রোগীর দুয়ারে হাসপাতাল!
রোগীরা হাসপাতালে যাচ্ছে না, হাসপাতাল রোগীর দ্বারে দ্বারে ঘুরে সেবা দিচ্ছে। দক্ষিণাঞ্চলে নদী যখন রোগীদের হাসপাতালে যেতে প্রতিবন্ধকতা সৃষ্টি করে, তখন রোগীদের পাশে চিকিৎসাসেবা দিতে উপস্থিত ‘ইমপ্যাক্ট জীবনতরী’ ভাসমান হাসপাতাল। হাসপাতালটি গত ২ অক্টোবর বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার আড়িয়াল খাঁ নদে নোঙর ফেলে।সরেজমিনে দেখা গেছে, আড়িয়াল খাঁ নদের পাড়ে হাসপাতালকে ঘিরে গড়ে উঠেছে অস্থায়ী ওষুধের দোকানসহ বেশ কয়েকটি খাবারের দোকান। এ হাসপাতালের চিকিৎসাসেবা নিতে গ্রাম-গঞ্জ ছাড়াও দূরদূরান্ত থেকে হাজার হাজার মানুষ ভিড় জমাচ্ছে। প্রতিদিন ভোর পাঁচটা থেকে ওই স্থানে রোগী ভিড় করতে শুরু করে। রোগীদের বসার জন্য নদীর পাড়ে ভাসমান ওই হাসপাতালের পক্ষ থেকে অস্থায়ী ব্যবস্থা করা হয়েছে। রয়েছে টিকিট কাউন্টার। কাউন্টার থেকে ২০ টাকা দিয়ে সিরিয়াল করে রোগী দেখা হচ্ছে।সকাল নয়টা থেকে দুইটা পর্যন্ত চলে রোগী দেখার পালা। চারজন বিশেষজ্ঞ চিকিৎসক রোগীদের ব্যবস্থাপত্র দেন। আউটডোরে প্রতিদিন গড়ে প্রায় ২০০ রোগীকে চিকিৎসাসেবা দেওয়া হয়। অবস্থা ভেদে নাক, কান, গলা অপারেশন, হাড়ভাঙা, ক্লাব ফুট (মুগুর পা) এবং ঠোঁট কাটা রোগীদের ভাসমান হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়। এ ছাড়া অনেক সময় প্লাস্টিক সার্জারির বিষয়েও চিকিৎসাসেবা দেওয়া হয় এখানে।হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. মাহবুব হোসেন প্রথম আলোকে বলেন, ‘নদীমাতৃক এই দেশে রোগীরাই যে শুধু হাসপাতালে যাবে তা নয়, হাসপাতাল কীভাবে রোগীর দ্বারে গিয়ে সেবা দিতে পারে, সেই ধারণা থেকেই ১১ বছর আগে ১৯৯৯ সালের ৫ এপ্রিল ইমপ্যাক্ট ফাউন্ডেশন বাংলাদেশ ইমপ্যাক্ট জীবনতরী ভাসমান হাসপাতাল গড়ে তোলে। সেই থেকে দেশের তিন লাখ ২৮ হাজার ৪৩৮ জন রোগী চিকিৎসাসেবা পেয়েছে। স্বল্পমূল্যে চোখের অপারেশন, ঠোঁটকাটার প্লাস্টিক সার্জারি ও হাড়ভাঙার চিকিৎসা পায় রোগীরা। এক হাজার থেকে দুই হাজার টাকায় জটিল হাড়ভাঙা, চোখ অপারেশন ও নাক-কান-গলার অপারেশ করা হয়। যা বিভিন্ন মেডিকেল কলেজ হাসপাতাল ও ক্লিনিকের চেয়ে একেবারেই নগণ্য। তার পরও রোগীর আর্থিক সামর্থ্য না থাকলে আরও কম মূল্যে এমনকি বিনামূল্যেও অপারেশন করা হচ্ছে। ইনডোরে অপারেশনের রোগীদের জন্য জীবন তরীর মধ্যে রয়েছে ২২ শয্যাবিশিষ্ট একটি কক্ষ। অপারেশনের পর রোগীদের ভাসমান হাসপাতালের অভ্যন্তরে রেখে চিকিৎসাসেবা দেওয়া হয়। এ সময় রোগীদের খাবার থেকে শুরু করে সব ওষুধ হাসপাতাল কর্তৃপক্ষ বহন করে। জটিল রোগ নির্ণয়ের জন্য বিভিন্ন সময় ঢাকা, এমনকি দেশের বাইরে থেকে চিকিৎসক এসে অপারেশন ও অন্যান্য চিকিৎসা দিয়ে থাকে।