রোগী ফেলে চিকিৎসকদের মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাজ ফেলে আজ বুধবার বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) প্রায় ৩০০ শিক্ষক রাজধানীর শাহবাগের ব্যস্ত সড়কে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। যুদ্ধাপরাধীদের দ্রুত বিচারের দাবিতে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি এ কর্মসূচির আয়োজন করে।বিএসএমএমইউ চত্বরে গিয়ে জানা যায়, শিক্ষক সমিতির ডাকা মানববন্ধনে অংশ নিতে বহু চিকিৎসক তাড়াহুড়ো করে রোগী দেখার কাজ শেষ করেন। মানববন্ধনে অংশগ্রহণকারী চিকিৎসকেরা জানান, তাঁরা রোগী ‘ম্যানেজ’ করে তবেই রাস্তায় নেমেছেন।মো. শফিউর রহমান নামের এক চিকিৎসক প্রথম আলোকে বলেন, ‘বোঝেনই তো! একটা কর্মসূচি মাথায় থাকলে আপনা-আপনিই সব কাজ তাড়াতাড়ি হয়ে যায়। এখানে তো শুধু স্বাধীনতার সপক্ষের শক্তিরা সমবেত হয়েছেন। সব চিকিৎসক তো আর আসেননি।’শিক্ষক সমিতির পক্ষে আলী আজগর মোড়ল বলেন, যাঁদের বিরুদ্ধে মানববন্ধন করা হচ্ছে, তাঁরা মানবতাবিরোধী অপরাধ করেছেন। স্বাধীনতার ৪০ বছর পরও জাতি দায়মুক্ত হতে পারেনি। এ অবস্থায় বিএসএমএমইউ নিশ্চুপ বসে থাকতে পারে না।মানববন্ধন শেষে একটি সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক কামরুল হাসান খান বলেন, ভবিষ্যতে এ ধরনের আরও কর্মসূচি পালিত হবে।বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের মহাসচিব মো. শারফুদ্দিন আহমেদ, স্বাধীনতা চিকিৎসক পরিষদের মহাসচিব মো. ইকবাল আর্সলান, শিক্ষক সমিতির সভাপতি মোয়াজ্জেম হোসেন প্রমুখ সমাবেশে বক্তব্য দেন।