রেলের মালামাল চুরি ও মামলা
রেলের জায়গা দখল হওয়ার পাশাপাশি প্রতিনিয়ত ঘটছে চুরিসহ বিভিন্ন অপরাধমূলক ঘটনা। এর মধ্যে রয়েছে রেলের পাত চুরি, রেলের জমি থেকে গাছ কাটা, জমি দখল ও মাটি কেটে নেওয়া। বিভিন্ন সময়ে চোর ধরা পড়ে আর মামলাও হয়। আবার অনেক ক্ষেত্রে চোর ধরা পড়ে না। যে মামলাগুলো হয়, তাতে পুলিশের উদাসীনতা এবং সঠিক তদন্তের অভাবে পার পেয়ে যায় অপরাধীরা।গত ১০ বছরে রাজবাড়ীর বালিয়াকান্দি থানায় এ-সংক্রান্ত ১৪টি মামলা হয়েছে। অনুসন্ধানে দেখা গেছে, বালিয়াকান্দি থানা রেলের মামলা নিতেও উৎসাহী নয়। কিছু মামলা হলেও তার তদন্তে কোনো অগ্রগতি নেই।ফরিদপুরের মধুখালী থানায় এ-সংক্রান্ত ১৮টি মামলা হয়েছে। এখানে কিছু মামলার অগ্রগতি হয়েছে এবং অপরাধীরা গ্রেপ্তার হয়েছে। বোয়ালমারী থানায় এ-সংক্রান্ত ২৮টি মামলা হয়েছে। বর্তমানে এই থানা মামলা নিতে খুব একটা উৎসাহী নয়। গোপালগঞ্জের কাশিয়ানী থানায় এ-সংক্রান্ত ছয়টি মামলা হয়েছে। রেল রক্ষা কমিটির তৎপরতার কারণে কাশিয়ানী থানায় করা এসব মামলার অগ্রগতি হচ্ছে।মামলা-মোকদ্দমা ছাড়াও কালুখালী-ভাটিয়াপাড়া রেলপথে এ পর্যন্ত প্রায় ৬৪ লাখ টাকা মূল্যের রেলপাত খোয়া গেছে। এর মধ্যে সবচেয়ে বেশি খোয়া গেছে ফরিদপুরের বোয়ালমারী থানা এলাকায়। রেল রক্ষা কমিটির সূত্রে জানা গেছে, এ এলাকায় প্রায় ৪০ লাখ টাকা মূল্যের রেলপাতের কোনো হদিস নেই। মধুখালী থানা এলাকায় প্রায় ২০ লাখ টাকা মূল্যের রেলপাত উধাও হয়ে গেছে। গোপালগঞ্জের কাশিয়ানী থানাধীন অংশে রেলপাত হারিয়ে গেছে প্রায় তিন লাখ টাকা মূল্যের। রাজবাড়ীর বালিয়াকান্দি এলাকার প্রায় দুই লাখ টাকা মূল্যের রেলপাতের কোনো খবর নেই।