়েছে রেলওয়েতে, সেসব প্রকল্পের দরপত্র মূল্যায়ন কমিটির চেয়ারম্যানদের অন্তত পাঁচজন অবসরে গিয়ে ওই প্রতিষ্ঠানে চাকরি পেয়েছেন। কনসালটিং প্রতিষ্ঠানটিতে গিয়েও তাঁরা রেলওয়েতে যে প্রকল্পে সংশ্লিষ্ট ছিলেন, সেই প্রকল্পেরই দায়িত্ব পেয়েছেন। টি এ চৌধুরী রেলওয়ের মহাপরিচালক থাকা অবস্থায় এসব প্রকল্পে পরামর্শক নিয়োগ দেওয়া হয়। গত বছর যোগাযোগ মন্ত্রণালয় রেলওয়ের সদ্য সাবেক মহাপরিচালক টি এ চৌধুরীর বিরুদ্ধে অনিয়মের অভিযোগ তদন্ত করে। এসিইর ব্যবস্থাপনা পরিচালক গোলাম মোস্তফার বরাত দিয়ে তদন্ত প্রতিবেদনে বলা হয়, টি এ চৌধুরীর সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা রয়েছে এবং তিনি আওয়ামী-ঘরানার লোক। টি এ চৌধুরী বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের সদস্য—এ ধরনের সনদও দিয়েছিলেন গোলাম মোস্তফা।রেলওয়ের সাবেক মহাপরিচালকের সঙ্গে এসিইর এমডির ‘ঘনিষ্ঠ’ সম্পর্ক এবং সাবেক পাঁচজন অতিরিক্ত মহাপরিচালক, অবকাঠামো (এডিজি-আই) চাকরি করার কারণে ছয় প্রকল্পে এ প্রতিষ্ঠানের পরামর্শক হিসেবে নিয়োগ দেওয়া নিয়ে প্রশ্ন উঠেছে। রেলওয়ের একটি সূত্র জানায়, বর্তমানে রেলে আরও পাঁচ-ছয়টি কারিগরি প্রকল্পের দরপত্রের মূল্যায়ন চলছে। যোগাযোগ মন্ত্রণালয় সূত্র জানায়, ছয়টি প্রকল্পে পরামর্শক নিয়োগ হয়েছে ২০০৯ সালের জুন থেকে চলতি বছরের মে মাসের মধ্যে। আর পাঁচ এডিজি-আই অবসরে যান ২০০৯ সালের ডিসেম্বর থেকে গত মার্চ মাসের মধ্য। এডিজি-আই পদাধিকারবলে দরপত্র মূল্যায়ন কমিটির (টিইসি) চেয়ারম্যান। এর অর্থ, সব প্রকল্পেই উল্লিখিত এডিজি-আইদের তত্ত্বাবধানে এসিই পরামর্শক হিসেবে নিয়োগ পায়। টিইসির চেয়ারম্যান যে প্রতিষ্ঠানকে পরামর্শক হিসেবে নিয়োগের দায়িত্ব পালন করেছেন, অবসরে গিয়ে সেই একই ব্যক্তি ওই পরামর্শক প্রতিষ্ঠানে চাকরি নেওয়ায় দরপত্র মূল্যায়ন-প্রক্রিয়া নিয়েই সন্দেহ তৈরি হয়েছে। সন্দেহ যেখানে: বর্তমান সরকার ক্ষমতায় আসার পর ছয়জন এডিজি-আই অবসরে যান। তাঁদের মধ্যে পাঁচজন হলেন—ইকবাল মোল্লা, রফিকুজ্জামান, হাবিব আহম্মেদ, এ এন এম খসরু ও আনহার মাহমুদ। তাঁরা সবাই এখন এসিইতে চাকরি করছেন।জানা গেছে, রফিকুজ্জামান এখন এসিইর মহাব্যবস্থাপক (জিএম)। ইকবাল মোল্লা রেলওয়ে থেকে অবসরে যাওয়ার পর এসিইর হয়ে আফগানিস্তানে একটি প্রকল্পে কাজ করেন। এখন তিনি ওই প্রতিষ্ঠানেরই গোপালগঞ্জ-কাশিয়ানী নতুন রেলপথ নির্মাণ প্রকল্পের পরামর্শক। এ প্রকল্পের পরামর্শকদের দলনেতা করা হয়েছে রেলওয়ে থেকে এডিজি-আই হিসেবে অবসরে যাওয়া হাবিব আহম্মেদকে। তিনি সাবেক মহাপরিচালক টি এ চৌধুরীর ভগ্নিপতি। এ প্রকল্পে চাকরি করছেন আরেক সাবেক এডিজি-আই এ এন এম খসরু। সর্বশেষ অবসরে যাওয়া এডিজি-আই আনহার মাহমুদকে চট্টগ্রাম রেলস্টেশন উন্নয়ন প্রকল্পে পরামর্শক হিসেবে নিয়োগ দিয়েছে এসিই। তাঁরা সবাই রেলওয়েতে থাকতে কোনো-না-কোনো সময় এসব প্রকল্পের পরামর্শক প্রতিষ্ঠান নির্বাচনের দায়িত্ব পালন করেন।উল্লিখিত পাঁচ কর্মকর্তা ২০০৯ সালের ডিসেম্বর থেকে ২০১১ সালের মার্চের মধ্যে অবসর প্রস্তুতিকালীন বা পূর্ণ অবসরে যান। এ সম্পর্কে কোনো অনিয়মের সুযোগ সৃষ্টি হয়েছিল কি না জানতে চাইলে এসিইর মহাব্যবস্থাপক রফিকুজ্জামান প্রথম আলোকে বলেন, ‘মূল্যায়ন কমিটির (টিইসি) চেয়ারম্যান একা দরপত্র মূল্যায়ন করেন না। তাই মূল্যায়ন-প্রক্রিয়ায় এদিক-ওদিক করার সুযোগ নেই।’