রোজা আসছে, বাড়ছে ছোলার দাম
পবিত্র রমজানে ভোজ্যতেল আর চিনির পর যে পণ্যটি বেশি প্রয়োজন হয়, তা হলো ছোলা। তাই রমজান মাস এলেই ছোলার দাম হয়ে যায় আকাশছোঁয়া। তবে এবার প্রেক্ষাপট কিছুটা ভিন্ন। রমজান মাস আসার এক মাস আগেই পাইকারি ও খুচরা দুই বাজারেই বেড়ে গেছে ছোলার দাম।সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) হিসাবে, এক সপ্তাহ আগে যে ছোলার দাম ছিল ৬৫ থেকে ৭০ টাকা, সেই ছোলাই এখন বিক্রি হচ্ছে ৭৫ থেকে ৮০ টাকায়। এক মাসে দাম বেড়েছে প্রায় ১৫ শতাংশ।খোঁজ নিয়ে দেখা গেছে, এখন আমদানি করা যে ছোলা বিক্রি হচ্ছে, সেই ছোলার প্রতি কেজির মূল্য গড়ে ৫৩ টাকা। চট্টগ্রাম থেকে ঢাকায় আনতে পরিবহন খরচ যোগ হয় প্রতি কেজিতে এক টাকা। অথচ রাজধানীর পাইকারি বাজারে এই ছোলা ৬৪ থেকে ৭০ টাকা আর খুচরা বাজারে ৭৫ থেকে ৮০ টাকায় বিক্রি হচ্ছে।পাইকারি বাজারে এখন মূলত অস্ট্রেলিয়ার ছোলাই বিক্রি হচ্ছে। কেবল চট্টগ্রামের খাতুনগঞ্জেই সামান্য পরিমাণ মিয়ানমারের ছোলা পাওয়া যাচ্ছে। রাজধানীর রহমতগঞ্জে এখন ভালো মানের অস্ট্রেলিয়ার ছোলা সর্বোচ্চ ৭০ টাকা এবং একটু নিম্নমানের ছোলা ৬৪ থেকে ৬৮ টাকায় বিক্রি হচ্ছে। নারায়ণগঞ্জের ডালপট্টিতে এর দাম ৬৭ থেকে ৭১ টাকা। এক সপ্তাহ আগেও এর দাম ছিল ৬০ থেকে ৬৫ টাকা। অর্থাৎ এক সপ্তাহে পাইকারিতেই ছোলার দাম বেড়েছে ছয় থেকে সাত টাকা।তবে দেশের বৃহৎ পাইকারি বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জে ভালো মানের অস্ট্রেলিয়ার ছোলা ৬৮ টাকা এবং একটু নিম্নমানের ছোলা ৬৬ টাকায় বিক্রি হচ্ছে। খুবই অল্প পরিমাণে মিয়ানমারের ছোলা বাজারে পাওয়া যাচ্ছে। তার দাম পড়ছে ৬৭ থেকে ৭১ টাকা।জানতে চাইলে বাংলাদেশ ডাল ব্যবসায়ী সমিতির সভাপতি সফি মাহমুদ প্রথম আলোকে বলেন, পবিত্র রমজানের জন্য যে ছোলা আমদানি করা হয়, তা ভালো মানের। এখন যে ছোলা বিক্রি হচ্ছে, অন্য সময়ের ছোলার চেয়ে তার দাম মণে ৫০০ টাকা এবং কেজিতে সাত থেকে আট টাকা বেশি। সে জন্য বেশি দামে বিক্রি করতে হয়।ছোলার দাম বৃদ্ধির কারণ জানতে চাইলে কয়েকজন খুচরা বিক্রেতা জানান, পাইকারি বাজার থেকে এখন বেশি ছোলা দেওয়া হচ্ছে না। দামও রাখছে বেশি।আমদানিচিত্র: পবিত্র রমজানে কী পরিমাণ ছোলার চাহিদা থাকে, সে বিষয়ে সরকারিভাবে কোনো পরিসংখ্যান নেই। আমদানিকারকদের তথ্য অনুযায়ী, পবিত্র রমজানের ১৫ দিন আগে থেকে পুরো রোজায় ছোলার চাহিদা থাকে ৭০ হাজার টন। আর সারা বছরের চাহিদা এক লাখ ৩০ হাজার টন।চট্টগ্রাম কাস্টমসের তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে মে পর্যন্ত সময়ে ৭৭ হাজার টন ছোলা আমদানি হয়েছে। আমদানিমূল্য বিশ্লেষণ করে দেখা গেছে, গড়ে প্রতি কেজি ছোলার দাম পড়ে ৫৩ টাকা।খাতুনগঞ্জের আমদানিকারকেরা বলছেন, ছোলার সরবরাহ কমে যাওয়া এবং আন্তর্জাতিক বাজারে দাম বেশি হওয়ায় এবার ছোলার আমদানি কমে গেছে। কারণ খুঁজতে গিয়ে দেখা গেছে, বন্যা ও খরার কারণে এ বছর অস্ট্রেলিয়ায় ছোলার উৎপাদন অন্য বছরের তুলনায় ২০ থেকে ২৫ শতাংশ কমেছে। তা ছাড়া ছোলা ব্যবহারকারী বড় দুই দেশ ভারত ও পাকিস্তানের উৎপাদনও এবার ৩০ ও ৫০ শতাংশ কমেছে। ফলে ফসলের উৎপাদন কমলেও সব চাপ গিয়ে পড়েছে অস্ট্রেলিয়ার ছোলার ওপর। সে কারণে যেই অস্ট্রেলিয়ার ছোলার দাম ছিল প্রতি টন ৫৫০ থেকে ৬০০ ডলার, তা বাড়তে বাড়তে গিয়ে ৮৩০ থেকে ৮৫০ ডলারে গিয়ে ঠেকেছে।অস্ট্রেলিয়ার পরই বেশি ছোলা আসে পার্শ্ববর্তী দেশ মিয়ানমার থেকে। রোহিঙ্গা সমস্যা নিয়ে বেশ কিছুদিন ধরে দেশটির সীমান্তে নজরদারি বাড়ানোর ফলে স্থলপথে ছোলা আমদানি একেবারেই বন্ধ হয়ে গেছে।আবার ইথিওপিয়া থেকে যে ছোলা আমদানি করা হবে, তারও উপায় নেই। দেশটিতে মাত্রই ছোলার ফলন উঠেছে। ঋণপত্র খুলে তা বাংলাদেশে আনতে আনতে রমজান মাস শেষ হয়ে যাবে। সে কারণে ও-মুখী হচ্ছেন না আমদানিকারকেরা। তা ছাড়া গত বছর ইথিওপিয়ায় কিছু পুরোনো ছোলার মজুদ ছিল। সেই ছোলা আমাদানি করেছিলেন দেশের আমদানিকারকেরা। কিন্তু এ বছর ওই ছোলাতেও ভাগ বসিয়েছে ভারত ও পাকিস্তান।খাতুনগঞ্জ ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের জ্যেষ্ঠ সহসভাপতি এবং আমদানিকারক আবুল বশর চৌধুরী প্রথম আলোকে বলেন, অন্য বছরের তুলনায় এবার আমদানি কম হওয়ায় ছোলার দাম বেশি। তবে তিনি মনে করেন, পাইকারি বাজারে যে দামে ছোলা বিক্রি হয়, খুচরা বিক্রেতারা তার চেয়ে অনেক বেশি দামে ছোলা বিক্রি করছেন।{প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন চট্টগ্রামে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক মাসুদ মিলাদ}