প্রযুক্তিগতভাবে উন্নত তিনতলাবিশিষ্ট এই ভাসমান হাসপাতালে রয়েছে শীতাতপনিয়ন্ত্রিত কম্পিউটার ল্যাব, সুসজ্জিত একটি অপারেশন থিয়েটার। অক্সিজেন মজুদ রাখা হয়েছে, দ্রুত রোগী আনা-নেওয়ার জন্য একটি এম্বুলেন্স, দুটি স্পিডবোট, দুটি মোটরসাইকেল রয়েছে। চারজন বিশেষজ্ঞ চিকিৎসকসহ মোট ৩৮ জন কর্মকর্তা-কর্মচারী সার্বক্ষণিক রোগীদের সেবায় নিয়োজিত থাকেন। একই সঙ্গে হাসপাতালের প্রশিক্ষণ কক্ষে রয়েছে ধাত্রী প্রশিক্ষণ ও স্বাস্থ্য শিক্ষা কার্যক্রম পরিচালনার জন্য প্রতিষ্ঠাতা স্যার জন ইউলসনের নামে ট্রেনিং অ্যান্ড রিসোর্স সেন্টার। দীর্ঘ ১১ বছরে হাসপাতালটি নদীমাতৃক বাংলাদেশের মাওয়া, আশুগঞ্জ, দাউদকান্দি, কুলিয়ারচর, ফেঞ্চুগঞ্জ, মার্কুলি, ভুয়াপুর, দৌলতদিয়া, রহিমাবাদ, মোল্লাহাট, গোবরা, নওয়াপাড়া, নরসিংদী, চাঁদপুর ও সর্বশেষ গোপালগঞ্জসহ একাধিক স্থানে নোঙর ফেলে সুবিধাবঞ্চিত সাধারণ মানুষের সেবা দিয়ে আসছে। দক্ষিণাঞ্চলের বরিশাল, দোয়ারিকা, ভাণ্ডারিয়া, আগৈলঝাড়া, নেছারাবাদ ও বাবুগঞ্জের মীরগঞ্জের বিভিন্ন নদীতে অবস্থান নিয়ে চিকিৎসাসেবা দিচ্ছে।জীবনতরীর প্রশাসনিক কর্মকর্তা নাজিবুল ইসলাম জানান, দেশে এর কার্যক্রম শুরু থেকে এ পর্যন্ত সর্বমোট তিন লাখ ২৮ হাজার ৪৩৮ জন রোগী ভাসমান হাসপাতাল থেকে চিকিৎসাসেবা নিয়েছে। এর মধ্যে সার্জিকেল বিভাগে ২৭ হাজার ৭৪৬ জন, চক্ষুর ছানি অপারেশন করা হয়েছে ২০ হাজার ৪১০ জনের এবং ঠোঁটকাটার প্লাস্টিক সার্জারি করা হয়েছে ৫৫০ জন রোগীর। তিনি জানান, ভাসমান এ হাসপাতাল ছাড়াও দেশের চুয়াডাঙ্গা ও মেহেরপুরে দুটি স্থাপত্য হাসপাতাল রয়েছে এ প্রজেক্টের। সেখানেও একইভাবে রোগীদের সেবা কার্যক্রম পরিচালিত হচ্ছে। দেশের যেসব এলাকায় জীবনতরী ছুটে যেতে পারে না, সেসব এলাকায় স্থাপত্য হাসপাতালের নির্মাণের পরিকল্পনা আছে এ প্রকল্পের।এত কিছুর পরও বিশেষ একটি সমস্যার কথা জানান ডা. মাহবুব হোসেন। তিনি বলেন, ‘এবারই প্রথম আমরা বিদ্যুৎসংযোগ পাইনি। এখানে আসার আগে জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষের কাছে অনুরোধ করেও গত এক মাসে সংযোগ পাইনি। ফলে জেনারেটর দিয়ে আমাদের সব কাজ চালাতে হচ্ছে। বিদ্যুৎসংযোগ পেলে আমাদের জন্য চিকিৎসাসেবা দেওয়া আরও সহজ হবে।