রোগীর মৃত্যুর অভিযোগ, ঢাকা মেডিকেলে ভাঙচুর
ভুল চিকিত্সায় মৃত্যুর অভিযোগ এনে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আজ সোমবার সন্ধ্যায় ভাঙচুর ও বিক্ষোভ করেছেন রোগীর স্বজনেরা।আজ সকালে পেটে ব্যথা নিয়ে ভর্তি হয়েছিলেন কাঁটাবন বিশ্ববিদ্যালয় মার্কেটের (অ্যাকুরিয়াম) ব্যবসায়ী ইউসুফ আলী। বিকেলে তাঁর মৃত্যুকে কেন্দ্র করে হাসপাতালে হামলা ও ভাঙচুর চালান তাঁর স্বজনেরা। এ নিয়ে পুলিশের সঙ্গে তাঁদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।ইউসুফের ছোট ভাই ইয়াকুব আলী বলেন, আজ সকালে তাঁর ভাইয়ের পেটে ব্যথা শুরু হয়। সকাল সাতটার দিকে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ২১৫ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করেও চিকিত্সকেরা সমস্যা ধরতে পারেননি। তাঁর এপেন্ডিসাইটিস কি না তা দেখার জন্য বেলা দেড়টার দিকে তাঁকে অস্ত্রোপচার কক্ষে নেওয়া হয়। দীর্ঘসময় পর বিকেল পাঁচটার দিকে তাঁকে বের করে নিবিড় পরিচর্যাকেন্দ্রে আনা হয়। চিকিত্সকেরা তাঁদের কিছুই বলছিলেন না। সন্ধ্যা ছয়টার দিকে চিকিত্সকেরা হঠাত্ করেই বলেন, রোগী মারা গেছেন।ইয়াকুবের অভিযোগ, তাঁর ভাইয়ের পেটে ব্যথা থাকলেও অন্যান্য শারীরবৃত্তীয় কাজ স্বাভাবিক ছিল। চিকিত্সকেরা কী কারণে সাড়ে তিন ঘণ্টা ধরে অস্ত্রোপচার করলেন, তা তাঁরা বলেননি। হঠাত্ করে এসে জানান, রোগী মারা গেছেন। তিনি বলেন, ‘নিশ্চয়ই তাঁদের কোনো ভুল হয়েছে। তাই অস্ত্রোপচারে দীর্ঘ সময় লেগেছে।’এ বিষয়ে জানতে চাইলে ২১৫ নম্বর ওয়ার্ডের সহকারী নিবন্ধক (চিকিত্সক) মো. মোরশেদ বলেন, সফলভাবেই ইউসুফের অস্ত্রোপচার শেষ হয়। কিন্তু তাঁর রক্তচাপ ছিল কম। এরপর তাঁকে আইসিইউতে পাঠানো হয়। সেখানে কী হয়েছে তিনি জানেন না বলে জানান।আইসিইউর চিকিত্সক শহীদ কামাল প্রথম আলো ডটকমকে বলেন, ‘যখন আইসিইউতে ইউসুফকে আনা হয়, তখন রক্তচাপ কম ছিল। রক্তচাপ স্বাভাবিক করার চেষ্টা করা হয়। কিন্তু একপর্যায়ে তিনি মারা যান।’ইউসুফের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে তাঁর স্বজন ও কাঁটাবনের ব্যবসায়ীরা হাসপাতালে গিয়ে বিক্ষোভ করতে থাকেন। তাঁরা চিকিত্সকদের বিরুদ্ধে স্লোগান দেন। একপর্যায়ে তাঁরা হাসপাতালের কাউন্টারসহ বিভিন্ন জানালার কাচ ভাঙচুর শুরু করেন। এ সময় রোগী ও স্বজনদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ এলেও বিক্ষোভকারীরা হাসপাতালের বাইরে একটি গাড়ি ভাঙচুর করেন। তখন হাসপাতালের সামনে হুড়োহুড়ি পড়ে যায়। মুহূর্তের মধ্যে ফাঁকা হয়ে যায় হাসপাতালের সামনে দাঁড়িয়ে থাকা গাড়ি ও অ্যাম্বুলেন্সের জটলা। এ সময় পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়।শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, রোগীর মৃত্যুকে কেন্দ্র করে হাসপাতাল ভবনের কিছু কাচ ভাঙচুর করা হয়েছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে।