রেলের জমিতে বাড়ি ও রাজনৈতিক কার্যালয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর বনানী থেকে মহাখালী রেলক্রসিং পর্যন্ত অন্তত ৮০টি বাড়ির প্রতিটির একাংশ নির্মাণ করা হয়েছে রেলওয়ের জমিতে। এর মধ্যে ৬৬টি বাড়ি পাকা, ১৪টি আধাপাকা। পাকা বাড়িগুলো দোতলা থেকে দশতলা পর্যন্ত। এসব বাড়ির যে অংশ রেলওয়ের জায়গায় পড়েছে তা দ্রুত ভেঙে ফেলার জন্য নোটিশ দিয়েছে রেলওয়ে। এর মধ্যে আওয়ামী যুবলীগ, শ্রমিক লীগসহ আওয়ামী লীগের কয়েকটি সহযোগী সংগঠনের কার্যালয়ও রয়েছে। রেলওয়ে সূত্র জানায়, দীর্ঘদিন ধরেই বনানী থেকে মহাখালী পর্যন্ত রেললাইন ঘেঁষে রেলের জায়গা দখল হচ্ছে। সারা দেশের মতো এই জমি উদ্ধারে রেল কর্তৃপক্ষ কার্যকর উদ্যোগ নেয়নি। রাজধানীর যানজট নিরসনে ঢাকা উড়ালপথ নির্মাণের উদ্যোগ নেওয়া হলে এই অবৈধ দখলের বিষয়টি সামনে চলে আসে। এখন দখলমুক্ত করার জন্য তোড়জোড় শুরু হয়েছে। এই এলাকা দিয়েই উড়ালপথ হবে। সম্প্রতি রেলওয়ের ঢাকা বিভাগীয় ব্যবস্থাপক নিজামউদ্দিন ও বিভাগীয় ভূসম্পত্তি কর্মকর্তা আহমদুল হক এ সংক্রান্ত সরেজমিন প্রতিবেদন তৈরি করে রেলভবনে জমা দিয়েছেন। শিগগিরই অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান শুরু হবে বলে জানিয়ে আহমদুল হক বলেন, রেলভূমিতে সীমানাপ্রাচীর না থাকায় সাময়িকভাবে সেগুলো অবৈধ দখলে চলে যায়। কয়েক দিন পরপর অভিযান চালিয়ে জমি উদ্ধারও করা হয়। দখলকারীদের অবৈধ স্থাপনা দ্রুত ভেঙে ফেলার নোটিশ দেওয়া হয়েছে। না ভাঙলে তাঁরাই ভেঙে দেবেন। রেলওয়ে সূত্র জানায়, বাড়িগুলোর বেশির ভাগই ব্যক্তিমালিকানাধীন। নিজস্ব জমিতে বাড়ি তৈরি করতে গিয়ে ২০ থেকে সাড়ে ৬০০ বর্গফুট পর্যন্ত রেলের জমি দখল করা হয়েছে। অনেক বাড়ির ভিত্তির একাংশ রেলের জায়গায় পড়েছে। অল্প কিছু বহুতল বাড়ির মালিক অনেকটা চাতুর্যের সঙ্গে ভিত্তি নিজের জমিতে রেখে ওপরে রেলের জমির ওপর ভবন সম্প্রসারণ করেছেন। এসব ভবনের অধিকাংশ বাসাবাড়ি, কিছু বাণিজ্যিক ভবন ও দোকান।মহাখালী ভূমি ও দোকান মালিক কল্যাণ সমিতির ব্যানারে উচ্ছেদ কার্যক্রম না চালানোর বিষয়ে তৎপরতা চলছে। সমিতির সভাপতি এ টি এম গোলাম কিবরিয়া প্রথম আলোকে বলেন, রেলের দু-এক ফুট জায়গায় তাদের স্থাপনা পড়েছে। কিছু ভেঙে ফেলা হয়েছে। তবে তাদের স্থাপনার সঙ্গে লাগোয়া পয়োনিষ্কাশনের নালা ও কাঁচা রাস্তা আছে। রেল তো রাস্তা বা পয়োনিষ্কাশন নালা বন্ধ করতে পারবে না। তার পরও রেলের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে, যাতে যেসব জায়গায় তাদের স্থাপনা পড়েছে সেটুকু যেন ইজারা দেওয়া হয়। সরেজমিনে দেখা গেছে, রেললাইনের পশ্চিম পাশে মহাখালী ডিওএইচএস আবাসিক এলাকা। পূর্ব দিকে পায়ে হাঁটার কাঁচা রাস্তা। এই পূর্ব দিকেই মহাখালী থেকে বনানী পর্যন্ত রেললাইন ও বিমানবন্দর