রেহাই পাওয়ার সংস্কৃতি থেকে বেরিয়ে আসতেই যুদ্ধাপরাধীদের বিচার: আইনমন্ত্রী
আইনমন্ত্রী শফিক আহমেদ বলেছেন, অপরাধ করে রেহাই পাওয়ার সংস্কৃতি থেকে দেশকে মুক্ত করার জন্যই যুদ্ধাপরাধীদের বিচার নিশ্চিত করা দরকার। ৩৯ বছর পর যুদ্ধাপরাধীদের বিচার করার যৌক্তিকতা নিয়ে অনেকেই প্রশ্ন তুলছে। কিন্তু স্বাধীনতা যুদ্ধের সময় ক্ষতিগ্রস্তদের দাবি আদায় এবং জাতীয় জীবনের কলঙ্ক মোচনের জন্য এ বিচার নিশ্চিত করতে হবে।আজ শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটরিয়ামে সমাজবিজ্ঞান বিভাগের ‘ক্রিমিনোলজি অ্যান্ড ক্রিমিনাল জাস্টিস’বিষয়ক মাস্টার্স কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।আইনমন্ত্রী বলেন, বিশ্বায়নের যুগে অপরাধের ধরন পাল্টে গেছে। এখন অপরাধ ও অপরাধীদের সাব্যস্ত করার জন্য প্রয়োজন দক্ষ লোকের। এ ক্ষেত্রে ক্রিমিনোলজি অ্যান্ড ক্রিমিনাল জাস্টিস বিষয়ে পড়াশোনা একটি যুগান্তকারী উদ্যোগ।বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মাহবুব উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, পুলিশ স্টাফ কলেজের পরিচালক নাঈম আহমেদ।আরেফিন সিদ্দিক তাঁর বক্তব্যে বলেন, তথ্যপ্রযুক্তির ব্যবহার প্রসারের সঙ্গে সঙ্গে বেড়েছে সাইবার ক্রাইম। উদ্ভূত সমস্যার সমাধানে নতুন নতুন পন্থা বের করতে হবে।নাঈম আহমেদ বলেন, আইন প্রয়োগকারীরা শাসকের মতো আচরণ করেন। মানুষের সেবার জন্যই আইন এ কথাটি তাঁরা ভুলে যান। এ দৃষ্টিভঙ্গি থেকে বেরিয়ে আসতে হবে। তিনি আরও বলেন, শুধু আইন প্রয়োগ করেই সব সমস্যার সমাধান করা যায় না। এর জন্য কাউন্সেলিংয়েরও প্রয়োজন রয়েছে।