রোজার আগেই ডিসিসি নির্বাচন করতে চায় ইসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা সিটি করপোরেশন (ডিসিসি) নির্বাচন অনুষ্ঠানে আর কোনো আইনি বাধা নেই। হাইকোর্ট ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের কার্যক্রম পরিচালনার বৈধতা নিয়ে করা রিট খারিজ করে দিয়েছেন। একই সঙ্গে নির্বাচনের ওপর স্থগিতাদেশও প্রত্যাহার করা হয়েছে।এদিকে নির্বাচন কমিশন (ইসি) সূত্রে জানা গেছে, রিট খারিজ হয়ে যাওয়ায় আগামী রমজান মাসের আগেই ঢাকার দুই সিটি করপোরেশনে নির্বাচন করতে চায় কমিশন। এ বিষয়ে দু-এক দিনের মধ্যে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সঙ্গে পরামর্শ করে সিদ্ধান্ত নেবে ইসি। রমজান মাসের পর আগস্টের মাঝামাঝি সময়ে নির্বাচন কমিশনের দশম জাতীয় সংসদ নির্বাচনের কেন্দ্রীয় কার্যক্রম শুরু হবে। একই সঙ্গে মাঠপর্যায়ে রাজনৈতিক দলগুলোর তৎপরতাও শুরু হবে। সে জন্য কমিশন জুলাইয়ের প্রথম সপ্তাহের মধ্যে ঢাকার দুই সিটিতে নির্বাচন সেরে ফেলতে চায়।রিট খারিজ: গতকাল সোমবার বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি জাফর আহমেদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ ডিসিসি নির্বাচনের বৈধতা সম্পর্কিত রিট খারিজ করে রায় দেন।নির্বাচন কমিশনের পক্ষে শুনানি করেন আইনজীবী ছিলেন শাহদীন মালিক। তিনি প্রথম আলোকে বলেন, এই রায়ের ফলে উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠানে আইনগত বাধা দূর হয়েছে। সীমানা নির্ধারণের কাজ আগেই হয়েছিল। আর ভোটার তালিকা হালনাগাদ একটা চলমান প্রক্রিয়া। গত এক বছরে ক্রমাগতভাবে ভোটার তালিকা হালনাগাদ হয়েছে। গত বছরের ৯ এপ্রিলে ইসির ঘোষিত তফসিল অনুসারে ওই বছরের ২৪ মে ডিসিসি নির্বাচন হওয়ার কথা ছিল। তবে স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইনের কয়েকটি ধারা বাস্তবায়ন না করায় ওই নির্বাচন নিয়ে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষে রিটটি করা হয়। প্রাথমিক শুনানি নিয়ে গত বছরের ১৬ এপ্রিল হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ রুল জারির পাশাপাশি নির্বাচনের কার্যক্রম তিন মাসের জন্য স্থগিত করেন। এ সময়ের মধ্যে আইন অনুসরণ করে কাউন্সিলরের সংখ্যা ও ওয়ার্ডের সংখ্যা নির্ধারণ করতে বলা হয়। এ ছাড়া ভোটের তিন মাস আগে ভোটার তালিকা হালনাগাদ করতেও নির্দেশ দেওয়া হয়। রিটের পক্ষে আইনজীবী ছিলেন মনজিল মোরসেদ। তিনি বলেন, ইতিমধ্যে সাত লাখ নতুন ভোটার হয়েছে। যে উদ্দেশ্যে রিটটি করেছি, তা পূরণ হয়েছে। শুনানিতে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোখলেছুর রহমান। এ ছাড়া সিটি করপোরেশনের আইনজীবী নূরে আলমও উপস্থিত ছিলেন।