রেহেনা জয় করেছেন সব প্রতিকূলতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইচ্ছাশক্তি আর বুদ্ধি খাটিয়ে পরিশ্রম করলে কোনো বাধাই বাধা হয়ে দাঁড়ায় না।তাই তো ক্ষুদ্র উদ্যোক্তা হিসেবে সিটি ক্ষুদ্র উদ্যোক্তা ২০০৯ পুরস্কার পেলেন জয়পুরহাটের রেহেনা বেগম। হতদরিদ্র পরিবারের শারীরিক প্রতিবন্ধী রেহেনা বেগম নিজের শক্তি দিয়েই অর্জন করেছেন সফলতা। জয়পুরহাট জেলার ক্ষেতলাল উপজেলার আলমপুর ইউনিয়নের শিবপুর গ্রামে আবদুুস সামাদের আট ছেলেমেয়ের একজন রেহেনা বেগম।১৯৮১ সালে ১৫ আগস্ট জন্ম নেওয়া রেহেনা বেগম নিজের চেষ্টায় স্থানীয় মাদ্রাসা থেকে ফাজিল পাস করেন। প্রতিবন্ধী হওয়ায় ফাজিল পাস করেও কোনো চাকরির সংস্থান করতে পারেননি রেহেনা বেগম। বাবার অর্থনৈতিক দুরবস্থা আর রেহেনার পঙ্গুত্ব তাঁর জীবনকে একসময় দুর্বিষহ করে তোলে। কিন্তু তাঁর আত্মবিশ্বাস নিয়েই তিনি দারিদ্র্যের সঙ্গে লড়াই-সংগ্রামে নেমে পড়েন। ১৯৯৭ সালে ২৫ ডিসেম্বর শিবপুর গ্রামে আবদুর রশিদ মোল্লার সঙ্গে রেহেনা বেগমের বিয়ে হয়। রেহেনা ছিলেন আবদুর রশিদ মোল্লার দ্বিতীয় স্ত্রী। দ্বিতীয় স্ত্রী হওয়ার কারণে পাঁচ শতক জমির ওপর বসতবাড়িতে শুরু করেন নতুন সংসারজীবন। স্বামীর সংসারেও সচ্ছলতা ছিল না।২০০৫ সালে রেহেনা বেগমের সঙ্গে পরিচয় ঘটে বেসরকারি সংস্থা ঠেঙ্গামারা মহিলা সবুজ সংঘের (টিএমএসএস) এক মাঠকর্মীর সঙ্গে। তাঁর পরামর্শে তিনি ওই সংস্থার সদস্য হয়ে টাকা সঞ্চয় শুরু করেন। ওই সমিতির মাধ্যমে নয় হাজার টাকা ক্ষুদ্রঋণ নিয়ে স্বামী-স্ত্রী সামান্য জমি পত্তন নিয়ে চাষাবাদ শুরু করেন। পাশাপাশি প্রথমে ১২টি এবং পরবর্তী সময় ৪০টি সোনালি জাতের মুরগি নিয়ে লালন-পালন শুরু করেন। একসময় লোকসানের কারণে হতাশ হয়ে পড়েন রেহেনা বেগম। হতাশাকে ঝেড়ে ফেলে মুরগি পালনের প্রশিক্ষণ নেন। পরে ১৫ হাজার টাকা ঋণ নিয়ে মুরগির উৎপাদিত ডিম বিক্রি করেন এবং ডিম থেকে বাচ্চা ফুটিয়ে বিক্রি করতে শুরু করেন। এর পর থেকে আর রেহেনা বেগমকে পেছনে ফিরে তাকাতে হয়নি। এভাবে দিনের পর দিন খামারের প্রসার ঘটিয়েছেন। ব্যবসার মাত্র পাঁচ বছর সময়ে রেহেনার পুঁজির পরিমাণ দাঁড়ায় প্রায় ৩০ লাখ টাকা। তাঁর খামারে বর্তমানে এক হাজার লেয়ার (ডিম পাড়া) মুরগি, ৬০০ ক্যামেল জাতের হাঁস, সাত শতকের নিজস্ব পুকুর, একটি উন্নত জাতের গাভি ও বাছুর রয়েছে। ব্যবসার লাভ থেকে দুই লাখ ২৮ হাজার টাকা খরচ করে বাড়িতে মুরগি, হাঁস ও গরুর শেড তৈরি করেছেন। যৌথভাবে দুই বিঘা জলার পুকুরে মাছ চাষ করছেন। সব মিলিয়ে এখন তাঁর মাসিক আয় ১৫ থেকে ১৬ হাজার টাকা। রেহেনা জানালেন তাঁর পরিকল্পনার কথা। সিটি ব্যাংক কর্তৃক ক্ষুদ্রশিল্প উদ্যোক্তা হিসেবে দেশের শ্রেষ্ঠ খামারি হিসেবে পাঁচ হাজার ডলার (সাড়ে তিন লাখ) টাকা পেয়েছেন। সরকারের দেওয়া ৯০ শতক খাসজমি পেয়ে এর ওপর গড়ে তুলবেন বনায়ন। খামারে একটি মিনি হ্যাচারি গড়ে তুলবেন। পাশাপাশি এলাকার দরিদ্র পরিবারে প্রতিবন্ধী ছেলেমেয়েদের জন্য একটি বিদ্যালয় প্রতিষ্ঠার তৈরির পরিকল্পনাও রয়েছে তাঁর। বর্তমানে স্বামী-স্ত্রী দুজন মিলেই খামারের পরিচর্যা করছেন। রেহেনা বেগমের দুই ছেলে। বড় ছেলে আবদুুর রহমান শিবপুর ধানসুনডা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণীতে এবং ছোট ছেলে আবদুর রহিম শিশু শ্রেণীতে পড়ছে।