রোগীর জন্য পানি জোটে না এখানে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একজন আহত, রক্তাক্ত ব্যক্তিকে নিয়ে ভটভটিটি থামল সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের ঝিলিম স্বাস্থ্য ও পরিবার কল্যাণকেন্দ্রের সামনে। তখন ২৯ সেপ্টেম্বর বেলা ১১টা। আহত ব্যক্তির সঙ্গীরা ধরাধরি করে রোগীকে ক্লিনিকের গেটে এনেই বিপাকে পড়লেন। গেটের সামনেই চওড়া একটি কাঁচা নালা। ভেতরে ঢুকতে হলে লম্বা পা ফেলে সেটি টপকে ঢুকতে হবে। রোগী আগলে নালা ডিঙানো সম্ভব না হওয়ায় তাঁরা শেষ পর্যন্ত নেমে পড়লেন নোংরা কাদায়। বহু কষ্টে তাঁরা রোগীকে ক্লিনিকে আনলেন।খোঁজ নিয়ে জানা গেল, আহত ব্যক্তি হচ্ছেন গোদাগাড়ী উপজেলার ছুটি পুকুর গ্রামের লিয়াকত আলী। তিনি ভটভটি থেকে পড়ে আহত হয়েছেন। ক্লিনিকের উপসহকারী কমিউনিটি চিকিৎসা কর্মকর্তা খায়রুল বাশার ও পরিবারকল্যাণ পরিদর্শক তানজিলা খাতুন দ্রুত তাঁকে প্রাথমিক চিকিৎসা দিয়ে সদর হাসপাতালে পাঠিয়ে দিলেন। এ সময় ক্লিনিকে চিকিৎসা নিতে আরও উপস্থিত ছিলেন রাজশাহীর তানোর উপজেলার তালুকপাড়ার শরিফা খাতুন, আবু বাক্কার, জুলি, কবিরুল, চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার নেজামপুর ইউনিয়নের বহরইল গ্রামের মুঞ্জুলী আইনুদ্দীন, সদর উপজেলার মিয়াপাড়ার সালেহ, নওশেরসহ ২০-২৫ জন। পরিবারকল্যাণ পরিদর্শক তানজিলা খাতুন জানান, ক্লিনিকটি চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলায় হলেও নাচোল ও রাজশাহী জেলার গোদাগাড়ী ও তানোর উপজেলার বহু গ্রাম কাছাকাছি বলে চার উপজেলার মানুষই এখানে চিকিৎসা নিতে আসে। প্রতিদিনই ২০০ থেকে ২৫০ জন রোগী এখানে চিকিৎসা নিতে জড়ো হয়। কিন্তু রোগীদের জন্য মাসে যে ওষুধ পাওয়া যায়, তা দিয়ে কোনোমতে এক সপ্তাহ চলে। বাকি সময়টা রোগীদের ব্যবস্থাপত্র নিয়েই সন্তুষ্ট থাকতে হয়।তানজিলা খাতুন আরও বলেন, ওষুধের চেয়েও এখানে প্রকট সমস্যা হচ্ছে পানি। ক্লিনিকের টিউবওয়েলটি তিন বছর যাবৎ নষ্ট। পানি সরবরাহের আর কোনো বিকল্প ব্যবস্থা নেই এখানে। কোনো কোনো সময় ক্লিনিকে আসা অসুস্থ রোগীকেও পান করার মতো পানি দেওয়া সম্ভব হয় না। তা ছাড়া গেট থেকে ক্লিনিক পর্যন্ত রাস্তাটি কাঁচা। বর্ষাকালে এ রাস্তার এঁটেল মাটিতে পিছলে পড়ার ভয় থাকে। সবচেয়ে বেশি কষ্ট হয় গর্ভবতী নারীদের। এ ছাড়া চিকিৎসা কর্মকর্তার কক্ষটিও অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। যেকোনো সময় এটি ধসে পড়তে পারে বলে শঙ্কা প্রকাশ করেন তানজিলা খাতুন।এ ছাড়া আরও একটি বড় সমস্যা হচ্ছে, ক্লিনিকের পাশেই বাসস্ট্যান্ড। বাসের হর্নের তীব্র শব্দে রোগীদের মারাত্মক সমস্যা হয়। এখানকার রোগীরা ক্লিনিকে একজন এমবিবিএস চিকিৎসক দেওয়ারও দাবি জানান।