নির্বাচন কমিশনের প্রস্তুতি: কমিশন সচিবালয় সূত্র জানায়, নির্বাচনের জন্য তফসিল ঘোষণার তারিখ থেকে ভোট গ্রহণের দিন পর্যন্ত ৩৫ থেকে ৪০ দিনের প্রয়োজন হয়। জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহে রমজান মাস শুরু হবে। এই হিসাবে কমিশনকে জুলাইয়ের প্রথম সপ্তাহের মধ্যে নির্বাচন করতে হবে। আর তা করতে হলে চলতি মাসের ২০ থেকে ২৫ তারিখের মধ্যে নির্বাচনের তফসিল ঘোষণা করতে হবে। নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব মোহাম্মদ সাদিক গতকাল প্রথম আলোকে বলেন, কমিশন রমজান মাসের আগে ডিসিসি নির্বাচন সেরে ফেলতে চায়। এ বিষয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আপত্তি নেই। তার পরও অন্য কোনো সমস্যা আছে কি না, তা জানতে কমিশন আরেক দফা মন্ত্রণালয়ের সঙ্গে পরামর্শ করবে। এরপর রায়সংক্রান্ত কমিশনের নিজস্ব আইনজীবীর সনদ পর্যালোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। স্থানীয় সরকার বিভাগের সচিব আবু আলম মো. শহিদ খান প্রথম আলোকে বলেন, এই রায়ের ফলে ঢাকার দুই সিটিতে নির্বাচন অনুষ্ঠানের ক্ষেত্রে আপাতত আইনি কোনো বাধা নেই। সরকার চায়, কমিশন যেন জুনের মধ্যে নির্বাচন করে ফেলে। কমিশন সচিবালয় সূত্র জানায়, ভোটার তালিকা হালনাগাদের পর বর্তমানে ঢাকা উত্তর সিটির ভোটার সংখ্যা ২২ লাখ ৭২ হাজার ৯২৪ জন। দক্ষিণ সিটির ভোটার ১৭ লাখ ৬৯ হাজার ৫৫ জন। কিন্তু গতকাল পর্যন্ত উত্তর ও দক্ষিণ সিটির ওয়ার্ডভিত্তিক ভোটার তালিকা চূড়ান্ত হয়নি। এ তালিকা চূড়ান্ত না হলে তফসিল ঘোষণা করা সম্ভব হবে না। সে জন্য গতকালই ওয়ার্ডভিত্তিক ভোটার তালিকা চূড়ান্ত করার জন্য ভোটার তালিকা প্রকল্প কর্মকর্তার দপ্তরে তাগিদ দেওয়া হয়েছে। জানতে চাইলে জাতীয় পরিচয় নিবন্ধন ও ভোটার তালিকা প্রকল্পের মহাপরিচালক সালিম আহমেদ খান বলেন, এক সপ্তাহের মধ্যে ওয়ার্ডভিত্তিক ভোটার তালিকা চূড়ান্ত করা সম্ভব হবে।ভোটকেন্দ্রের তালিকা ও ভোট গ্রহণ কর্মকর্তার প্যানেল এরই মধ্যে চূড়ান্ত করা হয়েছে বলে কমিশন সচিবালয় সূত্র জানিয়েছে। আ.লীগ ও বিএনপির প্রতিক্রিয়া: ডিসিসি নির্বাচনের বাধা দূর হওয়ায় সন্তোষ প্রকাশ করেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী। তিনি প্রথম আলোকে বলেন, দেশের মানুষ নির্বাচনমুখী। নগরবাসী ঢাকা সিটিতে নির্বাচন চায়। আইন অনুযায়ী এ নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়ার সুযোগ নেই। তবে আওয়ামী লীগের নেতা-কর্মীরা এ নির্বাচনে অংশ নেবেন।জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘সরকার তো পাঁচ বছর ঢাকা সিটির নির্বাচন নিয়ে টালবাহানা করছে। বর্তমান নির্বাচন কমিশন সরকারের আজ্ঞাবহ। সরকার না চাইলে তাদের পক্ষে নির্বাচন আয়োজন করা সম্ভব নয়। সুতরাং কমিশন আগে নির্বাচনের তফসিল ঘোষণা করুক। তারপর বিএনপি সিদ্ধান্ত জানাবে।’