রোকেয়া ও নজরুল বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ও ময়মনসিংহের ত্রিশালে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ দেওয়া হয়েছে। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে উপাচার্য হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর ও পপুলেশন সায়েন্সেস বিভাগের অধ্যাপক এ কে এম নূর উন নবী। আর জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে উপাচার্য হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক খোন্দকার আশরাফ হোসেন।রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য আবদুল হামিদের অনুমোদনক্রমে শিক্ষা মন্ত্রণালয় আজ রোববার এ বিষয়ে আদেশ জারি করেছে। শিক্ষাসচিব কামাল আবদুল নাসের চৌধুরী প্রথম আলো ডটকমকে এই তথ্য জানিয়েছেন।রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মু. আবদুুল জলিল মিয়ার নির্ধারিত মেয়াদ আগামীকাল শেষ হওয়ার কথা। কিন্তু তাঁর বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ওঠায় এক দিন আগেই তাঁকে অব্যাহতি দিয়ে নতুন উপাচার্য নিয়োগ দেওয়া হয়।বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের তদন্তেও আবদুুল জলিল মিয়ার বিরুদ্ধে ওঠা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ প্রমাণিত হয়েছে। মূলত এর পরই তাঁকে সরিয়ে দিয়ে নতুন উপাচার্য নিয়োগের জন্য প্রধানমন্ত্রীর কার্যালয়ে সারসংক্ষেপ পাঠায় শিক্ষা মন্ত্রণালয়, যা এখন চূড়ান্ত রূপ নিল।