রোগীর ওষুধ চুরি করে বিক্রির অভিযোগে আয়া গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের রোগীর ওষুধ চুরি করে বিক্রির অভিযোগে পুলিশ আজ বৃহস্পতিবার বিকেলে মিনু বেগম (৩০) নামের এক নারীকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার হওয়া মিনু নিজেকে হাসপাতালের স্পেশাল (ভাসমান) আয়া বলে দাবি করেছেন। পুলিশ ও হাসপাতাল সূত্র জানায়, আজ বিকেলে মিনু বেগম একটি পোটলায় ওষুধ বেঁধে হাসপাতালের জরুরি বিভাগের পাশের সেবা ফার্মেসিতে বিক্রি করতে যান। তিনি পোটলাটি খোলার পর সেখানে উপস্থিত দুই সাংবাদিক ওষুধগুলো দেখেন।রোগীর ওষুধ সন্দেহ করে মিনুকে হাসপাতালের ক্যাম্পে নিয়ে গেলে পুলিশ তাঁকে আটক করেন। এ সময় পুলিশ তাঁর কাছ থেকে ধমনীতে দেওয়ার ছয়টি স্যালাইন, ৯৫টি ডিস্ট্রিল ওয়াটার পান। পরে ক্যাম্পের পুলিশ হাসপাতালের পরিচালককে জানালে তিনি আটক স্যালাইনসহ মিনুকে শাহবাগ থানায় সোপর্দের নির্দেশ দেন। পরিচালক এর সঙ্গে জড়িতদের খুঁজে বের করে গ্রেপ্তারের নির্দেশ দেন। এ ব্যাপারে হাসপাতালের ওয়ার্ড মাস্টার আবুল হোসেন বাদী হয়ে মিনুকে আসামি করে শাহবাগ থানায় মামলা করেন। শাহবাগ থানার কর্তব্যরত উপপরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম জানান, থানায় দায়ের হওয়া মামলায় মিনুকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এর আগে হাসপাতালের পুলিশ ক্যাম্পে মিনু সাংবাদিকদের জানান, ১৭ নম্বর ওয়ার্ডের বয় আবদুর রহিম অস্ত্রোপচার কক্ষের রোগীদের স্যালাইন এনে তাঁকে বিক্রি করতে দেন। হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শহিদুল হক মল্লিক সাংবাদিকদের বলেন, হাসপাতালের রোগীকে প্রায় সব ধরনের ওষুধ দেওয়া হচ্ছে। কিছু আয়া ও ওয়ার্ড বয় রোগীদের অপ্রয়োজনীয় ওষুধ কিনিয়ে তা বাইরে বিক্রি করছে। তিনি এদের বিরুদ্ধে তত্পর রয়েছেন।