রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছয় সহকারী প্রক্টরের পদত্যাগপত্র জমা
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছয় সহকারী প্রক্টর একযোগে পদত্যাগপত্র জমা দিয়েছেন। উপাচার্যবিরোধী আন্দোলনকারী শিক্ষক-শিক্ষার্থীদের ওপর পুলিশের বেধড়ক লাঠিপেটায় উদ্ভূত পরিস্থিতিতে তাঁরা এমন সিদ্ধান্ত নেন। গতকাল শনিবার রাতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের কাছে তাঁরা পদত্যাগপত্র জমা দেন।বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার শাহজাহান আলী মণ্ডল পদত্যাগপত্র পাওয়ার বিষয়টি নিশ্চিত করে প্রথম আলো ডটকমকে বলেন, ‘এসব আবেদন উপাচার্যের কাছে পাঠিয়ে দিয়েছি। তবে এ ব্যাপারে উপাচার্য মুহম্মদ আবদুল জলিল মিয়া কিছু বলেননি।’পদত্যাগপত্র জমাদানকারী ছয় সহকারী প্রক্টর হলেন বাংলা বিভাগের সহকারী অধ্যাপক শফিক আশরাফ, একই বিভাগের সহকারী অধ্যাপক রিশিন পরিমল, ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক আজিজুর রহমান, ইংরেজি বিভাগের প্রভাষক আসিফ আল মতিন, গণিত বিভাগের সহকারী অধ্যাপক কমলেশ চন্দ্র রায় ও রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক তারিকুল ইসলাম।পদত্যাগের ব্যাপারে ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক আজিজুর রহমান বলেন, ‘উপাচার্য স্যার এখনো আমাদের সঙ্গে কোনো কথা বলেননি।’এদিকে উপাচার্যবিরোধী দুর্নীতিবিরোধী গণমঞ্চের অন্যতম উদ্যোক্তা গণিত বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক হাফিজুর রহমান বিশ্ববিদ্যালয় খোলার দিন থেকে উপাচার্যের পদত্যাগের দাবিতে আন্দোলন শুরুর ঘোষণা দেন। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে আহত পাঁচ শিক্ষক-কর্মকর্তার মধ্যে কম্পিউটার সায়েন্স বিভাগের বিভাগীয় প্রধান ইলিয়াছ প্রামাণিক ও পরিসংখ্যান বিভাগের সহকারী অধ্যাপক আশরাফুল আলম চিকিত্সাধীন আছেন। বাকিদের ছেড়ে দেওয়া হয়েছে।চার শিক্ষক ও দুই কর্মকর্তার সাময়িক বরখাস্তের আদেশ প্রত্যাহার ও উপাচার্যের দুর্নীতি-অনিয়মের প্রতিবাদ ও পদত্যাগের দাবিতে গতকাল আন্দোলনরত শিক্ষক-শিক্ষার্থীরা একাডেমিক ভবনে তালা ঝুলিয়ে দেন। উপাচার্যের ভবন ঘেরাও করার সময় পুলিশ আন্দোলনকারীদের লাঠিপেটা করে। এ ঘটনার প্রতিবাদ করায় শিক্ষকেরাও পুলিশি হামলার শিকার হন।গত বৃহস্পতিবার রেজিস্ট্রার শাহজাহান আলী মণ্ডল স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে গণিত বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক হাফিজুর রহমান, হিসাববিজ্ঞানের সহকারী অধ্যাপক আপেল মাহমুদ, একই বিভাগের প্রভাষক উমর ফারুক, বাংলা বিভাগের সহকারী অধ্যাপক তুহিন ওয়াদুদ, সহকারী পরিচালক মাহমুদুর রহমান ও সহকারী রেজিস্ট্রার আমিনুর রহমানকে সাময়িক বরখাস্ত করা হয়।বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মুহম্মদ আবদুল জলিল মিয়ার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ এনে সুষ্ঠু তদন্ত এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সমস্যা সমাধানের দাবিতে গত ৫ জানুয়ারি শিক্ষক-শিক্ষার্থীরা দুর্নীতিবিরোধী গণমঞ্চ গঠন করে আন্দোলন শুরু করেন। গত ১০ জানুয়ারি ছাত্রলীগের ব্যানারে বহিরাগতরা হামলা চালালে ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক মতিউর রহমান ও বাংলা বিভাগের সহকারী অধ্যাপক তুহিন ওয়াদুদ আহত হন। এদিন থেকেই বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়। দীর্ঘদিন বন্ধ থাকার পর গত ২৮ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয় খুলে দেওয়া হয়। এর এক মাস ২০ দিন পর উপাচার্যবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে সহিংস ঘটনায় আবারও বিশ্ববিদ্যালয় গতকাল বন্ধ ঘোষণা করা হয়।