রোকসানা এলেও রুনু এখনো ফেরেনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের কেশবপুরে এক গৃহবধূ ও এক কিশোরী নারী পাচারকারী চক্রের খপ্পরে হারিয়ে যাওয়ার পর রোকসানা (১৮) ফিরে এলেও গৃহবধূ নিলুফার ইয়াসমিন রুনুর (২৩) দীর্ঘ ৩৫ দিনেও সন্ধান মেলেনি। এই চক্রের কবল থেকে যুবকেরাও রেহায় পাচ্ছেন না। একই চক্র হেলাল নামের এক যুবককে পাচার করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। দেড় মাসের অধিক সময় ধরে তাঁরও কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। এ সংঘবদ্ধ চক্রটি উপজেলার শেষ সীমানায় বরনডালি গ্রামকে তাদের নিরাপদ স্থান হিসেবে ব্যবহার করছে। পারিবারিক সূত্রে জানা গেছে, উপজেলার বরনডালি গ্রামের শেখ মুজিবুর রহমানের মেয়ে রুনুর তিন বছর আগে বিয়ে হয় ঢাকায়। বিয়ের পর তিনি বাপের বাড়ি বেড়াতে আসেন। হঠাৎ জ্বরে আক্রান্ত হলে গত ১১ জুলাই বিকেলে ওষুধ কিনতে বরনডালি বাজারে যান। তারপর থেকে আর ফিরে আসেননি তিনি। এ ব্যাপারে রুনুর বাবা গত ১৩ জুলাই কেশবপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। রুনুর আজও কোনো খোঁজ মেলেনি। রুনুর দুই বছরের এক ছেলেসন্তান রয়েছে। শিশুটি মা মা করে কাঁদছে। পরিবারের অভিযোগ, রুনু নারী পাচারকারীদের শিকার হয়েছে।নারী পাচারের অপর ঘটনাটি একই গ্রামের। রোকসানার ভাষ্যমতে, এ গ্রামের আব্বাস আলীর মেয়ে রোকসানাকে (১৮) একই গ্রামের আনোয়ারা গত ১১ জুন গার্মেন্টেসে চাকরি দেবেন বলে বাড়ি থেকে নিয়ে যান। ওই দিন বরনডালি বাজার থেকে সাতক্ষীরার কলারোয়া উপজেলায় নিয়ে যান। ওইখান থেকে বাংলাদেশের গোগা সীমান্তে এক দালালের বাড়ি তিন দিন রাখেন। সেখান থেকে জাহাঙ্গীর নামের এক লোক ভারতের মুকন্দপুর নিয়ে যান। সেখান থেকে হুগলি জেলার টাউনসি থানার দক্ষিণ সুভাষ পল্লি নামের এক স্থানে নিয়ে যান। এখানে তাঁকে দুই দিন রাখা হয়। এ সময় আনোয়ারা বিভিন্ন অচেনা লোক নিয়ে এসে রোকসানাকে দেখান এবং টাকার হিসাব করেন। কেন ভারতে নিয়ে এসেছে রোকসানা জানতে চাইলে আনোয়ারা বলেন, ‘তোমাকে বিয়ে দিয়েছি। তোমার স্বামীর সঙ্গে মুম্বাই যেতে হবে।’ সে বিয়ে হয়নি বলে প্রতিবাদ করলে ইয়ার আলী নামের একজন বলেন, ‘তোমার সঙ্গে আমার বিয়ে হয়েছে। তোমাকে যেখানে নিয়ে যাব, আমার সঙ্গে সেখানে যেতে হবে।’রোকসানার ভাই মোস্তাফা ভারতের দানকুনিতে রেল ওয়াগনের খালাশের কাজ করেন। এদিকে এ ঘটনা জানাজানির পর তিনি বিভিন্ন জায়গায় খোঁজ করতে থাকেন। অবশেষে দক্ষিণ সুভাষ পল্লিতে তাঁর খোঁজ পায়। এ এলাকার একটি ক্লাবের প্রভাবশালী সদস্য হূতিকের সহযোগিতায় স্থানীয় থানা পুলিশের সহায়তায় রোকসানাকে উদ্ধার করে নিয়ে আসেন। এ সময় আনোয়ারা, জাহাঙ্গীর ও ইয়ার ওখানে উপস্থিত ছিলেন। তাঁরা এর কিছুদিন পর বরনডালির বাড়ি ফিরে এলে এলাকাবাসী আনোয়ারাকে গণধোলাই দিয়ে রুনুর খবর জানতে চায়। এ সময় কেশবপুর থানা পুলিশ আনোয়ারাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। কয়েক শ লোকের সামনে আনোয়ারা রুনুকে নিয়ে যাওয়ার কথা স্বীকার করেন।রুনুর বাবা মুজিবুর রহমান অভিযোগ করেন, ‘পুলিশ আনোয়ারাকে ৫৪ ধারায় চালান দেওয়ায় সে খুব সহজেই বেরিয়ে এসেছে। পুলিশ অনোয়ারাকে জিজ্ঞাসাবাদ করলে আমার মেয়েকে আমি ফিরে পেতাম।’ বরনডালি বাজারের কাপড় ব্যবসায়ী রেজাউল ইসলাম বলেন, ‘আমি দেখেছি রোববার আসরের সময় রুনুর পেছনে অনোয়ারা যাচ্ছে।’ একই গ্রামের ভ্যানচালক সুজ্জাত বলেন, ‘বরনডালি বাজারের আগে রুনুর পেছনে আনোয়ারা হেঁটে যাচ্ছিল।’