প্রণব মুখার্জি আসছেন, ভারতের ঋণসহায়তা চুক্তি শনিবার
রেলের পাঁচটি প্রকল্প দ্রুত বাস্তবায়ন হবে
ভারতীয় ১০০ কোটি ডলারের ঋণসহায়তার আওতায় যোগাযোগ-অবকাঠামোর যেসব প্রকল্প বাস্তবায়নের কথা রয়েছে, তার পাঁচটিই রেলওয়ে-সংক্রান্ত। ভারতের ঋণসহায়তায় যোগাযোগ-অবকাঠামো ও নদী খননের জন্য প্রায় ১৪টি প্রকল্প চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় আছে। এ প্রকল্পগুলোর মধ্যে রেলের বগি, ইঞ্জিন কেনা ও রেলসেতু নির্মাণসংক্রান্ত প্রকল্পগুলো বাস্তবায়ন হবে অগ্রাধিকার ভিত্তিতে। আগামী দুই থেকে তিন মাসের মধ্যেই রেলের এ প্রকল্পগুলো বাস্তবায়ন করা শুরু হবে। ঢাকা ও দিল্লির কূটনৈতিক সূত্র এবং যোগাযোগ মন্ত্রণালয় ও অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) কর্মকর্তারা গতকাল বুধবার প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছেন।গত জানুয়ারিতে দিল্লি শীর্ষ বৈঠকে ভারতের প্রতিশ্রুত ১০০ কোটি ডলারের ঋণসহায়তা চুক্তি ৭ আগস্ট বিকেলে ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সই হতে যাচ্ছে। অর্থনৈতিক সম্পর্ক বিভাগ ও ভারতের এক্সপোর্ট ইম্পোর্ট ব্যাংক চুক্তিটি সই করবে। ভারতের অর্থমন্ত্রী প্রণব মুখার্জি এ অনুষ্ঠানে উপস্থিত থাকার লক্ষ্যে ওই দিন বিকেলে ঝটিকা সফরে ঢাকা আসছেন। ঢাকা এসেই তিনি অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ও পররাষ্ট্রমন্ত্রী দীপু মনির সঙ্গে যমুনায় বৈঠক করবেন। এরপর তিনি গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। রাত আটটায় তাঁর ঢাকা ছাড়ার কথা। অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মোশাররফ হোসেন ভূঁইয়া বলেন, ভারতের ঋণসহায়তায় ১৪টি প্রকল্পের ব্যাপারে সম্মতি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেগুলো এখন জাতীয় অর্থনৈতিক পরিষদের (একনেক) চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় আছে। এ মাসের মধ্যেই সেগুলো চূড়ান্ত হওয়ার কথা।ইআরডির সচিব জানান, আগামী শনিবার ঋণসহায়তার মূল চুক্তিটি সই হবে। এরপর প্রতিটি প্রকল্পের জন্য আলাদা চুক্তি হবে। আর প্রকল্প বাস্তবায়ন করা হবে অগ্রাধিকার ভিত্তিতে। দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার তারেক এ করিম জানিয়েছেন, ঋণসহায়তার আওতায় যে প্রকল্পগুলো অনুমোদিত হবে, সেগুলো খুব শিগগির বাস্তবায়নের পদক্ষেপ নেবে ভারতীয় কর্তৃপক্ষ। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, আগস্টে চূড়ান্ত অনুমোদন পেলে পরবর্তী দুই মাসের মধ্যে সেগুলোর বাস্তবায়ন শুরুর আভাস দিয়েছে ভারত। প্রথম আলোর দিল্লি প্রতিনিধিও সেখানে বিভিন্ন সরকারি সূত্রের সঙ্গে কথা বলে এ তথ্য জানিয়েছেন। রেলের পাঁচ প্রকল্প: ঋণের আওতায় যে পাঁচটি প্রকল্প নেওয়া হচ্ছে, তার চারটি সরঞ্জাম কেনা এবং অন্যটি রেলসেতু নির্মাণসংক্রান্ত। প্রকল্পগুলোর প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ২৫৮ দশমিক ৩৬ মিলিয়ন ডলার বা এক হাজার ৭৭৯ কোটি টাকা। এই প্রকল্পগুলো হচ্ছে ১০টি নতুন ইঞ্জিন কেনা, ১২৫টি যাত্রীবাহী বগি সংগ্রহ, জ্বালানি তেল পরিবহনের জন্য ১৮০টি ব্রডগেজ ট্যাংক ওয়াগন ও বগি ব্রেক ভ্যান সংগ্রহ, কনটেইনার পরিবহনের জন্য ৫০টি মিটারগেজ ফ্লাট ওয়াগান বগি ব্রেক ভ্যান সংগ্রহ এবং ব্রাহ্মণবাড়িয়া ও আশুগঞ্জে দুটি রেলসেতু নির্মাণ।বাংলাদেশ রেলওয়ে সূত্রে জানা গেছে, চূড়ান্ত অনুমোদনের আগেই এসব প্রকল্পের দরপত্র কার্যক্রম শুরু করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। কারণ সরকার আগামী অর্থবছরে বেশ কয়েকটি বিদ্যুৎকেন্দ্রের নির্মাণকাজ শুরু করবে। এসব বিদ্যুৎকেন্দ্রের যন্ত্রপাতি ও মালামাল রেলওয়ের মাধ্যমে পরিবহন করা হবে।