রোগীদের ভোগান্তিতে রেখে প্রতিবাদ কর্মসূচি
রাজধানীর মিটফোর্ড হাসপাতালের এক কর্মকর্তা লাঞ্ছিত হওয়ার ঘটনায় চিকিত্সক, কর্মকর্তা-কর্মচারী ও সেবিকারা আজ রোববার সকাল ১০টা থেকে বেলা একটা পর্যন্ত প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন। এতে হাসপাতালে আসা ও ভর্তি থাকা রোগীরা চরম ভোগান্তিতে পড়েছেন।হাসপাতাল সূত্রে জানা গেছে, গতকাল বেলা দুইটার দিকে কয়েকজন সশস্ত্র সন্ত্রাসী হাসপাতালের উপপরিচালক আবুল হাসেম খানের কক্ষে ঢুকে তাঁকে হত্যার হুমকি দেয় এবং শারীরিকভাবে লাঞ্ছিত করে। অভিযোগ রয়েছে, যুবলীগের ৬৬ নম্বর ওয়ার্ড সাধারণ সম্পাদক নাসিরের নেতৃত্বে এ ঘটনা ঘটেছে।ঘটনার প্রতিবাদে গতকালই হাসপাতালের চিকিত্সক-কর্মকর্তা-কর্মচারীরা ২৪ ঘণ্টার মধ্যে দোষী ব্যক্তিদের গ্রেপ্তারের দাবি জানান। অন্যথায় কর্মবিরতি পালনের ঘোষণা দেন। পুলিশ নাসিরকে গ্রেপ্তার করেছে বলে জানা গেছে।আজ সকালে ওই চিকিত্সক-কর্মকর্তা-কর্মচারীরা আরও সাত দফা দাবিতে দায়িত্ব বাদ দিয়ে প্রতিবাদ কর্মসূচি পালন করেন। এতে হাসপাতালের বহির্বিভাগ পুরোপুরি বন্ধ হয়ে যায়। এ ছাড়া হাসপাতালে ভর্তি থাকা রোগীরাও পড়ে চরম ভোগান্তিতে।চিকিত্সক-কর্মকর্তা-কর্মচারীদের সাত দফা দাবির মধ্যে অন্যতম হলো ঘটনায় জড়িতদের গ্রেপ্তার, হাসপাতালে কর্মরতদের নিরাপত্তা বিধান, হাসপাতালে স্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপন, হাসপাতালে কর্মরতদের ওপর হামলা প্রতিরোধে কঠোর আইন প্রণয়ন।কর্মসূচি আহ্বানকারীরা বলেছেন, তাঁরা কর্মবিরতি নয়, বরং ঘটনার প্রতিবাদ করেছেন। প্রতিবাদ কর্মসূচিতে সবাই অংশ নেওয়ায় হাসপাতালের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয়েছে। কর্মসূচির আহ্বায়ক চিকিত্সক আনোয়ার হোসেন হাওলাদার জানান, কর্তৃপক্ষের আশ্বাসের পরিপ্রেক্ষিতে তাঁরা আবার কাজ শুরু করেছেন।