রেশমাকে দেখতে সাভার সিএমএইচে প্রধানমন্ত্রী
সাভারে রানা প্ল্লাজার ধসের ঘটনার ১৭তম দিনে ধ্বংসস্তূপের নিচ থেকে উদ্ধার হওয়া রেশমাকে (১৯) দেখতে গতকাল শুক্রবার সাভারে সিএমএইচে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি সেখানে রেশমার সঙ্গে কথা বলেন এবং চিকিৎসকদের কাছে তাঁর অবস্থা সম্পর্কে খোঁজখবর নেন। খবর বাসসের।রেশমাকে উদ্ধারের খবর শোনার সঙ্গে সঙ্গে প্রধানমন্ত্রী বিমানবাহিনীর একটি হেলিকপ্টারে করে সাভারের সিএমএইচে যান। হাসপাতালে রেশমা ও তাঁর চিকিৎসকদের সঙ্গে কথা বলে বের হয়ে প্রধানমন্ত্রী সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। প্রধানমন্ত্রী এ সময় রানা প্লাজা বিধ্বস্ত হওয়ার ৪০৮ ঘণ্টা পর রেশমা জীবিত উদ্ধার হওয়ায় মহান আল্ল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করেন। তিনি এ ঘটনাকে অলৌকিক হিসেবে বর্ণনা করেন। রেশমাকে নিরাপদে উদ্ধার করায় তিনি উদ্ধারকর্মীদের ধন্যবাদ জানান।শেখ হাসিনা বলেন, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী, ফায়ার সার্ভিস, পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও রেড ক্রিসেন্টের সমন্বয়ে প্রশিক্ষিত উদ্ধারকারী দল অত্যন্ত ধৈর্য ও সতর্কতার সঙ্গে উদ্ধারকাজ পরিচালনা করছে। রেশমাকে নিরাপদে উদ্ধার করায় এটি প্রমাণিত হয়েছে যে, উদ্ধার অভিযান সঠিক ছিল। তিনি এ দুর্ঘটনায় হতাহত ব্যক্তিদের জন্য দোয়া করতে দেশবাসীর প্রতি আহ্বান জানান।