এসিই কনসালট্যান্ট যেসব প্রকল্পে: বর্তমান সরকারের আমলে এসিই যেসব প্রকল্পের কাজ পেয়েছে সেগুলো হচ্ছে—চট্টগ্রাম রেলস্টেশন রিমডেলিং ও উন্নয়ন, লাকসাম-চিনকিআস্তানা ডবল লাইন, দিনাজপুর-পঞ্চগড়সহ বিভিন্ন স্থানে ১৪৬টি রেলসেতুর সংস্কার, ঈশ্বরদী-ঢালারচর নতুন রেললাইন নির্মাণ, গোপালগঞ্জের কাশিয়ানী-টুঙ্গিপাড়া নতুন রেলপথ নির্মাণ, কর্ণফুলী নদীতে সেতু নির্মাণ।কাশিয়ানী-টুঙ্গিপাড়া এবং ঈশ্বরদী-ঢালারচর নতুন রেললাইন নির্মাণ, কর্ণফুলী নদীতে এক্সট্রাডোজ সেতু নির্মাণ প্রকল্পের পরামর্শক নিয়োগ হয় গত মাসে। পার্বতীপুর-বিরল ১৪৬ সেতু প্রকল্পের পরামর্শক নিয়োগ হয় গত ফেব্রুয়ারি মাসে।রেলওয়ে সূত্র জানায়, চট্টগ্রাম রেলস্টেশন উন্নয়ন ও লাকসাম-চিনকিআস্তানা প্রকল্প দুটি একই দরপত্রের মাধ্যমে পরামর্শক নিয়োগ হয়। প্রায় ১২৭ কোটি টাকার এ প্রকল্পের পরামর্শক হিসেবে এসিইকে নিয়োগ দেওয়া হয় ২০০৯ সালের জুন মাসে। আন্তর্জাতিক দরপত্রে অস্ট্রেলিয়াভিত্তিক পরামর্শক প্রতিষ্ঠান স্ম্যাকের সঙ্গে এসিই যৌথভাবে অংশ নেয়। চট্টগ্রাম স্টেশন উন্নয়ন ও লাকসাম চিনকিআস্তানা প্রকল্পে এসিইর সঙ্গে স্ম্যাকও রয়েছে।উল্লিখিত ছয়টি প্রকল্পের পরামর্শক বাবদ ব্যয় ধরা হয়েছে প্রায় ১৫৩ কোটি টাকা। এসিইর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) গোলাম মোস্তফা প্রথম আলোকে বলেন, তত্ত্বাবধায়ক সরকারের আমলেও দুটি প্রকল্পে তাঁরা কাজ পেয়েছেন। এ অভিজ্ঞতা থেকেই এখন তাঁরা সব কাজ পাচ্ছেন। রেলওয়ে থেকে তাঁরা যেসব প্রকল্প পেয়েছেন, সেসব প্রকল্পের দায়িত্বে থাকা সাবেক কর্মকর্তাদের নিজের প্রতিষ্ঠানে চাকরি দেওয়ার বিষয়ে তিনি বলেন, ‘এটা অস্বাভাবিক মনে হতে পারে। কিন্তু এ ছাড়া উপায় নেই। বিশেষজ্ঞ পাওয়া যায় না। সাবেক পাঁচ এডিজি-আই ছাড়া রেলের আরও অনেক সাবেক কর্মকর্তা এসিইতে চাকরি করছেন।’রেলের ডিজির পক্ষে এসিই এমডির সনদ: রেলওয়ের সাবেক মহাপরিচালক টি এ চৌধুরীকে মহাপরিচালক করার সময় যোগাযোগ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি প্রশ্ন তোলে, তিনি বিএনপি-সমর্থিত প্রকৌশলীদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স অব বাংলাদেশের (অ্যাব) লোক। ২০০৬-০৭ সালে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট অব বাংলাদেশের নির্বাচনে অ্যাবের প্যানেলে নির্বাচনও করেছিলেন বলে সংসদীয় কমিটি অভিযোগ করে। তারা বিষয়টি তদন্ত করতেও চায়। কিন্তু যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন তখন তদন্তের দায়িত্ব মন্ত্রণালয়কে দেওয়ার অনুরোধ জানান।মন্ত্রণালয়ের করা তদন্ত প্রতিবেদনে এসিইর এমডি ও বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফার বক্তব্য হিসেবে বলা হয়, টি এ চৌধুরী অ্যাব নয়, বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের সদস্য। টি এ চৌধুরীর সদস্য নম্বর ০৭৬২। টি এ চৌধুরীকে সে সময় বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের সদস্য হিসেবে সনদও দেওয়া হয়। তবে বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের একাধিক সদস্য জানান, এ সংগঠনের সদস্যদের কোনো নম্বর নেই।