রেশনিং ব্যবস্থা চালুর নির্দেশ, সরকারি কর্মচারীরাও পাবেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গরিব জনগোষ্ঠীকে রেশনের মাধ্যমে চাল, ডাল, তেল ও চিনি দেওয়ার ব্যবস্থা চালু করতে খাদ্য ও বাণিজ্য মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরকারি তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারীদেরও এই সুবিধার আওতায় আনার কথা বলেছেন তিনি। একই সঙ্গে আসন্ন রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য যাতে স্থিতিশীল থাকে, সে ব্যাপারে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে পর্যাপ্ত প্রস্তুতি নিতে বলেছেন প্রধানমন্ত্রী। গতকাল সোমবার মন্ত্রিসভার বৈঠক শেষে খাদ্যসচিব বরুণ দেব মিত্র ও বাণিজ্যসচিব গোলাম হোসেনের সঙ্গে ভিন্ন ভিন্ন বৈঠকে এসব নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, খাদ্যসচিবের কাছে দেশের সর্বশেষ খাদ্য পরিস্থিতি সম্পর্কে জানতে চান প্রধানমন্ত্রী। এ সময় তিনি সচিবকে বলেন, গরিব মানুষের যাতে কোনো ধরনের কষ্ট না হয় এবং চালের দাম মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে থাকে, সে বিষয়ে লক্ষ রাখতে হবে। এ ছাড়া রোজার আগে সারা দেশে খোলাবাজারে চাল বিক্রি কার্যক্রম (ওএমএস) চালু করার জন্যও সচিবকে নির্দেশ দেন তিনি।খাদ্যসচিব প্রধানমন্ত্রীকে জানান, পর্যাপ্ত খাদ্য মজুদ রয়েছে, সংকটের কোনো আশঙ্কা নেই। সচিব প্রধানমন্ত্রীকে পুরো খাদ্য পরিস্থিতি ব্যাখ্যা করে বলেন, বর্তমানে বিভিন্ন গুদামে চার লাখ ৭০ হাজার টন চাল মজুদ রয়েছে। এক লাখ ৪০ হাজার টন চাল আমদানি প্রক্রিয়াধীন। সব মিলিয়ে প্রায় ছয় লাখ টন চালের ব্যবস্থা আছে। এ ছাড়া সাত লাখ টন গম মজুদ রয়েছে। বৈঠকের বিষয়ে জানতে চাইলে খাদ্যসচিব প্রথম আলোকে বলেন, কৃষি মন্ত্রণালয় বলছে বাম্পার ফলন হয়েছে, কিন্তু সুনামগঞ্জসহ হাওরাঞ্চলে ৫০ হাজার হেক্টর জমিতে ধান উৎপাদন ব্যাহত হওয়ায় যে ফলন হয়নি, তার জন্য সংকট হতে পারে। সচিব বলেন, ‘আমরা কৃষি মন্ত্রণালয়ের কাছে জানতে চাইব হাওরাঞ্চলে উৎপাদন ব্যাহত হওয়ায় ঠিক কী পরিমাণ চালের ঘাটতি রয়েছে।’ রমজান মাসে খাদ্য মন্ত্রণালয়ের প্রস্তুতির বিষয়ে প্রধানমন্ত্রীকে সচিব জানান, মন্ত্রণালয় ১০ লাখ টন খাদ্য আমদানির উদ্যোগ নিয়েছে, যার বেশির ভাগই রোজার আগে দেশে এসে পৌঁছাবে। এর মধ্যে ভারত থেকে চার লাখ টন গম ও এক লাখ টন চাল রমজানের আগে দেশে এসে পৌঁছাবে। এ ছাড়া রাশিয়ার সঙ্গেও চুক্তি হতে যাচ্ছে।খাদ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে বাণিজ্যসচিব গোলাম হোসেনের কাছে রমজান মাসের প্রস্তুতি জানতে চেয়ে প্রধানমন্ত্রী ওই সময় যাতে ছোলা, ভোজ্যতেলসহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় জিনিসের মূল্য না বাড়ে, সে বিষয়ে পদক্ষেপ নিতে বলেন। এ সময় সচিব প্রধানমন্ত্রীকে জানান, রমজান মাসে যাতে পণ্যের দাম না বাড়ে, সে জন্য তাঁরা প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছেন। যেমন, এক হাজার ৭০০ জন ডিলারের মাধ্যমে চিনি, ছোলা, সয়াবিন তেলসহ অন্যান্য পণ্য কম দামে সরবরাহ করা হবে। প্রত্যেক ডিলার কী পরিমাণ পণ্য পাবেন, তাও নির্ধারণ করে দেওয়া হয়েছে।দুই সচিবের সঙ্গে বৈঠকের পর বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নির্বাচন পরিচালনায় গঠিত নির্বাচন কমিশনের প্রধান মন্ত্রিপরিষদ সচিব আবদুল আজিজের নেতৃত্বে কমিশনের পাঁচ সদস্য প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন। তাঁরা এ সময় মুক্তিযোদ্ধা সংসদ নির্বাচনের ফলাফলের গেজেটের একটি কপি প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করেন।