রেস্তোরাঁয় বিশ্বকাপের রেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শহরের সড়ক কিংবা ঘর সর্বত্রই এখন বিশ্বকাপ ক্রিকেটের উত্তাপ। এই আঁচ পাওয়া যাচ্ছে নগরের বাণিজ্যিক রসুইঘরগুলোয়ও। পাঁচ তারকা হোটেলের বিলাসবহুল রেস্তোরাঁ তো বটেই, নগরের অন্যান্য দামি রেস্তোরাঁও ভোজনবিলাসীদের খেলা দেখানোর ব্যবস্থা করেছে। এর পাশাপাশি কেউ কেউ বিশ্বকাপ উপলক্ষে খাবারের মূল্যে দিচ্ছে ছাড়। কেউ কেউ আবার বিশেষ কুইজের আয়োজনও করেছে।মালয়েশিয়া থেকে বেশ কয়েকজন ব্যবসায়ী এসে উঠেছেন হোটেল সোনারগাঁওয়ে। তাঁদের সঙ্গে দেখা করার প্রয়োজন গার্মেন্টস ব্যবসায়ী আমিনুর রহমানের। তিনি আবার ক্রিকেটে ইংল্যান্ড দলের ভীষণ ভক্ত। তাই খেলা দেখার সুযোগটাও হাতছাড়া করতে চাননি। তাই তো ২২ ফেব্রুয়ারি সন্ধ্যায় প্যান-প্যাসিফিক সোনারগাঁও হোটেলের লবিতে বসে ব্যবসায়িক কাজ সারার পাশাপাশি খেলা দেখতে দেখা গেল তাঁকে। শুধু এখানেই নয়, সোনারগাঁওয়ের প্রতিটি রেস্তোরাঁয়ও চওড়া টেলিভিশনের সামনে বসে ভোজনের পাশাপাশি ক্রিকেট খেলাও দেখতে পারছেন ক্রেতারা।বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কাছে নগরের যে আটটি অভিজাত হোটেলের তালিকা পাঠিয়েছে, সেগুলোর সব কটিতেই রয়েছে আরাম করে খেলা দেখার ব্যবস্থা। হোটেলের লবিতে তো বটেই, হোটেলের প্রতিটি রেস্তোরাঁও মুখরিত হয়ে উঠেছে ক্রিকেটপ্রেমীদের কলকাকলিতে। হোটেল রিজেন্সির ‘গ্রিল অন দ্য স্কাইলাইন’-এ বসে আকাশের খুব কাছাকাছি থেকে খেলা দেখার সুযোগ রয়েছে বলে জানালেন রিজেন্সির সহব্যবস্থাপক (ব্র্যান্ড কমিউনিকেশন) জাইরিন সুলতানা লোপা। প্যান-প্যাসিফিক সোনারগাঁওয়ে তো আবার খেলা দেখার পাশাপাশি আকর্ষণীয় কুইজের ব্যবস্থা করা হয়েছে বলে জানালেন এর জনসংযোগ বিভাগের কর্মী সাবরিনা খান। অংশগ্রহণকারী দর্শকদের পূরণ করা কুইজের মধ্য থেকে চূড়ান্ত বিজয়ীকে নির্বাচন করা হবে ক্রিকেট বিশ্বযজ্ঞের সমাপনী দিনে। শেরাটন, র্যাডিসন, ওয়েস্টিন, লা ভিঞ্চি ও প্রিন্সের মতো অভিজাত হোটেলের রেস্তোরাঁগুলোতেও বিশ্বকাপের উত্তাপ টের পাওয়া যাচ্ছে।কেবল যে পাঁচ তারকা হোটেলের রেস্তোরাঁয়ই খেলার আঁচ টের পাওয়া যাচ্ছে, বিষয়টি মোটেই তা নয়। তরুণ প্রজন্মের পছন্দের কেএফসি ও পিৎ জা হাটেও চলছে বিশ্বকাপ উন্মাদনা। বিশ্বকাপ ক্রিকেট সামনে রেখে কেএফসি ও পিৎ জা হাটের প্রতিটি শাখায়ই বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানালেন ট্রান্সকম ফুড লিমিটেডের নির্বাহী পরিচালক আক্কু চৌধুরী। কেএফসি ও পিৎ জা হাটের প্রতিটি শাখার সামনেই শোভা পাচ্ছে দেশি-বিদেশি ক্রিকেট খেলুড়ে দেশের পতাকা। খাবারেও আনা হয়েছে ক্রিকেট বিশ্বকাপের ছোঁয়া। স্টেডিয়াম আকৃতির ‘ক্রিচ ইট’ পিজ্জা, পেপসি ও চিকেন ফ্রাইয়ের বাকেটের মতো নতুন স্বাদের খাবারও যোগ হয়েছে খেলা উপলক্ষে। সবচেয়ে মজার বিষয়, খেলা চলার সময় কেএফসি ও পিৎ জা হাটে কোনো কিছু কিনলেই সঙ্গে থাকছে স্ক্র্যাচ কার্ড। আর কার্ড ঘষলেই নিশ্চিত পুরস্কার পাওয়া যায় বলে জানালেন আক্কু চৌধুরী।কারওয়ান বাজারের পূর্ণিমা সিনেমা হলের পাশে ক্যাফে কুকার্স সেভেন রেস্তোরাঁয় বিশ্বকাপ উপলক্ষে খাবারের দামে দেওয়া হয়েছে ২০ শতাংশ ছাড়। ‘বন্ধুবান্ধব নিয়ে একসঙ্গে খেলা দেখার আফসোস ঘুচিয়েছে রেস্তোরাঁগুলো।’ এমনটি বলছিলেন ধানমন্ডির বাসিন্দা সোহেল রহমান। তাঁর ভাষ্য, ‘বন্ধুদের বাসায় খেলা দেখতে গেলে কারও কারও মা-বাবা রাগ করেন। এর চেয়ে ভালো সবাই মিলে রেস্তোরাঁয় বসে খেলা দেখা। খেলা দেখার সঙ্গে সঙ্গে ইচ্ছেমতো মজা করা আর মজার খাবার খাওয়ারও সুযোগ মেলে রেস্তোরাঁগুলোয়।’