রোকেয়া হলের খাবার খেয়ে ১৬ ছাত্রী অসুস্থ
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বেগম রোকেয়া হলের ডাইনিংয়ে দুপুরের খাবার খেয়ে ১৬ জন ছাত্রী অসুস্থ হওয়ার খবর পাওয়া গেছে। তাঁদের মধ্যে দুজনকে গতকাল রাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের বিশ্ববিদ্যালয় চিকিত্সাকেন্দ্রে প্রাথমিক চিকিত্সা দেওয়া হয়।অসুস্থ ছাত্রীরা হলেন: অর্থনীতি বিভাগের অন্তিকা চাকমা, ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের শাপলা আক্তার, ফলিত রসায়ন বিভাগের হাবিবা, ভাষা বিভাগের সেলিনা সুলতানা, প্রীতি, শারমিন আক্তার ও কণিকা কুণ্ডু। অন্যদের নাম পাওয়া যায়নি। রোকেয়া হলের ছাত্রীরা জানান, গতকাল দুপুরে এই হলের ডাইনিংয়ে মৈত্রী ডরমেটরির শিক্ষার্থীরা ইলিশ মাছ দিয়ে ভাত খান। খাবারের পরপর সাতজন শিক্ষার্থী বমি করতে শুরু করেন। পরে তাঁদের ডায়রিয়া দেখা দেয়। বিষয়টি হল প্রশাসনকে জানালে তারা এ ব্যাপারে কোনো গুরুত্ব দেয়নি। রাতে একই খাবার খেয়ে আরও আট-নয়জন ছাত্রী অসুস্থ হয়ে পড়েন। এর আগেও একবার হলের খাবার খেয়ে ছাত্রীরা অসুস্থ হয়েছিলেন বলে তাঁরা জানান। বিশ্ববিদ্যালয়ের চিকিত্সক সলিল রঞ্জন বলেন, হলের খাবার থেকে এ ধরনের সমস্যার সৃষ্টি হতে পারে। গতকাল দুপুরে এ সমস্যার কারণে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় চিকিত্সাকেন্দ্রে আসেন। আশঙ্কাজনক অবস্থায় দুজন ছাত্রীকে রাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।রোকেয়া হলের প্রাধ্যক্ষ জান্নাতুল ফেরদৌস জানান, ছাত্রীদের প্রাথমিক চিকিত্সা দেওয়া হয়েছে। দুপুরের খাবার থেকে এমনটা হতে পারে। ডাইনিং হলের ম্যানেজার আবুল কাশেমকে এ ব্যাপারে কারণ দর্শাতে বলা হয়েছে।