রোগ প্রতিরোধক ক্ষমতার গবেষণায় নোবেল পেলেন তিন বিজ্ঞানী
২০১১ সালের চিকিত্সাশাস্ত্রে যৌথভাবে নোবেল পুরস্কার পেলেন মার্কিন যুক্তরাষ্ট্রের ব্রুস বয়েটলার, লুক্সেমবার্গের জুলস হফম্যান আর কানাডার রালফ স্টাইনমান। আজ সোমবার সুইডেনের স্টকহোমে এ ঘোষণা দেওয়া হয়।এ বছরের প্রথম নোবেলজয়ী হিসেবে এই তিনজনের নাম ঘোষণা করল নোবেল কমিটি। মানবশরীরের রোগ প্রতিরোধক ব্যবস্থা বা ইমিউন সিস্টেমকে আরও স্পষ্ট করে বোঝার ক্ষেত্রে এই তিনজনের যৌথ গবেষণা অভিনব এবং চিকিত্সাবিজ্ঞানকে তা আরও এগিয়ে নিয়ে যাবে—পুরস্কার ঘোষণার পর কারণ হিসেবে এ কথাই বলেছেন জুরিরা।মানবশরীরের রোগ প্রতিরোধক ক্ষমতার সম্পূর্ণ ব্যাখ্যা চিকিত্সাবিজ্ঞানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই তিন বিজ্ঞানী সেই দুরূহ বিষয়টি নিয়ে তাঁদের গবেষণার সাহায্যে যা বোঝাতে পেরেছেন, তা ক্যানসার, হাঁপানি, রিউমাটয়েড আর্থারাইটিসসহ বেশ কিছু জন্মগত অসুখের প্রতিরোধক গড়ার ক্ষেত্রে সহায়ক হয়ে উঠবে।পুরস্কারের মোট অর্থ ১০ লাখ আট হাজার মিলিয়ন ইউরো এই তিন বিজ্ঞানীর মধ্যে ভাগ করে দেওয়া হবে।১৮৯৬ সালের ১০ ডিসেম্বর নোবেল পুরস্কারের প্রণেতা সার আলফ্রেড নোবেলের মৃত্যু হয়েছিল। প্রতিবছর সেই দিনটিতেই স্টকহোমে নোবেল পুরস্কার প্রদান অনুষ্ঠানে সম্মানিত হয়ে থাকেন সে বছরের নোবেল বিজয়ীরা। চিকিত্সায় নোবেল বিজয়ী তিনি বিজ্ঞানীকেও সেদিনই সম্মানিত করা হবে।কাল মঙ্গলবার পদার্থবিদ্যা এবং পরের দিন বুধবার রসায়নবিদ্যায় নোবেল পুরস্কার ঘোষণা করা হবে।আগামী শুক্রবার ৭ অক্টোবর শান্তিতে এবং ১০ অক্টোবর সোমবার অর্থনীতিতে নোবেল পুরস্কার ঘোষণা দেওয়া হবে। সিএনএন।