রোগীরা বলেন চিকিৎসক নেই কর্মকর্তারা বলেন আছেন
বগুড়ার ধুনট উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স ও উপস্বাস্থ্যকেন্দ্রগুলোতে চিকিৎসকেরা কাজ করেন দায়সারাভাবে। এর মধ্যে চারটি উপস্বাস্থ্যকেন্দ্রে তো কখনো চিকিৎসকই পাওয়া যায় না। তবে মাস শেষে তাঁরা সবাই ঠিকই তোলেন বেতনভাতা। এ অবস্থায় উপজেলার সোয়া তিন লাখ মানুষ স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত।স্থানীয় সূত্র জানায়, উপজেলার সোয়া তিন লাখ মানুষের জন্য ৩০ শয্যাবিশিষ্ট একটি স্বাস্থ্য কমপ্লেক্স ও ১০টি ইউনিয়নে একটি করে মোট ১০টি উপস্বাস্থ্যকেন্দ্র রয়েছে। উপজেলাটি ঘনবসতি ও বন্যাকবলিত এলাকায়। ২০০৫ সালে এর স্বাস্থ্য কমপ্লেক্সটিকে ৫০ শয্যায় উন্নীত করা হয়। কিন্তু চিকিৎসক ও সেবিকার সংখ্যা আগের মতোই রয়ে যায়। মাত্র দুজন চিকিৎসক দিয়ে চলছিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসাব্যবস্থা। এ ছাড়া ১০টি উপস্বাস্থ্যকেন্দ্রে কোনো চিকিৎসক ছিলেন না। এ অবস্থায় চলতি বছর ১ জুলাই এ উপজেলায় নয়জন চিকিৎসক নিয়োগ দেওয়া হয়। এর মধ্যে পাঁচজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং বাকি চারজনকে চারটি উপস্বাস্থ্যকেন্দ্রে নিয়োগ দেওয়া হয়। তাঁদের মধ্যে চিকিৎসক আরিফ আনম ভান্ডারবাড়ীতে, এনামুল হক কালারপাড়ায়, মেহেদী হাসানকে গোসাইবাড়ী ও তানভীর আলসিয়ামকে গোপালনগর উপস্বাস্থ্যকেন্দ্রে নিয়োগ দেওয়া হয়।খোঁজ নিয়ে জানা যায়, তানভীর আলসিয়াম যোগদান করেই তাঁর দায়িত্ব শেষ করেছেন। আর কোনোদিন কর্মস্থলে আসেননি। এ ছাড়া আরিফ আনম, এনামুল হক ও মেহেদী হাসান কর্মস্থলে মাঝেমধ্যে আসেন এবং তাঁদের ইচ্ছামতো যান। তাঁরা সময়সূচির কোনো ধার ধারেন না।৯ অক্টোবর এসব উপস্বাস্থ্যকেন্দ্র ঘুরে কোনো চিকিৎসককে তাঁদের কর্মস্থলে পাওয়া যায়নি। এসব এলাকার স্থানীয় বাসিন্দা ও চিকিৎসা নিতে আসা লোকজন অভিযোগ করেন, তাঁরা উপস্বাস্থ্যকেন্দ্রে কখনো ওই সব চিকিৎসককে দেখেননি।চুনিয়াপাড়া গ্রামের আফজাল হোসেন তাঁর শরীরে এলার্জি নিয়ে গত কয়েক দিন ধরে গোসাইবাড়ী উপস্বাস্থ্যকেন্দ্রে আসছেন। তিনি বলেন, ‘বড় ডাক্তারক দেখানোর জন্য কয়দিন ধরি পাক পাড়ছি। কিন্তু ডাক্তারের দেখা পাই না। টেহা-পয়সার অভাবত শহরে বড় ডাক্তারর কাছেও যাইতে পারি না।’ভান্ডারবাড়ী উপস্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা নিতে আসা পুকুরিয়া গ্রামের নাসিমা খাতুন জানান, ‘খালি হুনছি, এহানে একজন বড় ডাক্তার আইছেন।’কালারপাড়া উপস্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা নিতে আসা হালিমা খাতুন জানান, ‘ছোলডারে এনা ডাক্তার দেখানোর জন্নি সকাল থাইকা বইসা আছি। এখুনো ডাক্তার আইছে না। ভিতরে আপা কইছে, এইখানে বইসে থাকুন। তাই বারান্দায় বইসা রইছি।’এদিকে গোসাইবাড়ী উপ স্বাস্থ্যকেন্দ্রে ২৪ অক্টোবর বেলা ১১টায় গিয়ে দেখা যায়, বারান্দায় এক রোগী শুয়ে গোঙ্গাচ্ছেন। তাঁর সঙ্গে আসা রাহেমা খাতুন বলেন, হেয় আমার স্বামী। প্যাটের বেদনা। সক্কালে আইছি। অখনো ডাক্তারের দেখা পাই নাই। হের লাইগা অপেক্ষা করতাছি।’কর্মস্থলে না যাওয়ার বিষয়ে জানতে চাইলে চিকিৎসক আরিফ আনম বলেন, ‘স্থানীয়দের অভিযোগ ঠিক না। উপজেলা সদর থেকে আমাদের কর্মস্থল অনেক দূরে। তাই সব সময় সময়মতো পৌঁছানো সম্ভব হয় না। ৯ অক্টোবর আমি উপজেলা সদরে ব্যক্তিগত কাজ করছিলাম। তাই উপস্বাস্থ্যকেন্দ্রে ছিলাম না।’চিকিৎসক এনামুল হক বলেন, ‘৯ অক্টোবর আমার একটি জরুরি কাজ ছিল। তাই কেন্দ্রে যেতে একটু দেরি হয়েছে। অনেক দূর থেকে কষ্ট করে এসেও আমরা এলাকার মানুষকে সেবা দিয়ে যাচ্ছি।’ এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হোসনে ফিরোজ বলেন, ‘৯ অক্টোবর হয়তো ওই সব চিকিৎসকের ব্যক্তিগত কাজ ছিল। এ কারণে তাঁরা সেদিন উপস্বাস্থ্যকেন্দ্রে যেতে পারেননি। আমার জানামতে, তাঁরা কর্মস্থলে থাকেন। তবে কখনোই তাঁদের না পাওয়া গেলে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। গোপালনগর উপস্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসক তানভীর যোগদান করেই চলে গেছেন। তিনি আর আসেননি।’