রেলের যাত্রী ও মালামাল পরিবহনের ভাড়া ৫০ শতাংশ বাড়ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতিমধ্যে ভাড়া বাড়ানোর প্রস্তাব অনুমোদন করেছেন। দুই-এক দিনের মধ্যে আনুষ্ঠানিকভাবে বর্ধিত ভাড়ার হার ঘোষণা করবে রেলপথ মন্ত্রণালয়। রেলপথ মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, বর্তমানে রেলের ভিত্তি ভাড়া প্রতি কিলোমিটারে যাত্রীপ্রতি ২৪ পয়সা। নতুন ভাড়ার হার কার্যকর হলে প্রতি কিলোমিটারে যাত্রীপ্রতি ভাড়া হবে ৩৬ পয়সা। কনটেইনার ও পার্সেলের ক্ষেত্রেও ভাড়া ৫০ শতাংশ বাড়বে। বর্ধিত ভাড়ার এ হার আগামী ১ অক্টোবর থেকে কার্যকর হবে। এর আগে সর্বশেষ রেলের যাত্রী ও মালামাল পরিবহনের ভাড়া বাড়ানো হয়েছিল ১৯৯২ সালে। এরপর আর যাত্রীভাড়া বৃদ্ধি পায়নি। তবে ১৯৯৭ সালে কনটেইনারের মাশুল আংশিক বাড়ানো হয়েছিল। রেলপথ মন্ত্রণালয় সূত্র জানায়, বর্তমান সরকারের আমলে যোগাযোগ মন্ত্রণালয়ে চারবার রেলের ভাড়া বৃদ্ধির প্রস্তাব পাঠানো হয়। তবে তা অনুমোদন হয়নি। গত বছর নভেম্বর মাসে যোগাযোগকে ভেঙে আলাদা রেলপথ মন্ত্রণালয় করার পর আবার ভাড়া বাড়ানোর প্রস্তাব করা হয়। প্রক্রিয়ার ধারাবাহিকতায় প্রধানমন্ত্রীর দপ্তর প্রস্তাবটি অনুমোদন করে গত ২৬ আগস্ট রেলপথ মন্ত্রণালয়ে পাঠায়। মন্ত্রণালয় গতকাল বুধবার এ বিষয়ে পরিপত্র জারির প্রক্রিয়া শুরু করেছে। রেলপথ মন্ত্রণালয় সূত্র জানায়, কম দূরত্ব ও বেশি দূরত্বের মধ্যে সমন্বয় করে ৫০ শতাংশ ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত হয়েছে। সে ক্ষেত্রে কম দূরত্বে যাত্রী এবং মালামাল পরিবহনে বেশি দূরত্বের তুলনায় কিছু বাড়তি ভাড়া গুনতে হবে। নতুন ভাড়া হার অনুযায়ী, আন্তনগর ট্রেনের সুলভ শ্রেণীতে সর্বনিম্ন ভাড়া হবে ২৫ টাকা। আগে এই শ্রেণীর ভাড়া ছিল ২০ টাকা। শীতাতপনিয়ন্ত্রিত কক্ষের আসনের সর্বনিম্ন ভাড়া ৭০ টাকা থেকে বেড়ে ৮০ টাকা হবে। শীতাতপনিয়ন্ত্রণহীন স্লিপারের (ঘুমিয়ে যাওয়ার) সর্বনিম্ন ভাড়া ৮৫ টাকা থেকে ১০০ টাকা এবং শীতাতপনিয়ন্ত্রিত স্লিপারের ভাড়া ১০৫ টাকা থেকে ১২০ টাকা করা হয়েছে। রেলের মহাপরিচালক আবু তাহের প্রথম আলোকে বলেছেন, দুই-এক দিনের মধ্যে ভাড়া বাড়ানোর বিষয়ে পরিপত্র হতে পারে। এরপর প্রতিটি স্টেশনের জন্য আলাদা আলাদা ভাড়ার তালিকা হবে। টিকিট নতুন করে তৈরি করতে হবে। এসব কাজ করে কার্যকর করতে এক মাস সময় লাগতে পারে। ভাড়া বৃদ্ধি পেলে সেবা বৃদ্ধির কোনো কার্যক্রম নেওয়া হবে কি না—জানতে চাইলে মহাপরিচালক বলেন, ‘সেবা সব সময় বাড়ানো হচ্ছে। আরও বাড়ানো হবে।’সূত্র জানায়, মন্ত্রণালয় থেকে পাঠানো ভাড়া বাড়ানোর প্রস্তাবে সেবা বৃদ্ধির কথা বলা হয়নি। তবে রেলওয়ে কর্মকর্তারা বলছেন, ভাড়া বাড়ানোর ফলে সরকারের রাজস্ব বৃদ্ধি পাবে। সে অনুযায়ী বরাদ্দ বাড়ালেই সেবাও বাড়বে।জ্বালানি ও খুচরা যন্ত্রাংশের মূল্য বৃদ্ধি এবং কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা বৃদ্ধির কারণে এই ভাড়া বৃদ্ধির প্রস্তাব করা হয়েছে বলে মন্ত্রণালয় উল্লেখ করে। প্রস্তাবে বলা হয়, ১৯৯২ সালের পর জ্বালানির মূল্য ৪২০ শতাংশ এবং খুচরা যন্ত্রাংশের মূল্য ৩৬০ শতাংশ বেড়েছে। এ জন্য রেলের লোকসান দিন দিন বৃদ্ধি পেয়েছে। রেলের কিছু কিছু কর্মকর্তা মনে করছেন, ভাড়া বৃদ্ধি পেলে উত্তরবঙ্গসহ কিছু এলাকার যাত্রী কমে যেতে পারে।ভাড়া বাড়লে বাড়বে আয়: বর্তমানে রেল প্রতিবছর সাড়ে ৫০০ কোটি টাকা লোকসান গুনছে। বর্ধিত ভাড়া কার্যকর হলে বছরে ২৭৭ কোটি টাকা বাড়তি আয় হবে বলে রেল কর্তৃপক্ষ হিসাব করে দেখেছে। রেলওয়ের হিসাব অনুযায়ী, ২০১০-১১ অর্থবছরে ছয় কোটি ৩৫ লাখ যাত্রী পরিবহন করে আয় হয় ৩২১ কোটি টাকা। যাত্রীসংখ্যা অপরিবর্তিত থাকলে এবং বর্ধিত ভাড়া কার্যকর হলে চলতি অর্থবছরে যাত্রী পরিবহনে ১৬১ কোটি টাকা আয় বাড়বে। ভাড়া বাড়ায় মালামাল পরিবহনে ৭৪ কোটি, পার্সেলে ২২ কোটি এবং বিবিধ খাতে ২০ কোটি টাকা আয় বাড়বে।