রেশমচাষিদের জন্য ভর্তুকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত অর্থবছরে (২০০৯-১০) যশোর ও ঝিনাইদহ অঞ্চলে অন্তত সাড়ে ২১ লাখ টাকার রেশমগুটি উৎপাদিত হয়েছে। যা দেশের বস্ত্র খাতে ব্যাপক ভূমিকা রাখছে। এ অঞ্চলে ৭৯ জন রেশমচাষি রয়েছেন। রেশমগুটি উৎপাদন করে যশোর অঞ্চলের অনেক কৃষকের পরিবারে সচ্ছলতা এসেছে। এ রেশম শিল্পের প্রসার ও উন্নয়নের লক্ষ্যে সরকার রেশমচাষিদের ভর্তুকি দেওয়ার ঘোষণা দিয়েছে। প্রত্যেক রেশমচাষি আট হাজার টাকা করে অনুদান পাবেন। গত ১৯ আগস্ট থেকে যশোর অঞ্চলের চাষিদের মধ্যে এ ভর্তুকির টাকা দেওয়া শুরু হয়েছে। প্রাথমিকভাবে ১০ জন চাষিকে চার হাজার টাকা করে দেওয়া হয়।রেশম উৎপাদনের পলু (পোকা) পালনের ঘর নির্মাণ ও সংস্কারকাজে এ টাকা ব্যয় করতে বলা হয়েছে। ঘর নির্মাণ করা হলে পলু সংগ্রহ ও অন্যান্য খরচের জন্য বাকি চার হাজার টাকা দেওয়া হবে। রেশম সম্প্রসারণ অধিদপ্তর যশোর আঞ্চলিক কার্যালয়ের উপপরিচালক সেলিম হাসান বলেন, ‘পর্যায়ক্রমে এ অঞ্চলের প্রত্যেক রেশমচাষিকে এ অনুদানের টাকা দেওয়া হবে।’আঞ্চলিক কার্যালয়ে চেক প্রদান অনুষ্ঠানে বক্তব্য দেন যশোর শহরের চিকিৎসক আবদুর রাজ্জাক, মিউনিসিপ্যাল কলেজের অধ্যক্ষ সুলতান আহমেদ, রেশম বোর্ডের যশোর সদর উপজেলা কেন্দ্রের ব্যবস্থাপক মুস্তাফিজার রহমান ও ঝিনাইদহের খালিশপুর কেন্দ্রের ব্যবস্থাপক আনিসুজ্জামান।অনুদানের চেক নিতে আসা যশোরের চৌগাছা এলাকার রেশমচাষি নুরুল ইসলাম প্রথম আলোকে জানান, তাঁর বাড়িতে ২০ ডালায় ১৫০টি পলু পালন করা হচ্ছে। ওই পলুর খাদ্য হিসেবে সরকারি রাস্তার ধারে তাঁর তত্ত্বাবধানে ২০০ তুতগাছ লাগানো হয়েছে। ওই গাছের পাতা পলুকে খেতে দিলে পলু লালা ছাড়ে। পরে ওই লালা থেকে রেশমগুটি উৎপাদন হয়। গত বছর চার কিস্তিতে ২৬ হাজার টাকার রেশমগুটি বিক্রি করেছেন বলে তিনি জানান। এ থেকে তিনি ১০ হাজার টাকা দিয়ে একটি গরু ও দুটি ছাগল কিনেছেন। ছেলেমেয়ের লেখাপড়ার খরচও তিনি এখন অনায়াসে চালাতে পারছেন।সদর উপজেলার ঝুমঝুমপুর এলাকার ইব্রাহিম মোল্লা জানান, তিনি প্রায় ২৭ হাজার টাকার গুটি বিক্রি করে সংসারে সচ্ছলতা এনেছেন।