রোগীর বাড়ি গিয়ে অস্ত্রোপচার!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাম আবদুল মজিদ। বাড়ি নওগাঁর নিয়ামতপুর উপজেলার হাজিনগর ইউনিয়নের নূরপুর গ্রামে। বয়স ৬০ বছর। উচ্চমাধ্যমিক পাস। সাধারণত রোগীর বাড়ি বাড়ি গিয়ে তিনি ছোট-বড় অস্ত্রোপচার করেন। মজিদের দাবি, পল্লিচিকিৎসকের একটি সনদ রয়েছে তাঁর। বিভিন্ন নামকরা চিকিৎসকের কাছে তিনি তালিমও নিয়েছেন। একসময় তিনি নওগাঁর নিয়ামতপুর, মহাদেবপুর, সাপাহার ও মান্দা এবং চাঁপাইনবাবগঞ্জের নাচোল ও গোমস্তাপুর উপজেলায় চিকিৎসা দিতেন। এখন নওগাঁর কয়েকটি উপজেলায় চিকিৎসাসেবা দিচ্ছেন। স্থানীয় লোকজন জানান, উপজেলাগুলোর আদিবাসী পল্লিতেই তিনি সাধারণত চিকিৎসা দিয়ে থাকেন।চেম্বার বা ক্লিনিকে নয়, রোগীর বাড়িতে গিয়ে অস্ত্রোপচার করেন মজিদ। এই পদ্ধতিতে, বিশেষ করে আদিবাসী পল্লিতে তাঁর বেশ নামডাক। সম্প্রতি বাড়িতে গিয়ে একটি অস্ত্রোপচারের সময় অনিমা নামে এক আদিবাসী শিশুর মৃত্যু হয়। এ ব্যাপারে রাজশাহীর সিভিল সার্জন জহুরুল ইসলাম বলেন, ‘এ ধরনের চিকিৎসকদের (পল্লিচিকিৎসক) শুধু ২১টি অপরিহার্য ওষুধ ব্যবহারের অনুমতি রয়েছে। কিন্তু ইন্ট্রা-ভেনাস ইনজেকশন (শিরায় ইনজেকশন) ব্যবহারের অনুমতি নেই। ছোটখাটো কিছু অস্ত্রোপচার তাঁরা করতে পারেন। কিন্তু মাঝারি বা বড় ধরনের অস্ত্রোপচারের অনুমতি তাঁদের নেই।’ এভাবে অস্ত্রোপচারের ঘটনায় ক্ষতিগ্রস্ত হলে ওই চিকিৎসকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া যেতে পারে বলে তিনি উল্লেখ করেন।১৩ আগস্ট নূরপুর গ্রামে গিয়ে দেখা যায়, মাটির দেয়ালের একটি ঘরে আবদুল মজিদের চেম্বার। ভেতরে একটি টেবিল, দুটি চেয়ার আর একটি চৌকি রয়েছে। সেখানে বসেই কথা হয় তাঁর সঙ্গে। রোগীর বাড়ি গিয়ে অস্ত্রোপচারের কথা স্বীকার করে মজিদ বলেন, আগে হাসপাতাল ছিল না। তিনি নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জের ছয়টি উপজেলায় ঘুরে চিকিৎসা করেছেন। আবদুল মজিদ সম্প্রতি নিয়ামতপুর উপজেলার হাজিপুর ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের বিপেন (৫০), মহাদেবপুর উপজেলার বড় মহেশপুর গ্রামের রামা (৩৮) ও অমিতার (১১) শরীরে অস্ত্রোপচার করেন। বিপেনের ছেলে সুবল জানান, অস্ত্রোপচারে তাঁর বাবার কোনো উপকার হয়নি। অবশ্য কাজ না হওয়ায় মজিদ টাকাও নেননি। ৮ আগস্ট মজিদ মহাদেবপুরের বড় মহেশপুর গ্রামের আদিবাসী লাল্টু পাহানের চার বছরের