রোগের পরীক্ষা করাতে এসে রোগীর মৃত্যু, দুই চিকিৎসালয়ে ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আবারও চিকিৎসকের অবহেলা ও ভুল চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগ উঠেছে। এ অভিযোগে গতকাল বুধবার দুপুরে রাজধানীর ধানমন্ডির মেডিনোভা মেডিকেল সার্ভিসেস ও এর উল্টো দিকের রেনেসাঁ হাসপাতালে ভাঙচুর চালিয়েছে রোগীর স্বজনেরা। মৃত ফেরদৌসী আক্তার লাভলীর (৩২) লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।এর আগে গত বৃহস্পতিবার রাজধানীর লালমাটিয়ার ইস্টার্ন হাসপাতালে অবহেলা ও ভুল চিকিৎসায় নাসিরুল হক নামের এক রোগীর মৃত্যুর অভিযোগ ওঠে। এ ঘটনায় চারজন চিকিৎসকের বিরুদ্ধে মামলা করেছেন রোগীর বাবা। নাসিরুলের পরিবারের অভিযোগ, ওই হাসপাতাল থেকে তাঁদের নানাভাবে হুমকি দেওয়া হচ্ছে।গতকাল মারা যাওয়া ফেরদৌসী আক্তার লাভলীর স্বামী গোলাম গফুর ফরিদ জানান, সকালে তিনি একটি পরীক্ষা (হিস্ট্রোস্যালপিঙ্গোগ্রাফি) করাতে ফেরদৌসীকে ধানমন্ডির মেডিনোভায় নিয়ে যান। সেখানে চিকিৎসকেরা একটি ইনজেকশন দেওয়ার পর ফেরদৌসী অসুস্থ হয়ে পড়েন। এরপর মেডিনোভা থেকে তাঁকে অ্যাম্বুলেন্সে করে রাস্তার উল্টো দিকের রেনেসাঁ হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়। সেখানে পৌনে এক ঘণ্টা পর কর্তব্যরত চিকিৎসকেরা ফেরদৌসীকে মৃত ঘোষণা করেন।দুই হাসপাতালের কর্মী ও প্রত্যক্ষদর্শীরা জানান, ফেরদৌসীর মৃত্যুর খবরে আত্মীয়রা রেনেসাঁ হাসপাতালে আসতে শুরু করেন। দুপুরের দিকে বিক্ষুব্ধ ব্যক্তিরা রেনেসাঁ হাসপাতাল ও মেডিনোভা ডায়াগনস্টিকে ভাঙচুর চালায়।ফেরদৌসী একটি আর্থিক প্রতিষ্ঠানের কর্মকর্তা। তাঁর স্বামী গোলাম গফুর ফরিদ আওয়ামী লীগের নেতা হাজি সেলিমের মদিনা গ্রুপের আবাসন শাখার সহকারী মহাব্যবস্থাপক।মেডিনোভার প্রশাসনিক ব্যবস্থাপক নাসির ওয়াকার প্রথম আলোকে জানান, সাধারণত এ রকম টেস্টের সময় কোনো রোগী মারা যায় না। ওই রোগী আগে থেকেই একটু অসুস্থ ও নার্ভাস ছিলেন।নাসির বলেন, এ টেস্টে একটি ইনজেকশনের অর্ধেকটা রোগীর মূত্রনালীতে দিতে হয়। ওই রোগী অন্য আরেক রোগীর সঙ্গে ভাগাভাগি করে একটি ইনজেকশন বাইরে থেকে কিনে এনেছেন। প্রথম রোগীকে ইনজেকশন দেওয়ার পর তিনি সুস্থ অবস্থায় বাড়ি চলে গেছেন। ওই রোগীকে দেওয়ার সময়ই তিনি কিছুটা অসুস্থ হয়ে পড়েন। এরপর ইনজেকশন পুরোটা না দিয়েই তাঁকে রেনেসাঁ হাসপাতালে পাঠানো হয়। পরে বেলা তিনটার দিকে রোগীর লোকজন এসে মেডিনোভায় ভাঙচুর চালিয়েছেন।