রোগটি পিছু ছাড়ছে না!
চার বছর আগে ১৫ বছর বয়সে প্লিহা (ম্যাসিব স্পিলিনোসেগ্যালি) রোগে আক্রান্ত হয়ে বিনা চিকিৎসায় মারা গেছে বড় ছেলে গোলাম মোস্তফা। একই রোগে আক্রান্ত পরের দুই ছেলে সুমন (১৩) ও নূর নবী (২)। মাসে মাসে তাদের দেহে রক্ত দিতে হয়। তারা দিন দিন মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে। চিকিৎসক শিগগির তাদের অপারেশন করার কথা জানিয়ে দিয়েছেন। কিন্তু টাকার অভাবে তাদের অপারেশন হচ্ছে না।যশোর সদর উপজেলার সুলতানপুর গ্রামের দিনমজুর আশরাফ আলী ও তাঁর স্ত্রী রেক্সোনা বেগম আক্রান্ত দুই ছেলেকে নিয়ে সম্প্রতি প্রথম আলোর যশোর অফিসে এসে তাঁদের এ দুর্দশার কথা জানান। আশরাফ আলী বলেন, দেড় কাঠা জমির ওপর ভিটে-বাড়ি ছাড়া আর কিছুই নেই তাঁর। দিনমজুরি করে সংসার চলে। তার ওপর মাসে মাসে দুই ছেলেকে রক্ত দিতে হয়, ওষুধ কিনতে হয়। একবার রক্ত দিতে ৭০০ টাকা খরচ হয়। অভাবের সংসার, তাই নিয়ম করে তাদের চিকিৎসা করাতে পারছি না। আবার এ রোগটিও পিছু ছাড়ছে না।তাদের চিকিৎসক এস কে দাস মিলন এ ব্যাপারে প্রথম আলোকে বলেন, ‘তারা যে রোগে আক্রান্ত তা অনেকটা থ্যালাসেমিয়া রোগের মতো। লিভারের পাশে প্লিহা থাকে, সেটি আক্রান্ত হয়েছে। দ্রুত অপারেশনের মাধ্যমে সেটি অপসারণ করতে হবে। তা না হলে সেটি ক্যানসারে রুপ নিতে পারে। দুইজনের এ অপারেশন করতে খরচ পড়বে লক্ষাধিক টাকা। জন্মগতভাবেই তারা এ রোগে আক্রান্ত। তাই অপারেশন করার পরই তারা সুস্থ হয়ে যাবে, এমনটি নাও হতে পারে।’দিনমজুর আশরাফ আলী তাঁর দুই ছেলেকে বাঁচানোর জন্য আর্থিক সাহায্যের আবেদন জানিয়েছেন। সাহায্য পাঠানোর ঠিকানা—অগ্রণী ব্যাংক, যশোর ঝুমঝুমপুর শাখা, হিসাব নম্বর ১২৯২০।