রোগীর কাছ থেকে ভ্যাট না আদায়ের রায় সুপ্রিম কোর্টেও বহাল
রোগীদের কাছ থেকে ভ্যাট আদায় অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায় বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) করা লিভ টু আপিল খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ।আজ বৃহস্পতিবার প্রধান বিচারপতি মোহাম্মদ ফজলুল করিমের নেতৃত্বে পাঁচ বিচারপতির বেঞ্চ এ আদেশ দেন।রিট আবেদনকারীর পক্ষে মনজিল মোরশেদ বলেন, হাইকোর্ট রোগীদের কাছ থেকে ভ্যাট আদায়সংক্রান্ত বিধান বাতিল ও অবৈধ ঘোষণা করে রায় দিয়েছিলেন। ওই রায়ের বিরুদ্ধে এনবিআর লিভ টু আপিল করে। আজ লিভ টু আপিল খারিজ হওয়ায় রোগীদের কাছ থেকে ভ্যাট আদায় অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায়ই বহাল থাকল।মনজিল মোরশেদ আরও বলেন, এ আদেশের ফলে এখন রোগীদের কাছ থেকে ভ্যাট আদায় করা যাবে না। সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোকেই ভ্যাট দিতে হবে।জানা যায়, সুপ্রিম কোর্টের তিনজন আইনজীবীর করা এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে গত বছরের ১৪ জুলাই হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ রোগীদের কাছ থেকে বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে চিকিত্সার ক্ষেত্রে রাগীেদের কাছ থেকে ভ্যাট নেওয়ার বিধান অবৈধ বলে রায় দেন।ওই রায়ের বিরুদ্ধে স্থগিতাদেশ চেয়ে এনবিআর আপিল বিভাগে আবেদন করে। এরই পরিপ্রেক্ষিতে ওই বছরের ৩ নভেম্বর আপিল বিভাগের চেম্বার বিচারপতি হাইকোর্ট রায়ের কার্যকারিতা স্থগিত করে তা আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে পাঠিয়ে দেন। এ সময় নিয়মিত লিভ টু আপিল দায়ের করতে বলা হয়।এই আবেদনের ওপর শুনানি শেষে আদালত আজ তা খারিজ করে দেন।রিটকারীর পক্ষে মনজিল মোরশেদ এবং এনবিআরের পক্ষে এ জে মনিরুজ্জামান মামলা পরিচালনা করেন।