সড়কের মাঝখানে এসব বাড়ির অবস্থান। রেলওয়ে থেকে নোটিশ পাওয়ার পর দু-একটি স্থাপনার মালিক নিজ উদ্যোগে কিছু কিছু অংশ ভেঙে ফেলেছেন। তবে তা যথেষ্ট নয় বলে রেলওয়ের ভূসম্পত্তি বিভাগের একজন কর্মকর্তা জানান। এ ছাড়া মহাখালী রেলক্রসিংয়ের কাছাকাছি রেললাইন ঘেঁষে অবৈধভাবে প্রায় ২০০ দোকান গড়ে উঠেছে। একটি আধাপাকা ভবনে স্থানীয় যুবলীগ ও শ্রমিক লীগ কার্যালয় করেছে। স্থানীয় দোকানদারেরা জানান, কাঁচা ঘরে তৈরি দোকানগুলো করার অনুমোদন দিয়েছেন যুবলীগ ও শ্রমিক লীগের নেতারাই। তাঁরা মাসে মাসে এখান থেকে চাঁদাও নেন। রেলওয়ের একজন কর্মকর্তা বলেন, ব্যক্তিমালিকানাধীন বাড়িগুলোর অবৈধ অংশ ভাঙা সম্পন্ন হলে রাজনৈতিক কার্যালয় ও দোকান তুলে দেওয়া হবে। এগুলোও উড়ালপথ প্রকল্প এলাকায় পড়েছে। মহাখালী এলাকার দোকানদার এনামুল হক বলেন, রেলের লোক জায়গা মেপে গেছেন। কিছু ঘরবাড়ি রেলের জায়গায় পড়েছে—এমনটা জানিয়ে সেসব ভেঙে ফেলতে বলেছেন। প্রায় ২৬ কিলোমিটার দীর্ঘ ঢাকা উড়ালপথ রেললাইন ঘেঁষে হবে। উড়ালপথটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কাছ থেকে শুরু হয়ে বনানী, মহাখালী, তেজগাঁও, মগাবাজার, মালিবাগ, কমলাপুর ও সায়েদাবাদ হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুতুবখালীতে গিয়ে শেষ হবে। এই পথটির প্রায় পুরোটাই রেলওয়ের জমির ওপর। সায়েদাবাদ এলাকায় কিছু জমি অধিগ্রহণ করতে হবে। সরকারি-বেসরকারি যৌথ বিনিয়োগে (পিপিপি) যোগাযোগ মন্ত্রণালয়ের সেতু বিভাগ এই উড়ালপথ প্রকল্প বাস্তবায়ন করছে। বিনিয়োগকারী ইটাল-থাই ডেভেলপমেন্ট কোম্পানি। আগামী এক মাসের মধ্যে উড়ালপথ প্রকল্পের নির্মাণকাজ উদ্বোধন করার কথা। উড়ালপথ প্রকল্পের জমি দেবে সরকার। এই জমি তিন দফায় বিনিয়োগকারী কোম্পানিকে বুঝিয়ে দিতে হবে। প্রথম দফা অর্থাৎ বিমানবন্দর থেকে তেজগাঁও পর্যন্ত জমি বুঝিয়ে দিতে হবে এক বছরের মধ্যে। কারণ, এই অংশেই প্রথম কাজ শুরু হবে। এই অংশের প্রায় পুরোটাই রেলওয়ের জমির ওপর হবে। দ্বিতীয় দফায় তেজগাঁও থেকে কমলাপুর পর্যন্ত এবং তৃতীয় দফায় কমলাপুর থেকে যাত্রাবাড়ীর কুতুবখালী পর্যন্ত জমি বুঝিয়ে দিতে হবে। রেলওয়ের কয়েকজন কর্মকর্তা জানান, বিমানবন্দর থেকে তেজগাঁও পর্যন্ত রেলওয়ের জমির বেশির ভাগই দখলমুক্ত আছে। বনানী থেকে মহাখালী পর্যন্ত উল্লিখিত ৮০টি বাড়ির একাংশ রেলের জায়গায় পড়েছে। এ ছাড়া খিলক্ষেতে একটি মসজিদ পড়েছে। মসজিদটি না ভেঙে পাশ কাটিয়ে উড়ালপথ করা হবে। যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন প্রথম আলোকে বলেন, উড়ালপথের কাজ দ্রুত শেষ করতে হবে। বেসরকারি জমি অধিগ্রহণ করতে গেলে সময় বেশি লাগত। রেলওয়ের জমিতে কিছু অবৈধ স্থাপনা থাকতে পারে। সেগুলো দ্রুত উচ্ছেদের জন্য রেলওয়েকে নির্দেশ দেওয়া হয়েছে।