রেহানার আচরণকে অসংসদীয় বলে স্পিকারকে বাপ্পীর চিঠি
বিএনপির সাংসদ রেহানা আক্তারের আচরণকে অসংসদীয় অভিহিত করে সংসদের স্পিকার আবদুল হামিদকে চিঠি দিয়েছেন আওয়ামী লীগের সাংসদ ফজিলাতুন্নেসা বাপ্পী। আজ সোমবার বিকেলে স্পিকারের কাছে তিনি এ চিঠি দেন।ওই চিঠিতে ফজিলাতুন্নেসা বলেন, ‘আমি গত ১৮ মার্চ সংসদের বৈঠক চলার সময় বিরোধী দলের কয়েকজন সাংসদের অসংসদীয় আচরণের শিকার হই। রেহানা আক্তারের বক্তব্যের একপর্যায়ে শাম্মী আক্তারসহ বিরোধী দলের কয়েকজন পুরুষ সদস্য আমার দিকে তেড়ে আসেন। তর্জনী উঁচিয়ে অকথ্য শব্দ ব্যবহার করে গালিগালাজ করেন এবং শাসান। সংসদের একজন নবীন সদস্য হয়েও আমি জানি, তাঁদের (বিরোধী দলের) এ আচরণ কতটা অসংসদীয়, শিষ্টাচার পরিপন্থী। টেলিভিশনে সরাসরি সম্প্রচারের কল্যাণে দেশবাসী বিরোধী দলের সদস্যদের এ আচরণ দেখেছেন।’স্পিকারের কাছে চিঠি দেওয়ার পর ফজিলাতুন্নেসা সাংবাদিকদের বলেন, স্পিকার পুরো বিষয়টি জানেন। তার পরও বিষয়টি রেকর্ডে রাখতে চিঠি দিলাম।প্রসঙ্গত, গতকাল রোববার জাতীয় সংসদে বিএনপির রেহানা আক্তারের বক্তব্য চলাকালে বিএনপির শাম্মী আক্তার বাপ্পীর দিকে তেড়ে যান। এর আগে রেহানার বক্তব্যের সময় বাপ্পী ‘চুপ কর, চুপ কর’ বলে চিত্কার করেন। পরে দুই দলের চিফ হুইপের মধ্যস্থতায় পরিস্থিতি সামাল দেওয়া হয়।অধিবেশনের শুরুর দিকে রাষ্ট্রপতির ভাষণ-সম্পর্কিত আলোচনায় অংশ নিয়ে বাপ্পীও বিরোধী দলের নেতা খালেদা জিয়া সম্পর্কে অসংসদীয় বক্তব্য দিয়েছিলেন।