বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) স্ত্রীরোগ ও প্রসূতিবিদ্যা বিভাগের শিক্ষক ও পরামর্শকের সংখ্যা ৪৪ জন। তাঁদের মধ্যে গতকাল শনিবার উপস্থিত ছিলেন মাত্র আটজন। হাজিরা খাতায় উপস্থিতির সই থাকলেও বাকি ৩৬ চিকিৎসককে সারা দিনে কর্মস্থলে পাওয়া যায়নি। তাঁরা কোথায় গেছেন, সে সম্পর্কে জানতে চাইলে বিএসএমএমইউয়ের উপাচার্য কিংবা বিভাগীয় প্রধান কেউই সঠিক কোনো তথ্য জানাতে পারেননি।গতকাল বেলা ১১টা থেকে এই প্রতিনিধির খোঁজাখুঁজির ফলে এসব চিকিৎসকের অনুপস্থিতির বিষয়টি জানাজানি হয়। একপর্যায়ে বিএসএমএমইউয়ের নির্ভরযোগ্য একটি সূত্র জানায়, রোগী ফেলে এসব চিকিৎসকের এক অংশ ‘কেয়ার হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক (প্রাইভেট) লিমিটেড’ নামে বেসরকারি একটি ক্লিনিকের কর্মশালায় যোগ দিতে গেছে। অন্য অংশ গেছে ‘দি অবসটেট্রিক্যাল অ্যান্ড গাইনোকোলজিক্যাল সোসাইটি অব বাংলাদেশ (ওজিএসবি)’ আয়োজিত আরেকটি অনুষ্ঠানে। সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, কেয়ার হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক হলেন বিএসএমএমইউয়ের স্ত্রীরোগ ও প্রসূতিবিদ্যা বিভাগের অধ্যাপক পারভীন ফাতেমা। তিনি নিজেও গতকাল বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত ছিলেন।অবশ্য পরে বিভাগীয় চেয়ারম্যান অধ্যাপক আনোয়ার হোসেন প্রথম আলোকে বলেছেন, তাঁর বিভাগের দুজন চিকিৎসক একটি অনুষ্ঠানে যোগদানের কথা বলে সকালে তাঁর কাছে মৌখিকভাবে অনুমতি চাইলে তিনি অনুমতি দেন। বাকিদের ব্যাপারে তিনি কিছু জানাতে পারেননি।সংশ্লিষ্ট আরেকটি সূত্র জানায়, পারভীন ফাতেমা ছাড়া বাকি চিকিৎসকেরা গতকাল সকালে কর্মস্থলে হাজিরা খাতায় সই করেই চলে যান। অবশ্য পারভীন ফাতেমা প্রায় এক সপ্তাহ ধরে ‘কেয়ার হসপিটাল সেকেন্ড লাইভ হিসটেরোস্কপিক অ্যান্ড ল্যাপারোস্কপিক’ কর্মশালার দাওয়াত কার্ড বিলি করা নিয়ে ব্যস্ত ছিলেন। কিন্তু তিনি বিশ্ববিদ্যালয় থেকে কোনো ছুটি নেননি। তাঁর স্বামী বিএসএমএমইউয়ের দায়িত্বশীল পদে আছেন। গতকাল এ নিয়ে খোঁজখবর করতে গেলে বেলা আড়াইটার দিকে পারভীন ফাতেমার পক্ষে তাঁর স্বামী একটি ছুটির দরখাস্ত জমা দেওয়ার চেষ্টা করেন বলে একটি সূত্র জানায়।এ ব্যাপারে বেলা দেড়টায় কথা হয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রাণ গোপাল দত্তের সঙ্গে। তিনি প্রথম আলোকে বলেন, ‘অফিস চলাকালীন সময়ে বাইরে কোনো কর্মশালা বা অনুষ্ঠানে অংশ নিতে কর্তৃপক্ষের অনুমতি লাগে। আমার কাছ থেকে এখন পর্যন্ত কেউ অনুমতি নেননি।’