জগন্নাথ হল বাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব ছাত্রাবাসেই ওয়াইফাই সংযোগ আছে। অথচ ছাত্রীদের কোনো হলেই ওয়াইফাই সংযোগ নেই।১৮ সেপ্টেম্বর ‘ঢাকায় থাকি’তে এমন প্রতিবেদন ছাপা হলে কিছুটা হলেও টনক নড়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। কারণ এর কয়েক দিন পরেই রোকেয়া হলে ওয়াইফাই সংযোগ দেওয়া হয়েছে। এখানকার আবাসিক শিক্ষার্থী মাসুমা রহমান বলেন, ‘হলের সাইবার ক্যাফেতে গিয়ে আর অপেক্ষা করতে হচ্ছে না। আবার ইন্টারনেট সংযোগ বাবদ মডেমের খরচও লাগবে না।’এ প্রসঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্যপ্রযুক্তি ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক জুলফিকার হাফিজ বলেন, সবেমাত্র রোকেয়া হলের একটি ভবনে সংযোগ দেওয়া হয়েছে। এরপর বাকি ভবনগুলো এবং রোকেয়া হলের ভেতরের ফয়জুন্নেছা হলেও সংযোগ দেওয়া হবে। বাকি থাকবে না শামসুন্নাহার হল, বাংলাদেশ কুয়েত মৈত্রী হল এবং বেগম ফজিলাতুন্নেসা মুজিব হলও। তবে হল কর্তৃপক্ষকে এ জন্য সবার আগে এগিয়ে আসতে হবে। তাঁরা যদি বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট দপ্তরে নিজেদের ওয়াইফাই সংযোগের প্রয়োজনীয়তার কথা জানিয়ে আবেদন করেন, তবে ওয়াইফাই সংযোগ দেওয়ার বিষয়টি বিবেচনায় নেওয়া হয়।এদিকে জগন্নাথ হলে ওয়াইফাই সংযোগ দেওয়ার দাবি করেছেন এই হলের ছাত্ররা। —শারমিন নাহার