রেহাই নেই শিক্ষিত নারীদেরও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বামীর হাতে নির্যাতনের ঘটনা যে শুধু নিরক্ষর বা নিম্নবিত্তদের ঘটে থাকে, এমন নয়। তথ্য ও উপাত্তে দেখা যায়, আমাদের দেশে শিক্ষিত, কর্মজীবী বা প্রতিষ্ঠিত নারীরাও নির্যাতনের শিকার হয়ে থাকেন। বর্তমানে এর ভয়াবহতা বেড়েছে। বিশেষ করে স্বামীর হাতে প্রতিনিয়ত শারীরিকভাবে নির্যাতনের শিকার হচ্ছেন। বেশির ভাগ ক্ষেত্রে সমাজ বা লোকলজ্জার ভয়ে কাউকে কিছু বলতে পারেন না। ফলে তারা মানসিকভাবে বিপর্যস্ত হন। কেউ কেউ আত্মহত্যার মতো ভয়াবহ পথ বেছে নেন, যা কারও কাম্য নয়। বাংলাদেশে পরিচালিত বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটি জরিপে দেখা যায়, শহরে বসবাসরত এ দেশের ৪০ শতাংশ শিক্ষিত নারী স্বামীর হাতে নির্যাতিত হন। এ বিষয়ে বাংলাদেশ হিউম্যান রাউটস ফাউন্ডেশনের প্রধান নির্বাহী এলিনা খান বলেন, শিক্ষিত নারীদের ওপর স্বামীর নির্যাতনের মাত্রা বেড়েই চলেছে। গত এক বছরে ৪০০ জন নারী এসেছেন আমাদের কাছে। তাঁর মধ্যে প্রায় ২০০ জন শুধু স্বামীর হাতে নির্যাতনের শিকার। তাঁরা শিক্ষিত এবং সামাজিকভাবে তাঁদের অবস্থান বেশ উঁচু। যাঁরা আসেন, তাঁরা কেউ মামলা করতে চান না। অনেকে বছরের পর বছর ধরে মুখ বুজে স্বামীর এসব অত্যাচার সহ্য করছেন। অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়া সত্ত্বেও সমাজের কারণে তাঁরা এসব অত্যাচারের কথা গোপন করেন। মধ্যবয়সী পুরুষদের নির্যাতন করার প্রবণতা বেশি। কেস স্টাডি থেকে দেখছি, বিবাহবহির্ভূত সম্পর্ক ও দ্বিতীয় বিয়ের কারণে এই নির্যাতনের হার বেড়েই চলেছে। এসব প্রতিরোধ করার জন্য পারিবারিক নির্যাতন আইন ও দ্বিতীয় বিয়ে প্রতিরোধ করতে জোরালো আইন করতে হবে। তাহলে এসব নির্যাতনের পরিমাণ কমে যাবে। আরেকটি বিষয় হলো, এ দেশের নারীরা তাঁদের পক্ষেও আইনগুলো সম্পর্কে জানেন না। নিজের অধিকার সম্পর্কে আরও সচেতন হতে হবে।জাতীয় জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের (নিপোর্ট) ‘বাংলাদেশ ডেমোগ্রাফিক অ্যান্ড হেলথ সার্ভে ২০০৭’-এ দেশের ছয়টি অঞ্চলের মধ্যে চালানো হয়। এ জরিপ থেকে দেখা যায়, ৪৯ শতাংশ শিক্ষিত শহুরে নারী, যাঁরা স্বামীর হাতে শারীরিক নির্যাতনের অভিজ্ঞতার কথা বলেন। এ পরিসংখ্যানে অনুসারে ৪৬ শতাংশ নারীকে তাঁদের স্বামীরা চড়-থাপ্পড় মারেন। ৩০ শতাংশ নারীকে ধাক্কা দিয়ে ফেলে দেন, লাথি মারেন। ১৭ শতাংশ নারীর চুল ধরে টানেন তাঁদের স্বামীরা। ২৫ থেকে ৪৯ বছরের নারীরা বেশি অত্যাচারের শিকার হয়ে থাকেন, যাঁদের বিবাহিত জীবনের মেয়াদ পাঁচ বছর কিংবা তার বেশি অত্যাচারের পরিমাণ তাঁদের ক্ষেত্রে বেড়ে যায়। এই হিসাব শহরাঞ্চলের শিক্ষিত নারীদের ক্ষেত্রেই ঘটছে। এসব স্বামীদের ৩১ দশমিক ১ শতাংশ বিনা কারণে স্ত্রীর গায়ে হাত তোলেন। স্বামীর আদেশ অমান্য করলে, যৌতুকের কারণে, সন্তানের দেখভাল ঠিকমতো না করলে, স্বামীকে না বলে বাইরে গেলে, যথাসময়ে খাবার না দিলে, স্বামীর চাহিদামতো যখন-তখন শারীরিক সম্পর্কে না গেলে এবং ঝগড়া করলে তাঁরা শারীরিক নির্যাতনের শিকার হন। ৫৪ শতাংশ পুরুষ মনে করেন, স্ত্রীকে মারধর করা তাঁদের ব্যক্তিগত বিষয়।বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির সহকারী পরিচালক রাশিদা সুলতানা মনে করেন, শিক্ষিত ও মধ্যবিত্ত পরিবারগুলোতে এমন ঘটনা ঘটছে। তবে যেসব নারী অর্থনৈতিকভাবে স্বাবলম্বী নন, তাঁদের ওপর অত্যাচারের মাত্রাটা বেশি। অভিজ্ঞতা থেকে দেখা যায়, শিক্ষিত নারীরা সব সহ্য করে যান। তাঁরা নিজের কথা কাউকে বলতে পারেন না। নিরুপায় হয়ে আমাদের কাছে আসেন। কিন্তু তাঁরা মামলা করতে চান না। আবার আলাদা থাকার সিদ্ধান্ত নিতে পারেন না। স্বামীর আচরণগত কোনো অগ্রগতি না হলে হাসিমুখে মেনে নিয়ে দিনের পর দিন তাঁরা সংসার করেন। এর থেকে তুলনামূলকভাবে আমাদের দেশের অশিক্ষিত নারীরা সাহসী। তাঁরা তাঁদের সমস্যার কথা বলতে জানেন। এ দেশের শিক্ষিতের হার যদি ৬০ শতাংশ হয়, তার মধ্যে নারী প্রায় ২০ শতাংশের মতো। এই শিক্ষিত নারীদের অধিকাংশই শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হচ্ছেন। চিকিত্সক, স্থপতি, আইনজীবী, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, প্রকৌশলী ও কর্মজীবী নারীরা স্বামীর নির্যাতনের শিকার হয়ে আমাদের এখানে পরামর্শের জন্য আসছেন।এ সংখ্যা ক্রমেই বেড়ে চলেছে।বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের একজন সহকারী অধ্যাপক (নাম প্রকাশে অনিচ্ছুক) বলেন, ‘আমরা স্বামী-স্ত্রী দুজনই চিকিত্সক। বিয়ের পর গাড়ি কেনার জন্য আমার বাবার বাড়ি থেকে টাকা আনতে বলে আমার স্বামী। খুব খারাপ লেগেছিল। প্রতিবাদ করায় সেবার প্রথম সে আমার গায়ে হাত তোলে। ভেবেছিলাম অশান্তি বাড়িয়ে কী হবে। বাবার কাছ থেকে টাকা এনে গাড়ি কিনেছিলাম। এরপর ছোটখাটো কারণেই সে আমার ওপর অত্যাচার করে। তার নির্যাতনের চিহ্ন আমার শরীরে আছে। সবকিছু করে মন জুগিয়ে চলতে হয়। আমার মেয়ে জন্ম নেওয়ার পর অত্যাচার যেন আরও বেড়ে গেছে। ওকে আমি আমার মায়ের কাছে রেখেছি। সবার সামনে আমার স্বামী ভদ্র, বিনয়ী, মিশুক। চিকিত্সক হিসেবেও সে জনপ্রিয়। দুই-একজন কাছের মানুষকে বলেছিলাম আমার স্বামীর কথা। কেই বিশ্বাসই করে না।আমি কী করব জানি না। চারপাশের কথা ভেবে ছেড়ে যেতেও পারি না। ধুঁকে ধুঁকে মরছি। এ রকম প্রতিদিনই অনেক নারী সবার অগোচরে স্বামীর মারধর সহ্য করছেন।’ আইন ও সালিশ কেন্দ্রের তথ্য সংরক্ষণ ইউনিটের পারিবারিক নির্যাতন ২০১০ প্রতিবেদনে দেখা যায়, স্বামীর হাতে শারীরিকভাবে নির্যাতিত ৪২ জন নারীর মধ্যে মাত্র চারজন মামলা করেছেন। ২০০৯ সালে নির্যাতিতদের সংখ্যা ছিল ২২ জন। অর্থাত্ এক বছরে প্রায় দ্বিগুণ হয়েছে। এ ছাড়া যৌতুককে কেন্দ্র করে ৩৮৮ জন নারী অত্যাচারিত হন, যাঁদের অধিকাংশ শিক্ষিত ও কর্মজীবী নারী। আইন ও সালিশ কেন্দ্রের জ্যেষ্ঠ উপসচিব মীনা গোস্বামী বলেন, সারা দেশ থেকে অনেক ফোন আসে আমাদের কাছে, যাঁদের ওপর স্বামীরা অত্যাচার করেন। সশরীরেও আসেন কেউ কেউ। এদের একটি বড় অংশ শিক্ষিত ও কর্মজীবী নারী। আমাদের কাছে কোনো সঠিক পরিসংখ্যান নেই। তারা নাম-ঠিকানা প্রকাশে অনিচ্ছুক থাকেন। তবে নিজেরাও কোনো সিদ্ধান্ত নিতে পারেন না। তাঁরা সেই অর্থে প্রতিবাদও করতে পারেন না। ফলে তাঁরা উভয় সংকটে থাকেন।