রেলের জন্য মহাপরিকল্পনা
রেলের উন্নয়ন ও সম্প্রসারণের জন্য বর্তমান সরকার পাঁচ বছরের মহাপরিকল্পনা নিয়েছে। তবে সেই তুলনায় আগামী ২০১৩-১৪ অর্থবছরের বাজেটে বরাদ্দ কিছুটা কম। অন্যদিকে চলতি ২০১২-১৩ অর্থবছরের সংশোধিত বাজেটে এ খাতের বরাদ্দ প্রায় ৩০০ কোটি টাকা কমিয়ে দেওয়া হয়েছে। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বাজেট বক্তৃতায় রেলপথ নিয়ে মহাপরিকল্পনার কথা জানান। এ বিষয়ে অর্থ মন্ত্রণালয় ‘রেল যোগাযোগ ব্যবস্থা: বর্তমান ও ভবিষ্যত’ শিরোনামে আলাদা একটি পুস্তিকা পর্যন্ত প্রকাশ করেছে। অর্থমন্ত্রী আগামী অর্থবছরের বাজেটে যোগাযোগ ও রেলপথ খাতে উন্নয়ন ও অনুন্নয়ন মিলে বরাদ্দ ১৮ হাজার ২৩২ কোটি ৭৩ লাখ টাকা বরাদ্দের প্রস্তাব করেন। এর মধ্যে রেলপথ মন্ত্রণালয়ের জন্য পাঁচ হাজার ৫৮৯ কোটি, পরিবহন ও যোগাযোগ মন্ত্রণালয়ের জন্য পাঁচ হাজার ৫৫০ কোটি এবং পদ্মা সেতুর জন্য ছয় হাজার ৮৫২ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। এদিকে চলতি অর্থবছরে বাজেটে রেলের জন্য চার হাজার ৯০০ কোটি টাকার প্রস্তাব ছিল। তবে সংশোধিত বাজেটে তা চার হাজার ৬১২ কোটিতে নামিয়ে আনা হয়। সেই হিসাবে রেলের উন্নয়ন কিংবা মহাপরিকল্পনা বাস্তবায়নে চলতি অর্থবছর থেকে আগামী অর্থবছরে ৯৭৭ কোটি টাকা বেশি বরাদ্দ রাখলেন অর্থমন্ত্রী। অর্থমন্ত্রী বলেন, ‘মহাপরিকল্পনা বাস্তবায়নে এশীয় উন্নয়ন ব্যাংক, বিশ্বব্যাংক, চীন ও ভারতের সহায়তা নিতে পদক্ষেপ নিচ্ছি। আগামী পাঁচ বছর হবে এই পরিকল্পনা বাস্তবায়নের সময়। এই প্রস্তুতির জন্য বিশেষ বরাদ্দের প্রস্তাব পেশ করছি।’ অর্থমন্ত্রী বলেন, মহাপরিকল্পনার অংশ হিসেবে ভারত, নেপাল ও ভুটানের সঙ্গে রেল যোগাযোগের উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে ট্রান্স এশিয়ান রেলপথ চালুর লক্ষ্যে সমীক্ষা ও নকশা চূড়ান্তের কাজ চলছে। তিনি আরও বলেন, দেশের ভেতর রেল যোগাযোগ বৃদ্ধির জন্য ঢাকা-চট্টগ্রাম রেলওয়ে করিডরকে দ্বৈত লাইনে উন্নীত করার কাজ চলছে। এ ছাড়া দ্বিতীয় ভৈরব ও তিতাস সেতু এবং বঙ্গবন্ধু সেতুর সমান্তরালে একটিসহ সারা দেশে আরও কয়েকটি রেলসেতু নির্মাণের সম্ভাব্যতা সমীক্ষা ও নকশা তৈরির কাজ চলছে। চলতি মেয়াদে সরকার রেলের উন্নয়নে কী কী করেছে তার ফিরিস্তি দেন অর্থমন্ত্রী। তিনি বলেন, গত চার বছরে বিভিন্ন উন্নয়ন-সহযোগী ও সরকারের নিজস্ব অর্থায়নে প্রায় ২৪ হাজার কোটি টাকা ব্যয়ে ৫০টি নতুন ও সংশোধিত প্রকল্প গ্রহণ করা হয়েছে। এই সময়ে ৪৫টি নতুন ট্রেন ও ২২টি ট্রেনের সেবা বর্ধিত হয়েছে।