এদিকে এই আনোয়ারার বিরুদ্ধে মির্জানগর গ্রামের শেখ মাহমুদ আলী তাঁর ছেলে শেখ হেলালকে (২৬) পাচারের অভিযোগ করেছেন। তিনি জানান, আনোয়ারার সঙ্গে তাঁর ছেলে একসঙ্গে ইটভাটায় কাজ করত। আনুমানিক দুই মাস আগে বাড়ি এসে পুনরায় ভাটায় ফিরে যাবে বলে বাড়ি থেকে বের হয়ে সে আর ফিরে আসেনি। পরিবারের দাবি, হেলাল সহজ-সরল প্রকৃতির ছেলে। সরলতার সুযোগে তাকে পাচার করা হয়েছে।বরনডালি গ্রামের বাসিন্দা আবদুল আহাদ বলেন, আনোয়ারা এই এলাকায় একটি সংঘবদ্ধ চক্র গড়ে তুলেছে। এখনই তার বিরুদ্ধে ব্যবস্থা না নিলে আরও অনেকেই পাচারের শিকার হবে।স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য নুর মোহাম্মদ বলেন, ‘আনোয়ারা নারী পাচার করছে। এর পেছনে এলাকার একটি প্রভাবশালী মহল ইন্ধন দিচ্ছে। এই চক্রের জন্য এলাকার শিশুরা নিরাপদে চলতে পারছে না। শিশুরা শিক্ষাপ্রতিষ্ঠানে যেতে ভয় পাচ্ছে। কিশোরীরা বাইরে এলে মা-বাবারা সঙ্গে করে নিয়ে যাচ্ছেন।’ব্র্যাক স্কুলের তৃতীয় শ্রেণীর ছাত্রী সোনালী খাতুনের সঙ্গে কথা বলতে চাইলে সে ভয়ে বাড়ি চলে যায়। পরে পরিবারের লোকদের সামনে বলে, ‘ভয়ে তারা অপরিচিত লোকদের সঙ্গে কথা বলে না।’ একই অবস্থা গ্রামের সব শিশুর ক্ষেত্রে।অভিভাবক মহিবুল ইসলাম বলেন, ‘ভারতে পাচারের ভয়ে বাচ্চাদের নিজেরা স্কুলে দিয়ে আসছি, আবার নিয়ে আসছি। অন্য সময় বাচ্চাদের বাড়িতে আটকিয়ে রাখি।’ এদিকে এই নারী পাচারকারীর (আনোয়ারা) বিরুদ্ধে মামলা করার সাহস পাচ্ছে না রোকসানার পরিবার। আনোয়ারা তাঁর পরিবারকে হুমকি দিয়েছে, মামলা করলে গোটা পরিবার ধরে মেরে ফেলা হবে। অভিযোগ করেন, রোকসানার মা ছবিরননেসা। ‘মেয়ে বাড়ি ফেরার পর আনোয়ারা বিয়ে হয়েছে দাবি করে রোকসানাকে তার সঙ্গে দিয়ে দেওয়ার জন্য চাপ প্রয়োগ করছে।’অভিযুক্ত আনোয়ারা স্বামী পরিত্যক্তা। তিনি বরনডালি গ্রামের মৃত জহির উদ্দিনের মেয়ে। তিনি মায়ের সঙ্গে বাস করেন। তিনি নিজেকে ভাটার শ্রমিক হিসেবে পরিচয় দেন। অনোয়ারা প্রথম আলোর কাছে স্বীকার করেন, রোকসানা ও রুনুকে নিয়ে গেছেন। হেলালকে নিয়ে যাওয়ার কথা অস্বীকার করেন। তবে বিক্রি বা পাচারের উদ্দেশ্যে নিয়ে যাননি বলে দাবি করেন। কাজ দেওয়ার জন্য এ কাজ করেছেন বলেও তিনি দাবি করেন। তিনি বলেন, ‘আমার জামাইয়ের বড় ভাই কাদেরের কাছে মেয়েদের দিয়ে আসি। সে কী করে, তা আমি বলতে পারি না।’আনোয়ারার স্বীকারোক্তি মোতাবেক খোঁজ নিয়ে জানা গেছে, কাদেরের বাড়ি সারসা উপজেলার সীমান্তবর্তী পাচঘোলট গ্রামে। কাদেরের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘রোকসানাকে ভারতে পাঠানের ব্যাপারে আমি জানি তবে রুনু কোথায়, তা আমার জানা নেই। ওকে ফিরিয়ে দেওয়ার ব্যাপারে আমাকে অযথা চাপ দেওয়া হচ্ছে। হেলাল ভারতে একটি কোম্পানিতে কাজ করছে। আমি ফোনে কথা বলেছি, সে এক সপ্তাহের মধ্যে বাড়ি ফিরে আসবে।’ এদিকে রুনুর ভাই ইউনুস আলী বাদী হয়ে ৫ আগস্ট জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত গ অঞ্চলে আনোয়ারাকে আসামি করে একটি মামলা করেন। এ ব্যাপারে কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর রেজাউল রহমান জানান, আনোয়ারার বিরুদ্ধে কেউ অভিযোগ করেনি। তাই তাকে ৫৪ ধারায় চালান দেওয়া হয়েছে। কেউ অভিযোগ না করলে পুলিশ স্বপ্রণোদিত হয়ে কিছু করতে পারে না।কেশবপুরের নারীবাদী সংগঠন ভগ্নী নিবেদিতা মঞ্চের পরিচালক রত্না চন্দ্র বলেন, ‘পাচার হওয়া ব্যক্তিদের ব্যাপারে আমরা আইনগত সহায়তা দেব।’