বিএসএমএমইউয়ের স্ত্রীরোগ ও প্রসূতিবিদ্যা বিভাগে ছয়জন অধ্যাপক, ১৪ জন সহযোগী অধ্যাপক, ১৭ জন সহকারী অধ্যাপক ও সাতজন পরামর্শক রয়েছেন। এই ৪৪ জনের মধ্যে গতকাল কর্মস্থলে বিভাগীয় চেয়ারম্যান, দুজন সহযোগী অধ্যাপক, তিনজন সহকারী অধ্যাপক ও দুজন পরামর্শককে পাওয়া গেছে।বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, বিএসএমএমইউতে সারা দেশ থেকে জটিল রোগীরা চিকিৎসা নিতে আসেন। আর প্রতি মাসেই একাধিক দিন কোনো না কোনো ওষুধ কোম্পানির আর্থিক সহযোগিতায় অফিস চলাকালে আয়োজিত কর্মশালা বা বৈজ্ঞানিক সেমিনার হয়। রোগী ফেলে শিক্ষক-চিকিৎসকেরা এসব অনুষ্ঠানে দল বেঁধে যোগ দেন বলে অভিযোগ রয়েছে। তবে ওই দিন যে অধ্যাপকের অধীন রোগী ভর্তি হওয়ার দিন ধার্য থাকে, সাধারণত তিনি ও তাঁর ইউনিটের চিকিৎসকেরা হাসপাতালে উপস্থিত থাকেন।জানতে চাইলে স্ত্রীরোগ ও প্রসূতিবিদ্যা বিভাগের চেয়ারম্যান আনোয়ার হোসেন বলেন, বিশ্ববিদ্যালয় শিক্ষাপ্রতিষ্ঠান। বেলা ১১টার পর কোনো শিক্ষামূলক অনুষ্ঠান থাকলে তাঁরা সাধারণত চিকিৎসকদের যাওয়ার অনুমতি দেন। চিকিৎসকেরা যত শিখবেন, রোগীদের তত লাভ। অফিস চলাকালে চিকিৎসকেরা এভাবে অনুপস্থিত থাকলে রোগীদের কোনো অসুবিধা হয় কি না, এ প্রশ্নের জবাবে আনোয়ার হোসেন বলেন, জরুরি অবস্থা সামাল দিতে সবসময় কয়েকজন চিকিৎসক থাকেন। তিনি বলেন, বেলা আড়াইটার পর কোনো অনুষ্ঠান হলে চিকিৎসকেরা যেতে চান না বলেই আয়োজকেরা অফিস চলাকালীন সময়টা বেছে নেন। কারণ, বেশির ভাগ চিকিৎসক সন্ধ্যার পর ব্যক্তিগত চেম্বারে রোগী দেখেন।বিএমডিসির অনুমতি ছাড়াই বিদেশি চিকিৎসক এনে কর্মশালা: বেসরকারি এই হাসপাতালটিতে গতকাল গিয়ে দেখা যায়, ভারত থেকে আসা মুম্বাইয়ের সঞ্জীবনী এন্ডোস্কপি সেন্টারের পরামর্শক ও পরিচালক নীতা রাজীব ওয়ার্তির সঙ্গে অস্ত্রোপচারে অংশ নেন অধ্যাপক পারভীন ফাতেমা। পঞ্চম তলায় অস্ত্রোপচার চলছিল আর তা তৃতীয় তলায় প্রজেক্টরের মাধ্যমে দেখানো হচ্ছিল।বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি) সূত্র জানায়, বিদেশি কোনো চিকিৎসক এ দেশে এ ধরনের কোনো কার্যক্রম চালাতে চাইলে বিএমডিসির অনুমতি নিতে হয়।অনুমতি নেওয়া হয়েছে কি না, জানতে চাইলে কেয়ার হসপিটালের মহাব্যবস্থাপক মো. আসাদুজ্জামান বলেন, তিনি বিষয়টি জানেন না। পারভীন ফাতেমা বলতে পারবেন। কেয়ার হসপিটালে গিয়ে এবং পরে মুঠোফোনে একাধিকবার চেষ্টা করেও এ বিষয়ে পারভীন ফাতেমার কোনো বক্তব্য পাওয়া যায়নি।তবে বিএমডিসির রেজিস্ট্রার মো. জাহেদুল হক বাসুনিয়া প্রথম আলোকে বলেন, ভারতীয় এই চিকিৎসক যে অনুমোদন ছাড়াই বাংলাদেশে অস্ত্রোপচার করছেন, তা পত্রিকা মারফত জানতে পেরে তাঁরা পুলিশকে জানিয়েছিলেন।