রেলের ১১ কর্মকর্তার বিরুদ্ধে দুদকের মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ রেলওয়ের বর্তমান ও সাবেক ১১ কর্মকর্তাসহ ১৬ জনের বিরুদ্ধে দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল বুধবার দুদক চট্টগ্রাম অঞ্চলের উপসহকারী পরিচালক মো. হুমায়ুন কবির বাদী হয়ে কোতোয়ালি থানায় এ দুটি মামলা করেন। নিয়মবহির্ভূতভাবে বেসরকারি প্রতিষ্ঠানকে রেলওয়ের ৭৬ হাজার ১১২ বর্গফুট জায়গা ইজারা দিয়ে সেখানে বহুতল ভবন নির্মাণের অভিযোগে এ ১৬ জনের বিরুদ্ধে মামলা হয়। আসামিরা হলেন: বাংলাদেশ রেলওয়ের চট্টগ্রাম পূর্বাঞ্চলের সাবেক মহাব্যবস্থাপক খান মো. আবদুর রব, সাবেক প্রধান যানবাহন ব্যবস্থাপক সুলতান আহমেদ তালুকদার, বর্তমান প্রধান যান্ত্রিক প্রকৌশলী আবদুল হালিম মিয়া, সাবেক হিসাবরক্ষণ কর্মকর্তা মো. শহীদ উল্ল্যাহ, জ্যেষ্ঠ সহকারী প্রকৌশলী আরফান উদ্দিন আহমেদ, নিরীক্ষক নাসির উদ্দিন আহমেদ, মো. সিরাজুল ইসলাম, সাবেক অতিরিক্ত মহাপরিচালক মো. মোখলেছুর রহমান, পূর্বাঞ্চলের সাবেক মহাব্যবস্থাপক মো. নুরুল আমিন, সাবেক অর্থ উপদেষ্টা মো. মাহতাব উদ্দিন ও সাবেক অতিরিক্ত মহাপরিচালক আনহার মাহমুদ। তাঁরা সবাই রেলওয়ে মেনস স্টোরসের (রেল কর্মকর্তাদের ক্লাব) পরিচালক। বেসরকারি নির্মাণ সংস্থার কর্মকর্তাদের মধ্যে আসামি হিসেবে রয়েছেন রেলওয়ে মেনস স্টোরের প্রধান নির্বাহী সৈয়দ শাহাব উদ্দিন শামীম, এটকো হোল্ডিং লিমিটেডের প্রকল্প পরিচালক প্রকৌশলী চৌধুরী আনিসুল হক, রিয়েল এস্টেট প্রাইভেট লিমিটেডের চেয়ারম্যান সালাউদ্দিন ইবনে আহম্মদ, ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শাহনেওয়াজ ও বসুধা বিল্ডার্সের চেয়ারম্যান আবদুল জব্বার খান। আসামিদের মধ্যে রেলওয়ের প্রথম সাত কর্মকর্তার বিরুদ্ধে বেসরকারি প্রতিষ্ঠান থেকে ৩০ লাখ টাকা নেওয়ার অভিযোগে মামলা করা হয়। রেলওয়ের জায়গায় ভবন নির্মাণের অনুমতি দিয়ে নির্মাণ সংস্থা রিয়েল এস্টেট প্রাইভেট লিমিটেডের কাছ থেকে ৩০ লাখ টাকা নেওয়ার অভিযোগে এ মামলা হয়। অন্য মামলায় ভবন নির্মাণের দায়ে প্রথম সাতজনসহ মোট ১৬ জনকে আসামি করা হয়। সরকারি হিসাবে ওই জায়গার বর্তমান সর্বনিম্ন মূল্য ২৭ কোটি ৩১ লাখ ৪৫ হাজার টাকা বলে মামলায় উল্লেখ করা হয়েছে। প্রথম মামলার বিবরণে বলা হয়, রেলওয়ের ৭৬ হাজার ১১২ বর্গফুট জায়গা ১৯৮৯ সালে রেলওয়ে থেকে রেলওয়ে মেনস স্টোরসকে দীর্ঘমেয়াদি বরাদ্দ দেওয়া হয়। এ সংগঠনের সদস্যরা বাংলাদেশ রেলওয়ের বর্তমান ও সাবেক কর্মকর্তা। বরাদ্দের একটি শর্তে বলা হয়, নিজস্ব উদ্যোগের বাইরে রেলওয়ের অনুমতি ছাড়া বরাদ্দকৃত জায়গায় কোনো ধরনের কাজ করতে দেওয়া যাবে না। কিন্তু রেলওয়ে মেনস স্টোরসের ১০৬৬তম সভায় ওই জায়গায় বহুতল ভবন ও সুপার মার্কেট নির্মাণের লক্ষ্যে নির্মাণ প্রতিষ্ঠান নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়। বিনিময়ে রিয়েল এস্টেট প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে প্রথম সাত আসামির নামে ১৫ লাখ টাকার দুটি পে-অর্ডার মেনস স্টোরসের বিপরীতে জমা হয়। ওই অর্থ তাঁরা ভাগবাটোয়ারা করে নেন বলে অভিযোগ করা হয়। দ্বিতীয় মামলার বিবরণে বলা হয়, রেলওয়ে মেনস স্টোরসের সঙ্গে চট্টগ্রামের রিয়েল এস্টেট প্রাইভেট লিমিটেডের জমি ইজারা নিয়ে চুক্তি হয়। এরপর রেলওয়ের ৭৬ হাজার ১১২ বর্গফুট জায়গায় বহুতল ভবন নির্মাণের জন্য রিয়েল এস্টেট ঢাকার নির্মাণ প্রতিষ্ঠান বসুধা বিল্ডার্সের সঙ্গে চুক্তি করে। বসুধা আরেক প্রতিষ্ঠান এটকো বিল্ডার্সকে নিয়ে নির্মাণকাজ শুরু করে। ২০০৪ সালের ৮ এপ্রিল রেলওয়ে পূর্বাঞ্চলের তৎকালীন প্রধান প্রকৌশলী হাবিব আহমদ এবং ২৯ এপ্রিল বিভাগীয় ভূমি কর্মকর্তা ওই জায়গায় ভবন নির্মাণ না করার জন্য রিয়েল এস্টেট, এটকো হোল্ডিংস এবং বসুধা বিল্ডার্স কর্তৃপক্ষকে চিঠি দেন। বাংলাদেশ রেলওয়ের প্রধান ভূ-সম্পত্তি কর্মকর্তাও ২০১০ সালের ১০ ফেব্রুয়ারি বসুধা বিল্ডার্সকে মার্কেট নির্মাণ বন্ধ করার জন্য চিঠি দেন। কিন্তু চিঠির প্রতি কোনো ধরনের তোয়াক্কা না করেই প্রতিষ্ঠানগুলো সেখানে বহুতল ভবন নির্মাণকাজ চালিয়ে যায় বলে এজাহারে অভিযোগ করা হয়।