মেয়ে অনিমার অস্ত্রোপচার করতে গেলে শিশুটি মারা যায়। অস্ত্রোপচারের জন্য শিশুটিকে নিয়ামতপুরের মোহাম্মদপুরে পিসির বাড়িতে আনা হয়েছিল। এ ব্যাপারে অনিমার পিসি সুরভী পাহান বলেন, আগুনে পুড়ে অনিমার একটি পা বাঁকা হয়ে যায়। চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছিল। চিকিৎসকেরা তিন মাস পরে নিয়ে যেতে বলেছিলেন। কিন্তু এখনই অস্ত্রোপচার করলে অনিমার পা ঠিক করে দিতে পারবেন বলে আশ্বাস দিয়েছিলেন মজিদ ‘ডাক্তার’। এ জন্য মজিদের সঙ্গে আট হাজার টাকায় চুক্তিও হয়। সুরভী পাহান আরও জানান, ঘটনার দিন তাঁর মাটির দোতলা ঘরে অনিমাকে শুইয়ে মজিদ ডাক্তার পরপর ছয়টি ইনজেকশন দেন। প্রথম কয়েকটি ইনজেকশন দেওয়ার পর অনিমা ছটফট করতে শুরু করলে আর ইনজেকশন না দেওয়ার জন্য মজিদকে অনুরোধ করেন তিনি। কিন্তু ডাক্তার তা শোনেননি। একপর্যায়ে বাচ্চার অবস্থা খুব খারাপ হয়ে গেলে আবদুল মজিদ বলেন, বাচ্চার অন্য একটি রোগ দেখা দিয়েছে। তাকে হাসপাতালে নিয়ে যেতে হবে। হাসপাতালে নেওয়ার প্রস্তুতি নিতে নিতেই অনিমার মৃত্যু হয়। এর পরও আবদুল মজিদের কথায় তাঁরা শিশুটিকে নিয়ামতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। হাসপাতালের ডেথ সার্টিফিকেটে অনিমাকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে উল্লেখ করা হয়েছে। মজিদ অনিমার শরীরে ছয়টি ইনজেকশন দেওয়ার কথা স্বীকারও করেন। এর মধ্যে একটি অ্যান্টি টিটেনাস (এটিএস) ইনজেকশনও ছিল। কিন্তু এটিএস তো ফ্রিজ থেকে বের করে সঙ্গে সঙ্গে দিতে হয়। নিভৃত ওই গ্রামে এটিএস কীভাবে সংরক্ষণ করেছিলেন জানতে চাইলে মজিদ বলেন, নিয়ামতপুরের টিএলবি বাজারের আবদুর রউফ হাজির দোকান থেকে ইনজেকশন কিনে নিয়ে গিয়েছিলেন তিনি। কিন্তু টিএলবি বাজারের আবদুর রউফ ৮ আগস্ট মজিদের কাছে ইনজেকশন বিক্রির কথা অস্বীকার করেন।আবদুল মজিদ দাবি করেন, অস্ত্রোপচার শুরুর আগেই বাচ্চাটির মৃগী রোগের লক্ষণ দেখা দেয়। হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়। কিন্তু হাসপাতালের ছাড়পত্রে মৃত অবস্থায় রোগীকে হাসপাতালে নেওয়ার কথা উল্লেখ রয়েছে এবং বাচ্চাটি মৃগী রোগী নয়—পরিবারের এমন দাবির কথা জানালে মজিদ এর কোনো জবাব দেননি।স্থানীয় হাজিনগর ইউনিয়ন পরিষদের সদস্য আবদুল করিম প্রথম আলোকে বলেন, অনিমাকে ভুল চিকিৎসা দেওয়ায় আবদুল মজিদকে ৩২ হাজার টাকা জরিমানা করা হয়। এরই মধ্যে সে জরিমানা আদায় করা হয়েছে।