রোচের হুমকি
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ম্যাচে মাত্র ১ উইকেট। ৮ ওভারে ৪২ রান। নিজের বোলিং নিয়ে নিজেই অসন্তুষ্ট। পরশু হল্যান্ডের বিপক্ষে ম্যাচের আগের সকালে তাই রোচকে বড় ভাইয়ের মতো কাছে ডেকে বসালেন ডোয়াইন ব্রাভো। বললেন, ‘মন খারাপ? এটা কোনো ব্যাপার না। উপভোগ করো বিশ্বকাপ। কঠোর পরিশ্রম করো। তুমি যা-ই করো না কেন তার ওপর আস্থা রাখো।’ব্যস! সতীর্থ ব্রাভোর এই কথায়ই জ্বলে উঠলেন ২২ বছর বয়সী বারবাডিয়ান। প্রথম স্পেলেই কাঁপিয়ে দিলেন কানাডার ব্যাটসম্যানদের। ৬ ওভার বল করে ১৭ রান। ততক্ষণে নামের পাশে জমা পড়েছে ২ উইকেট। কিন্তু তখনো জানতেন না আর কী চমক অপেক্ষা করছিল তাঁর জন্য। পরের স্পেলে করলেন বাকি ৪ ওভার। ৩২তম ওভারে প্রথম বলে এলবিডব্লু সিলার। পরের বলে এলবিডব্লু লুটস। এরপর স্টাম্প উড়ে গেল ওয়েসডিকের। ইতিহাসে ঢুকে গেলেন কেমার রোচ। বিশ্বকাপের ষষ্ঠ হ্যাটট্রিক-নায়ক হিসেবে লেখা হলো তাঁর নাম। আর ওয়েস্ট ইন্ডিজের ওয়ানডে ইতিহাসে এটি মাত্রই দ্বিতীয় হ্যাটট্রিক। আগেরটি ছিল জেরম টেলরের। ২০০৬ সালের চ্যাম্পিয়নস ট্রফিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে গড়েছিলেন এই রেকর্ড। রোচের ক্যারিয়ারে হ্যাটট্রিক আরও একটা আছে। সেটাও একটা বিশ্বকাপে। তবে তা ২০০৬-এর অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ। পাকিস্তানের বিপক্ষে ওই ম্যাচে হ্যাটট্রিকসহ নিয়েছিলেন ৪ উইকেট।ইতিহাসের পাতায় নাম লেখাতে পেরে দারুণ উচ্ছ্বসিত রোচ, ‘বিশ্বকাপে হ্যাটট্রিকসহ ৬ উইকেট নেওয়া দুর্দান্ত এক অনুভূতি। নিজেকে এবং আমার দলকে নিয়ে আমি সত্যি গর্বিত।’ তাঁর গতির তোড়ে হল্যান্ডের অখ্যাত ব্যাটসম্যানরা দিশেহারা হয়ে গেছেন। তবে ওয়েস্ট ইন্ডিজ এই কৌশল আগে থেকেই ঠিক করে নামেনি। ‘আমার মনে হয়, যেকোনো ব্যাটসম্যানের জন্যই সত্যিকারের ফাস্ট বোলিং একটা কঠিন পরীক্ষা, বিশেষ করে আপনি যদি সঠিক লাইন ও লেংথে বল করেন। আজ এটি ঠিকঠাকমতো হয়েছে এবং আমরা জিতেছি।’ বলেছেন রোচ। অবশ্য জোয়েল গার্নার, অ্যান্ডি রবার্টস, মাইকেল হোল্ডিং, ম্যালকম মার্শালের উত্তরসূরি জানেন, একজন ফাস্ট বোলারের জন্য উপমহাদেশের কন্ডিশনে জ্বলে ওঠাটা বেশ কঠিন কাজ, ‘এখানে আপনাকে নিখুঁতভাবে বল করতে হবে এবং ধারাবাহিক থাকতে হবে। তবে একবার যদি উইকেট পাওয়া শুরু করেন, তাহলে মনে করবেন আপনার কাজ শুরু হয়ে গেছে। এটা কঠিন। কিন্তু একজন পেসারের যা কাজ সেটা অবশ্যই আপনাকে করে যেতে হবে।’ওয়েস্ট ইন্ডিজের পরের প্রতিপক্ষ বাংলাদেশ। রোচ কি ৪ মার্চেও বাংলাদেশের বিপক্ষে এমন জ্বলে উঠবেন? কী করতে পারবেন, সেটি দেখা যাবে মাঠেই। তবে অন্তত এ কথাটা জানিয়ে রাখলেন, হল্যান্ড ম্যাচ থেকে অনেক আত্মবিশ্বাস কুড়িয়ে নিয়েছে তাঁর দল, ‘এই জয়ের পর আমরা দারুণ আত্মবিশ্বাসী এবং এখন আমরা বাংলাদেশে যাচ্ছি অনেক আত্মবিশ্বাস নিয়ে। ওই ম্যাচও আমরা জিততে চাই। আমি জানি, বাংলাদেশ উন্নতি করছে। তবে আমরা ওদের চেয়ে ভালো দল। তাই আমরা সেখানে জেতার ব্যাপারেও আত্মবিশ্বাসী।’বাংলাদেশকে কিন্তু হুমকিই দিয়ে রাখলেন রোচ!