রেশনিং চালুর দাবি ফখরুলের
নিম্ন আয়ের মানুষের জন্য রেশনিং চালুর দাবি জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম। তিনি বলেন, দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে অল্প আয়ের মানুষকে মানবেতর জীবন যাপন করতে হচ্ছে।জাতীয় প্রেসক্লাবের সামনে আজ রোববার জাতীয়তাবাদী রিকশা ও ভ্যান মালিক শ্রমিক সমন্বয় পরিষদ আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে মির্জা ফখরুল এসব কথা বলেন।তারেক রহমানের বিরুদ্ধে চক্রান্ত, দ্রব্যমূল্য বৃদ্ধি এবং রিকশা মালিক শ্রমিকদের হয়রানি বন্ধের দাবিতে এ কর্মসূচি পালিত হয়।কর্মসূচির প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল বলেন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকার প্রতিশ্রুতি পূরণে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। হাজার হাজার শ্রমিক বেকার হয়ে পড়েছে। সরকারের এই ব্যর্থতার কারণে সারা দেশের নিম্ন আয়ের মানুষ দুর্বিষহ জীবন যাপন করছে। তাই সরকারের উচিত এদের জন্য স্বল্পমূল্যে রেশনিং ব্যবস্থা চালু করা।মানববন্ধনে সংগঠনের সভাপতি মাহবুব আলম, সাধারণ সম্পাদক আবদুল মালেক হাওলাদার প্রমুখ উপস্থিত ছিলেন।