নগরের বাজারে এখন মিলছে কাঁচা আম। গরমে কাঁচা আমের স্বাদ নিচ্ছেন অনেকে। এর মধ্যে চোখের জল-নাকের জল এক করে কেউ নিচ্ছেন কাঁচা আমের ভর্তার স্বাদ। আবার টক-মিষ্টি স্বাদের শরবতে শরীর জুড়াচ্ছেন অনেকে। নগরের কিছু রেস্তোরাঁ ও জুসের দোকানে মিলছে কাঁচা আমের শরবত।ধানমন্ডি ২৮ নম্বর রোডের ক্যাফে সি স্কয়ারে গরমের মৌসুমে মেলে কাঁচা আমের শরবত। এখানে নিয়মিতই সেই শরবতের স্বাদ নেন গার্হস্থ্য অর্থনীতি কলেজের শিক্ষার্থী রুমা। তিনি বলেন, ‘যত দিন কাঁচা আমের শরবত পাওয়া যাবে, তত দিনই অন্য কোনো শরবত খাব না।’ কখনো একা আবার কখনো বন্ধুবান্ধব নিয়ে আসেন তিনি।ক্যাফে সি স্কয়ারের পরিচালক মোহাম্মদ রাজীব জানান, গরমকালে এই শরবত বেশি চলে। শরবতে উপাদান হিসেবে থাকে কাঁচা আম, পানি, বিটলবণ, চিনি, কাঁচা মরিচ ও পুদিনা পাতা। আর ঠান্ডার জন্য বরফ ব্যবহার করা হয়। দাম নির্ভর করে পাত্রের আকারের ওপর। ২৫০ মিলিলিটার ৬০ টাকা, ৩৫০ মিলিলিটার ৮০ টাকা আর ৪৫০ মিলিলিটার ১০০ টাকা। তবে দামের সঙ্গে ভ্যাট যুক্ত হয়।বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সের ফুড কোর্টের প্রায় সব দোকানেই মিলছে কাঁচা আমের শরবত। ‘হ্যালো’ নামের রেস্তোরাঁয় গিয়ে দেখা গেছে, অনেকেই শরবতের স্বাদ নিচ্ছেন।শাহবাগের আজিজ সুপার মার্কেটের নিচতলার ভিন্ন মাত্রা আর শাহ জুস কর্নারে মিলছে কাঁচা আমের শরবত। শাহ জুস কর্নারের পরিচালক বিপ্লব মল্লিক বলেন, ‘এ সময় চাহিদা এত বেশি থাকে যে কাঁচা আমের শরবত বানায়া কুলায়া উঠতে পারি না।’ আম, পানি, কাঁচা মরিচ, বিটলবণের সঙ্গে সরিষার স্বাদও পাওয়া যাচ্ছে তাঁদের শরবতে। বিপ্লব মল্লিক আরও জানান, কাঁচা আমের সঙ্গে কাসুন্দি না দিলে মজা লাগে না। তবে খদ্দেরের ফরমায়েশমতো তাঁরা শরবত তৈরি করে দেন।কেউ যদি কিছুটা বৈঠকি আমেজে কাঁচা আমের শরবতের স্বাদ নিতে চান, তবে তিনি যেতে পারেন আসাদ গেটের কাছে মিরপুর সড়কের প্রবর্তনার ক্যাফে আড্ডায়। স্বচ্ছ কাচের গ্লাসে ভাসমান কুচি বরফ কাঠি দিয়ে নেড়েচেড়ে কাঁচা আমের স্বাদ নিতে পারবেন এখান থেকে। কাঁচা আমের টক-টক স্বাদের সঙ্গে কাঁচা মরিচের ঝাঁজালো স্বাদে একনিমিষে প্রাণ জুড়িয়ে যাবে। এখানে আসতে পারেন শুধু মেয়েরা। এটা মেয়েদের জন্য ‘সবাক জলপান কেন্দ্র’। তবে ছেলেদের মন খারাপ করার কিছু নেই। কারণ, মেয়েদের সঙ্গী হিসেবে এখানে ছেলেরাও ঢুকতে পারেন। এখানকার প্রতি গ্লাস শরবতের দাম ৫৫ টাকা।এখন বেইলি রোড, ধানমন্ডি, নিউমার্কেট, গুলশান, বনানী, পল্টন, উত্তরার জুসবার ও ফাস্ট ফুডের দোকানেও মিলছে কাঁচা আমের শরবত। বাজারে পাকা আমের ভিড় বাড়ার আগে আগেই কাঁচা আমের শরবতের স্বাদ নেওয়া ভালো। কারণ, কাঁচা আমের মৌসুম ফুরাতে আর দেরি নেই।