রেস্তোরাঁর কর্মচারীদের অচেতন করে অর্থ-মোবাইল লুট
রাজধানীর খিলগাঁও চৌরাস্তার একটি রেস্তোরাঁর পাঁচ কর্মচারীকে অচেতন করে দুর্বৃত্তরা চারটি মোবাইল ও ৪০ হাজার টাকা লুট করে নিয়ে গেছে। গতকাল শনিবার মধ্যরাতে এ ঘটনা ঘটে। এই পাঁচ কর্মচারী হলেন, কাইয়ুম রেস্তোরাঁর রফিকুল ইসলাম, সাদ্দাম হোসেন, দুলাল মিয়া, কামাল হোসেন ও আলাউদ্দিন। তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।হাসপাতালে চিকিত্সাধীন কামাল হোসেন প্রথম আলোকে বলেন, গতকাল রাত সাড়ে ১২টার দিকে তাঁরা খাবার খান। এরপর অস্বস্তি লাগতে থাকে। একপর্যায়ে তাঁরা অচেতন হয়ে যান। জ্ঞান ফেরার পর দেখেন হাসপাতালে ভর্তি আছেন। রেস্তোরাঁর অন্য কর্মচারীরা জানিয়েছেন, সকালে রেস্তোরাঁয় ঢুকে পাঁচজনকে এলোমেলো অবস্থায় পড়ে থাকতে দেখেন তাঁরা। এ সময় রেস্তোরাঁর সাটার খোলা ছিল। ক্যাশবক্সে রাখা ৪০ হাজার টাকা ও চারটি মোবাইল ফোন নেই। কোনো প্রতারক চক্র তাঁদের অজ্ঞান করে অর্থ ও মোবাইল লুটে নিয়েছে বলে তাঁদের ধারণা। খিলগাঁও থানার উপপরিদর্শক (এসআই) রুহুল ইসলাম সুমন বলেন, তাঁদের কাছে এমন কোনো অভিযোগ আসেনি। তবে তাঁরা বিষয়টি খোঁজ নিয়ে দেখবেন।