রেলের বাসাবাড়ি সন্ত্রাসীদের দখলে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের গুরুত্বপূর্ণ রেল শহর পার্বতীপুরে রেলের প্রায় দেড় হাজার আবাসিক কোয়ার্টারের বেশির ভাগই এখন অবৈধ দখলদারের কবলে। রেলের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তাদের অসহায়ত্বের মুখে এসব বাসাবাড়ি এখন নিয়ন্ত্রণ করছে সরকারি দলের সন্ত্রাসীরা। যখন যে দল ক্ষমতায় আসে, তখন সে দলের সন্ত্রাসীরা এগুলো নিয়ন্ত্রণ করে। এভাবে দীর্ঘদিন ধরেই পার্বতীপুরে রেলের কোয়ার্টারের দখল নিয়ে অরাজকতা চলছে। রেলের সংশ্লিষ্ট সূত্র জানায়, ব্রিটিশ আমলে দেশের অন্যতম প্রধান (জংশন) এই রেলস্টেশন গড়ে তোলা হয়। এখানকার কর্মচারীদের আবাসিক-সুবিধা দিতে ব্রিটিশ আমলেই পার্বতীপুর শহরের সাতটি এলাকায় এক হাজার ৩৯৪ ইউনিট আবাসিক কোয়ার্টার গড়ে তোলা হয়। ৩১ অক্টোবর পার্বতীপুর রেলের গণপূর্ত বিভাগের ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী হাসান আলী জানান, হলদিবাড়ী কলোনির ১৩৬টি কোয়ার্টারের সব কটি এখন অবৈধ দখলে। এর মধ্যে টি-১৯৩ (ই) নম্বর বাসায় বসবাস করছেন বর্তমানে রেলে কর্মরত সৈয়দপুর রেল কারখানা খালাসি আজিজুল আলম, টি-২৭৮ (এফ) নম্বর বাসায় আছেন পার্বতীপুর রেলস্টেশনের কম্পিউটার অপারেটর (ট্রাফিক) আবদুল মুয়িদ, টি-২৯২ (বি) নম্বর বাসায় আছেন পার্বতীপুর রেলস্টেশনের সহকারী স্টেশন মাস্টার আবুল কালাম, টি-২৫৯ (সি) নম্বর বাসায় আছেন রেলওয়ের নিরাপত্তা বাহিনীর সদস্য আবদুল জলিল ছাড়াও ২৫-৩০ জন রেল কর্মচারী অবৈধভাবে এখানকার বিভিন্ন বাসায় অবস্থান করছেন। নিউ কলোনি এলাকায় ১৮ ইউনিটের দুটি তিনতলা ভবনসহ সেখানকার ১৫৫ ইউনিট আবাসিক কোয়ার্টারের প্রায় পুরোটাই বেদখল হয়ে গেছে। বাবুপাড়া ও সাহেবপাড়া কলোনির ৫০ ইউনিটের বাংলোগুলোর অধিকাংশই অবৈধ দখলদারদের কবজায়।কালীবাড়ী, রহমত নগর ও পাওয়ার হাউস কলোনির নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন বাসিন্দা জানান, শহরের রেল কলোনির বাসাবাড়িগুলো নিয়ন্ত্রণ করছে শহরের কালীবাড়ী ও পুরাতন বাজার মহল্লার জনি, সুমন, কুসুম, সুভ্র, মুন্না, চুন্নু ও ছোট জাহাঙ্গীর নামের সন্ত্রাসী চক্রটি। যখন যে দল ক্ষমতা আসে, সেই দলের ছত্রচ্ছায়ায় তারা এসব বাড়ির দখলদারি বজায় রাখে। কোনো রেল কর্মচারী বাসা ছেড়ে দিলেই এসব সন্ত্রাসী তালা লাগিয়ে সেটি নিজেদের নিয়ন্ত্রণে নেয়। পরে নির্দিষ্ট পরিমাণ অর্থের বিনিময়ে বাসাটি অবৈধ কোনো বসবাসকারীর হাতে তুলে দেয়। এমনকি বৈধভাবে কেউ বাসায় উঠলেও তাদের মোটা অঙ্কের চাঁদা দিতে হয় বলে নাম প্রকাশে অনিচ্ছুক চতুর্থ শ্রেণীর এক ভুক্তভোগী রেল কর্মচারী জানান।বাসাবাড়িগুলো রক্ষণাবেক্ষণ ও সংস্কারের দায়িত্বে নিয়োজিত রেলওয়ের পূর্ত বিভাগ সূত্র জানায়, কেবল বৈধভাবে বসবাসকারী রেলের কর্মচারীদের বাসা সংস্কার ও রক্ষণাবেক্ষণ করা হয়ে থাকে। ফলে অবৈধ দখলদারদের অধীনে থাকা বাসাগুলো দীর্ঘদিন ধরে সংস্কার করা হচ্ছে না। ফলে এগুলো ক্রমেই বসবাসের অনুপযোগী হয়ে পড়ছে। একইভাবে কোনো তদারকি না থাকায় অনেক বাসার ইট, কাঠ, দরজা, জানালা চুরি হয়ে যাচ্ছে বলে রেল কর্মচারীরা জানান।পার্বতীপুরে রেলওয়ের পূর্ত বিভাগের সহকারী নির্বাহী প্রকৌশলী এস এম ফজলুর রহমান এখানকার অধিকাংশ বাসাবাড়ি অবৈধ দখলদারদের কবলে চলে যাওয়ার কথা স্বীকার করে বলেন, ‘আমাদের দায়িত্ব বাসাবাড়ি সংস্কার ও রক্ষণাবেক্ষণ করা, দখল মুক্ত করা নয়। তার পরও প্রতিবছর বাসাগুলোর সর্বশেষ পরিস্থিতি জানিয়ে পাকশীর বিভাগীয় প্রকৌশলীকে আমরা রিপোর্ট করি।’সহকারী নির্বাহী প্রকৌশলী আরও জানান, রেলের কর্মচারীদের বাসা ভাড়া বাবদ মূল বেতনের শতকরা ৪৫ ভাগ কাটা হয়। অথচ এর ৪ ভাগের ১ ভাগ টাকায় শহরে এর চেয়ে ভালো মানের বাসা ভাড়া পাওয়া যায়। তাই রেলের কর্মচারীরা সরকারি বাসাগুলো ছেড়ে দিচ্ছেন। তা ছাড়া অবসর ও অন্যান্য কারণে রেলওয়ের জনবল সংকুচিত হওয়ায় প্রতিবছর অনেক বাসা খালি হচ্ছে।একই বিষয়ে পাকশীর বিভাগীয় প্রকৌশলী আহম্মদ হোসেন মুঠোফোনে জানান, অতিরিক্ত বাসা ভাড়ার কারণে রেলের কর্মচারীরা এসব বাসায় থাকতে চান না। তা ছাড়া অবৈধ দখলদার উচ্ছেদ করা গেলেও এসব খালি বাসায় পুনর্দখল রোধ করাও খুব কঠিন। অন্যদিকে, রেলের বাসায় অবৈধভাবে থাকা রেলের কর্মচারীদের ব্যাপারে তিনি জানান, খোঁজ নিয়ে তালিকা করে ওই কর্মচারীদের বিরুদ্ধে বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা নিতে সুপারিশ করা হবে।