রোগী অপেক্ষায় চিকিৎসক নেই!
আদরের ছোট ভাইটি অসুস্থ, মা কাজ করেন অন্যের বাড়িতে। তাই অসুস্থ ছোট ভাইকে কোলে নিয়ে তিলপাড়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্রে এসেছে ১২-১৩ বছরের মায়া। কিন্তু এসে দেখল গেট বন্ধ, চিকিৎসক নেই। তাই দাঁড়িয়ে আছে চিকিৎসকের আশায়। দাসউরা গ্রামের ৬০ বছরের তছিরুন বিবি তাঁর অসুস্থ নাতিকে নিয়ে বসে আছেন বন্ধ স্বাস্থ্যকেন্দ্রের বারান্দায়। বললেন, ‘অতখান জাগা আঠিয়া আইছি বেমার নাতি লইয়া। বেইল ১২টা অই গেছে। এখন পর্যন্ত দরজা বন্ধ, হুনিয়ার ডাক্তর সাব নাই। এখনই বেমার ছাবাল লইয়া কই যাই?’ ১৮ জানুয়ারি স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে এ রকম চিত্রই চোখে পড়ে।প্রতিদিন এভাবে এগ্রাম ওগ্রাম থেকে তিলপাড়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্রে এসে চিকিৎসক না পেয়ে ফিরে যান অনেক রোগী। উপজেলার ৮ নম্বর তিলপাড়া ইউনিয়নের উত্তর দাসউরা, দক্ষিণ দাসউরা, রজব, সদরপুর, চান্দলা, আলীপুর, নালগ্রাম, বাদে জলঢুপ, কামারকান্দি, পীরের চক, সানেশ্বর, গাংকুল, উলুউরী ও ইনাম গ্রামের প্রায় ২০ হাজার মানুষের স্বাস্থ্যসেবার জন্য একমাত্র ভরসার জায়গা এই স্বাস্থ্যকেন্দ্র। অথচ এর এ অবস্থা প্রায় দুই বছর ধরে। দুই বছর আগে এখানে উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার পদে ছিলেন ডা. নুরুন নাহার। তাঁর বদলি হওয়ার কিছুদিন পর ডা. অমিনুল ইসলাম এখানে যোগ দেন। কিন্তু যোগদান করলেও ঠিকমতো দায়িত্ব পালন করেননি তিনি।স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, আবাসিক হলেও স্বাস্থ্যকেন্দ্রে না থেকে তিনি থাকতেন বিয়ানীবাজার সদরে। বেলা ১১টার দিকে এসেই চলে যেতেন চেম্বারে। স্বাস্থ্যকেন্দ্রে রোগী এসে তাঁকে পেত না। অতিরিক্ত উপার্জনের আশায় দাসউরা বাজারে চেম্বার করেছিলেন তিনি। কেন্দ্রে না বসে ওখানে সময় দিয়েও ব্যবসা জমাতে পারেননি তিনি। তাই অল্পদিনের মধ্যেই বদলি নিয়ে চলে যান অন্যত্র। সেই থেকে স্বাস্থ্যকেন্দ্রটি চিকিৎসকশূন্য। ভিজিটর পদে কাজ করছেন রুনা লায়লা নামের একজন। তাঁকেও নিয়মিত পাওয়া যায় না বলে অভিযোগ রোগীদের।সরেজমিনে ১৮ জানুয়ারি স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে দেখা পাওয়া মায়া ও তছিরুন বিবি জানান, ভেতর থেকে দরজা বন্ধ। অনেক ডাকাডাকিতেও কেউ দরজা খুলছে না।প্রতিবেদকের উপস্থিতিতে স্থানীয় লোকজনও ডাকাডাকি করল। কিন্তু কে শোনে কার ডাক। অবশেষে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তার কাছ থেকে ফোন নাম্বার জোগাড় করে ফোন করা হয় ভিজিটর রুনা লায়লাকে। তিনি জানান, লোকবলসংকটে তিলপাড়ার পাশাপাশি একই সঙ্গে মাথিউরা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্রেও দায়িত্ব পালন করতে হয় তাকে। তাই যখন মাথিউরা স্বাস্থ্যকেন্দ্রে থাকেন তখন তিলপাড়া স্বাস্থ্যকেন্দ্র বন্ধ রাখতে হয়। তিনি আরও বলেন, ‘দীর্ঘদিন থেকে উপসহকারী কমিউনিটি চিকিৎসা কর্মকর্তা না থাকায় এক সঙ্গে দুই দায়িত্ব ও দুই কেন্দ্র সামাল দিতে গিয়ে হাঁফিয়ে উঠেছি। এতে আমার নিজেরও কষ্ট, রোগীরও কষ্ট।’ স্থানীয় শিক্ষক আজিম উদ্দিন বলেন, এই স্বাস্থ্যকেন্দ্রে দুই বছর আগেও ভালো চিকিৎসাসেবা পাওয়া যেত। কাটাছেঁড়াসহ সাধারণ সব রোগ ও দুর্ঘটনার চিকিৎসা পাওয়া যেত। বড় কোনো রোগ না হলে খুব একটা শহরমুখী হতো না এলাকার মানুষ। কিন্তু এখন ডাক্তারই নেই। তাই সাধারণ কোনো কিছু হলেই ছুটতে হয় বিয়ানীবাজার সদরে।এ বিষয়ে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবুল মনসুর আসজাদ বলেন, ‘শুধু বিয়ানীবাজার নয়, সারা দেশেই উপসহকারী কমিউনিটি চিকিৎসা কর্মকর্তার পদে লোকবল কম। বিয়ানীবাজারে মোট সাতটি স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্রেরও মধ্যে তিনটিতেই এই পদে লোক নেই। আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর আবেদন করেছি। তবে কবে লোক পাওয়া যাবে তা নিশ্চিত নই।’