তবে ব্রাহ্মণবাড়িয়া ও আশুগঞ্জে দুটি রেলসেতু নির্মাণে কত সময় লাগবে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। এই দুটি সেতুর মধ্যে একটি ভৈরবে মেঘনা নদীর ওপর বর্তমানে যে সেতু রয়েছে তার পাশেই হবে। অন্যটি হবে তিতাস নদীর ওপর। সেখানেও একটি সেতু আছে। দুটি সেতুর জন্যই আলাদা সংযোগ রেলপথ নির্মাণ করা হবে।রেলওয়ের কর্মকর্তারা জানান, বর্তমানে রেলওয়ের পূর্বাঞ্চলে যে রেলপথ ও রেলসেতু আছে, সেগুলো দিয়ে আশুগঞ্জ বন্দরের পুরোপুরি সদ্ব্যবহার করা যাবে না। তাই এ দুটি সেতু নির্মাণে জোর দেওয়া হয়েছে।১৪ প্রকল্প: প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতীয় ঋণের আওতায় যে ১৪টি প্রকল্প অনুমোদন করেছেন, সেগুলোর মধ্যে ১০টি যোগাযোগ মন্ত্রণালয়ের এবং অন্য চারটি পানিসম্পদ, নৌপরিবহন, বিদ্যুৎ ও শিল্প মন্ত্রণালয়ের অধীনে বাস্তবায়ন করা হবে। রেলওয়ের পাঁচটি প্রকল্প ছাড়াও যোগাযোগ মন্ত্রণালয়ের অন্য প্রকল্পগুলো হচ্ছে: বিআরটিসির জন্য সাড়ে ৩০০ বাস কেনা, সরাইল-ব্রাহ্মণবাড়িয়া-চিনাইর-আখাউড়া-সোনারদী স্থলবন্দর সড়ককে জাতীয় মহাসড়কে উন্নীত করা, জুরাইন রেলক্রসিংয়ে ওভারপাস নির্মাণ, রামগড়-সাবরুম স্থলবন্দর সংযোগ সড়ক উন্নয়ন, বিদ্যুৎ মন্ত্রণালয়ের অধীন ভেড়ামারা-বহরমপুর সঞ্চালন লাইন নির্মাণ এবং শিল্প মন্ত্রণালয়ের অধীনে বিএসটিআইয়ের ল্যাবরেটরির আধুনিকায়ন। রেলের নতুন প্রস্তাব: মংলা বন্দরের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্থাপন করতে ওই পাঁচ প্রকল্প ছাড়াও নতুন একটি প্রকল্প বাস্তবায়নের প্রস্তাব রেখেছে রেলওয়ে। গত মাসে ভারতীয় ঋণে বাস্তবায়নের জন্য অনুমোদিত ১৪টি প্রকল্পের সঙ্গে খুলনা-মংলা বন্দর পর্যন্ত রেলপথ নির্মাণ প্রকল্পটিও যুক্ত করতে চিঠি দিয়েছে রেল কর্তৃপক্ষ। এই প্রকল্পে ব্যয় ধরা হয়েছে এক হাজার ৭২৫ কোটি টাকা। এই উন্নয়ন প্রকল্পের প্রস্তাব (ডিপিপি) বর্তমানে পরিকল্পনা কমিশনে রয়েছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে মংলা বন্দরের সদ্ব্যবহার করা যাবে।একনেকে চূড়ান্ত অনুমোদনের জন্য যে ১৪টি প্রকল্প বিবেচনাধীন তার প্রাক্কলিত ব্যয় ৬১ কোটি ডলার। অর্থাৎ ভারতের প্রতিশ্রুত ১০০ কোটি ডলারের ঋণসহায়তার আওতায় আরও ৩৯ কোটি ডলারের নতুন প্রকল্প নেওয়া যাবে।প্রণবের আলোচনায় রেল প্রসঙ্গ: প্রণব মুখার্জির সফরের সময় রেল যোগাযোগের বেশ কয়েকটি বিষয় নিয়ে অগ্রগতি হতে পারে। এগুলোর মধ্যে রয়েছে: ভারত হয়ে নেপালের সঙ্গে রেল যোগাযোগ স্থাপন, ভারতীয় কনটেইনার ট্রেন যমুনা সেতু হয়ে ঢাকাসহ দেশের পূর্বাংশে চলাচল, আশুগঞ্জ বন্দরের সঙ্গে সংযোগকারী রেল ও সড়কপথের উন্নয়ন। সূত্র জানায়, নেপালের সঙ্গে রেল যোগাযোগের লক্ষ্যে বিরল-রাধিকাপুর রেলপথের সংস্কারে একটি প্রকল্প নিয়েছে রেলওয়ে। বর্তমানে এই রেলপথের সম্ভাব্যতা যাচাই করা হচ্ছে। আশুগঞ্জ বন্দর ব্যবহারের জন্য যে সড়ক ব্যবহার করা হবে, তাতে যেসব রেলক্রসিং হবে সেগুলোর উন্নয়নেও প্রকল্প নিয়েছে রেলওয়ে।বঙ্গবন্ধু সেতু দিয়ে ভারতীয় পণ্যবাহী কনটেইনার পরিবহনের জন্য ভারত গত বছর প্রস্তাব দিয়েছিল। কিন্তু সেতুর ফাটলের কথা বিবেচনা করে সেতু কর্তৃপক্ষ এতে আপত্তি জানায়। পরে রেলওয়ের একটি বিশেষজ্ঞ কমিটি পরীক্ষা করে জানায়, দুই ধরনের কনটেইনার সেতু দিয়ে চলাচল করতে পারবে। এতে সেতুর কোনো ক্ষতি হবে না।