রেনেসাঁ হাসপাতালের চেয়ারম্যান জগলুল করীম সিফাত প্রথম আলোকে বলেন, ‘রোগী মেডিনোভায় গিয়েছিলেন কোনো টেস্টের জন্য। সেখানে ডাই বা ইনজেকশন দেওয়ার পর শ্বাসকষ্ট হয়ে তিনি মারা যান। তাঁকে রেনেসাঁ হাসপাতালে যখন আনা হয়, তখনই তাঁর পালস পাওয়া যাচ্ছিল না। তবু আমরা সর্বাত্মক চেষ্টা করেছি। কিন্তু শেষ পর্যন্ত তিনি মারা যান। এরপর রোগীর স্বজন হাজি সেলিম হাসপাতালে আসেন, সঙ্গে আরও অর্ধশতাধিক মানুষ। তাঁরা পুলিশের উপস্থিতিতে হাসপাতালে, আইসিইউতে ভাঙচুর করেন। হাজি সেলিম দুজন চিকিৎসককে মারধর করেন। আরও একজন চিকিৎসক রোগীর স্বজনদের হাতে নাজেহাল হয়েছেন।’রাতে মদিনা গ্রুপ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, মৃত্যুর ঘটনা জানার পর সাবেক সাংসদ হাজি সেলিম রেনেসাঁ হাসপাতালে যান এবং ক্ষুব্ধ স্বজনদের শান্ত থাকার পরামর্শ দিয়ে পরিস্থিতি স্বভাবিক রাখার চেষ্টা করেন। অথচ রেনেসাঁ কর্তৃপক্ষ সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে তাঁর বিরুদ্ধে দুই চিকিৎসককে লাঞ্ছিত করার অভিযোগ আনেন। একে মিথ্যা দাবি করে মদিনা গ্রুপের বিজ্ঞপ্তিতে বলা হয়, ঘটনার সময় ৪৫ মিনিট হাসপাতালে রেখে চিকিৎসার পর রোগীর কাগজপত্রে ‘নট অ্যাডমিটেড (ভর্তি করা হয়নি)’ লেখা এবং সর্বশেষ মৃত্যু সনদ দেওয়ার বিষয়ে রেনেসাঁ কর্তৃপক্ষের কাছে জানতে চান হাজি সেলিম। সাংবাদিকেরাও সেখানে উপস্থিত ছিলেন। রেনেসাঁ কর্তৃপক্ষ কোনো সন্তোষজনক জবাব দিতে পারেনি। নিজেদের ব্যর্থতা ঢাকতে রেনেসাঁ কর্তৃপক্ষ হাজি সেলিমের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনছে।চিকিৎসকদের অবহেলা থাকতে পারে: ইস্টার্ন হাসপাতালে চিকিৎসকদের অবহেলায় ব্যবসায়ী নাসিরুলের মৃত্যুর অভিযোগে দায়ের করা মামলার তদন্ত করছে পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানার উপপরিদর্শক (এসআই) আবু জাফর মো. মাসুদুল কবীর জানান, প্রাথমিক তদন্তে নাসিরুলের মৃত্যুতে চিকিৎসকদের অবহেলা থাকতে পারে বলে মনে হয়েছে। তবে তদন্ত এখনো চলছে।এদিকে মৃত নাসিরুলের ছোট ভাই নাজমুল হক অভিযোগ করেন, তাঁদের মামলা তুলে নিতে এবং তদন্ত কর্মকর্তার কাছে কোনো তথ্য না দেওয়ার জন্য প্রতিনিয়ত হুমকি দেওয়া হচ্ছে। তাঁকে হুমকি দিয়ে বলা হচ্ছে, ‘এক ভাই গেছে, আপনার কিছু হলে পরিবার কে দেখবে কে?’এ ঘটনায় পুলিশ অভিযুক্ত তিন চিকিৎসককে গ্রেপ্তার করলেও তাঁরা জামিন পেয়েছেন। আরেক চিকিৎসক পলাতক।