রমজান মাস শুরুর আগেই বিভিন্ন পণ্যের দর বাড়িয়ে দিয়েছেন ব্যবসায়ীরা। ওই সময় বেশি ব্যবহূত হয়, এমন সব পণ্যের দাম এরই মধ্যে প্রায় সর্বোচ্চ পরিমাণে বেড়েছে।ব্যবসায়ীরা এবার নতুন কৌশল নিয়েছেন। রমজান মাসে বাড়ানো হলে সমালোচনা হয় বলে বিভিন্ন পণ্যের দাম বাড়িয়ে নিয়েছেন বেশ আগেই। দাম এমনভাবে বাড়ানো হচ্ছে যে রমজান শুরু হলে আর বাড়ানোর প্রয়োজনই পড়বে না। যুক্তি হিসেবে ব্যবসায়ীরা দেখাচ্ছেন আন্তর্জাতিক বাজারে দাম বেড়ে যাওয়ার সেই পুরোনো অজুহাত। সঙ্গে যুক্ত হয়েছে হরতাল ও বৃষ্টি।ঈদের সময় চাকরিজীবীরা বোনাস পেলেও রমজান মাসের জন্য বাড়তি আয়ের কোনো সুযোগ নেই। বরং নিত্যপণ্যের দাম রমজানে এতটাই বাড়ছে যে বাজেট সামলাতে হিমশিম খেতে হচ্ছে সীমিত আয়ের মানুষের। রমজান মানেই যেন ব্যবসায়ীদের বাড়তি আয়ের বিশেষ সুযোগ।টিসিবির পণ্য বিক্রির গতানুগতিক আশ্বাস ছাড়া এবার সরকারের পক্ষ থেকেও জোরালো তেমন কোনো পদক্ষেপ নেই। ভোজ্যতেল ও চিনি বিক্রিতে পরিবেশক নিয়োগের সিদ্ধান্তের পর পণ্য দুটির দর আরও বেড়েছে। রমজানের অপরিহার্য পণ্য ছোলার দাম বাড়ছে প্রতিদিনই। দাম কমছে এমন পণ্যের তালিকা প্রায় শূন্য। রমজান মাস শুরু হতে আরও ১৭ দিন বাকি। দাম বাড়াতে ব্যবসায়ীদের হাতেও রয়েছে এই ১৭ দিন। এরপর রোজা শুরু হলে নতুন করে দাম বাড়ানোর প্রয়োজন পড়বে না বলে সরকারও বলতে পারবে, রমজানে বাজার স্থিতিশীল।বাণিজ্যমন্ত্রী মুহাম্মদ ফারুক খান এরই মধ্যে ঘোষণা দিয়েছেন, রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যমূল্য বাড়বে না। শীর্ষ ব্যবসায়ী নেতারাও রমজানে পণ্যমূল্য বাড়াবেন না বলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে গিয়ে প্রতিশ্রুতি দিয়ে এসেছেন। কিন্তু বাস্তব চিত্র একেবারেই ভিন্ন। কারওয়ান বাজারের খুচরা দোকানে গতকাল বৃহস্পতিবার প্রয়োজনীয় পণ্য কিনতে এসেছিলেন চাকরিজীবী আবদুর রশিদ। ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, গত কয়েক দিনে চিনি, তেল, ডাল ও চালের দাম অস্বাভাবিকভাবে বেড়েছে। দাম বাড়ার জন্য সরকারকে দায়ী করে তিনি বলেন, সরকার যদি তদারকি বাড়ায়, তাহলে ব্যবসায়ীরা চাইলেও দাম বাড়তে পারবেন না। গৃহিণী আসমা খাতুন বলেন, ‘এখনই যদি এভাবে দাম বাড়তে থাকে, তাহলে রমজান মাসে তো কোনো কিছুই কেনা যাবে না।’ বিভিন্ন পণ্যের দর বাড়ার তথ্য পাওয়া যায় সরকারি বিক্রয়কারী সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ওয়েবসাইটেও। টিসিবির তথ্যমতে, গত এক মাসে চাল, চিনি, ভোজ্যতেল, পেঁয়াজ, ছোলা, ডাল, মসলাসহ বিভিন্ন পণ্যের দাম কয়েক দফা বেড়েছে। এর মধ্যে ভোজ্যতেলের ওপর মূল্য সংযোজন কর (মূসক) দুই দফা প্রত্যাহার করা হয়েছে। চিনির ওপরও প্রত্যাহার করা হয়েছে আগেই। এ জন্য সরকারকে বিপুল অঙ্কের রাজস্ব ছাড় দিতে হলেও সাধারণ ভোক্তারা এর কোনো সুবিধা পাচ্ছে না। ব্যবসায়ীরাই এতে কেবল লাভবান হয়েছেন। যোগাযোগ করলে মৌলভীবাজার ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি আবদুর রাজ্জাক প্রথম আলোকে বলেন, যেসব পণ্যের দাম বেড়েছে, তা স্বাভাবিক কারণেই বেড়েছে। এখানে ব্যবসায়ীদের কোনো কৌশল নেই।মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামাল গতকাল রাতে মুঠোফোনে বলেন, আগামী রমজানে পণ্যমূল্য বাড়বে না। তবে ডলারের দাম যদি বেশি বেড়ে যায়, তাহলে ভিন্ন কথা। মোস্তফা কামাল আরও বলেন, ‘প্রধানমন্ত্রীকে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী রমজানে মুনাফা তো করবই না, প্রয়োজনে লোকসান দিয়ে হলেও পণ্য বিক্রি করব।’ ব্যবসায়ীরা এবার রমজান শুরুর আগেই দাম বাড়িয়ে নিয়েছেন—এমন প্রশ্নের জবাব দেননি তিনি। টিসিবির সামান্য প্রস্তুতি: রমজান মাসে পাঁচটি পণ্য বিক্রির উদ্যোগ নিয়েছে টিসিবি। টিসিবির গুদামে যে পরিমাণ পণ্য মজুদ আছে সেটা তাদের ডিলারদের দেওয়ার জন্য পর্যাপ্ত মনে করছেন সংস্থাটির কর্মকর্তারা। মসুর ডাল, চিনি, ভোজ্যতেল, ছোলা ও খেজুর বাজারদরের চেয়ে কম দামে বিক্রি করবে সংস্থাটি। ১৯ অথবা ২০ জুলাই এ কার্যক্রমের উদ্বোধন করা হবে।টিসিবির কর্মকর্তারা বলছেন, কয়েক বছর ধরে দেখা যাচ্ছে রমজানের আগে হঠাৎ করে ভোগ্যপণ্যের দাম বেড়ে যায়। অসাধু ব্যবসায়ীদের এমন প্রবণতা ঠেকাতে টিসিবি ডিলারদের কাছে পণ্য সরবরাহ শুরু করছে আগেভাগেই। টিসিবির দুই হাজার ৪০০ ডিলার এসব পণ্য নির্ধারিত দামে বিক্রি করবেন। কেজিপ্রতি চিনি ৫৮ টাকা, মসুর ডাল (দেশি) ৬৮ টাকা, ছোলা ৫৮ টাকা, খেজুর মানভেদে ৫৫ থেকে ৭০ টাকা এবং ভোজ্যতেল লিটারপ্রতি ১০২ টাকা দরে বিক্রি করা হবে। দুই কিস্তিতে ডিলারদের এই পাঁচটি পণ্য সরবরাহ করা হবে। প্রতি কিস্তিতে একজন ডিলার দুই টন চিনি, এক হাজার ২০০ লিটার ভোজ্যতেল, এক টন মসুর ডাল, ৭০০ কেজি ছোলা ও ৫০০ কেজি খেজুর পাবেন। রমজানের প্রথম সপ্তাহে আরেক কিস্তিতে ডিলারদের পণ্য দেওয়া হবে।প্রতি রমজানের আগেই টিসিবি বাজার স্থিতিশীল রাখতে পণ্য আমদানি ও বিক্রির নানা ধরনের আশ্বাস দিলেও তাদের মজুদ পণ্য চাহিদার সামান্যই। টিসিবি সূত্রে জানা গেছে, তাদের কাছে যে পরিমাণ পণ্যের মজুদ আছে তা দিয়ে সর্বোচ্চ ৫ শতাংশ বাজার-চাহিদা মেটানো সম্ভব। অবশ্য যোগাযোগ করা হলেও কী পরিমাণ পণ্য মজুদ আছে, সেই হিসাব দিতে তারা নারাজ।চিনি: রাজধানীর বিভিন্ন খুচরা দোকানে এখন চিনি বিক্রি হচ্ছে ৭০ থেকে ৭২ টাকায়। খুচরা ব্যবসায়ীরা বলছেন, ১৫ দিন আগেও তাঁরা ৬২ থেকে ৬৫ টাকায় চিনি বিক্রি করতেন। চিনির দাম বাড়ার কারণ পাইকারি বাজারে চলতি মাসের শুরু থেকে ক্রমাগত মূল্য বৃদ্ধি। মাসের শুরুতে মৌলভীবাজারে চিনির দাম ছিল কেজিপ্রতি ৫৯ থেকে ৬০ টাকা। তিন দিন পর দাম বেড়ে হয় ৬২ টাকা। ১০ জুন পাইকারি ব্যবসায়ীরা চিনি বিক্রি করেছেন কেজিপ্রতি ৬৬ টাকায়। আর গতকাল বিক্রি হয়েছে কেজিপ্রতি ৬৫ টাকায়। অর্থাৎ, জুলাইয়ের প্রথম ১৪ দিনে চিনির দাম পাইকারি বাজারেই বেড়েছে অন্তত ছয় টাকা।ভোজ্যতেল: আগের বেঁধে দেওয়া দর অনুযায়ী খোলা সয়াবিন তেল বিক্রি হওয়ার কথা ১০৯ টাকায়। কিন্তু তা বিক্রি হচ্ছে ১১৬ টাকায়, যদিও টিসিবির তথ্যে তা ১০৭ থেকে ১১০ টাকায় দেখানো হয়েছে। বোতলজাত সয়াবিন তেল বিক্রি হচ্ছে ১২০ থেকে ১২৩ টাকা লিটার। ট্যারিফ কমিশনকে ভোজ্যতেলের দর নির্ধারণের দায়িত্ব দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। কয়েক দিন ধরে ট্যারিফ কমিশন এ কাজই করছে বলে জানান সংস্থাটির চেয়ারম্যান মজিবুর রহমান। প্রথম আলোকে তিনি বলেন, আন্তর্জাতিক বাজার এবং তেল পরিশোধন কারখানাগুলোর কাছ থেকে তথ্য সংগ্রহ করার পর সার্বিক দিক বিবেচনা করে কয়েক দিনের মধ্যে সয়াবিন ও পামতেলের মূল্য কাঠামোর সুপারিশ করা হবে।রমজানে চিনি ও ভোজ্যতেলের মূল্য বৃদ্ধির কোনো কারণ নেই বলে মনে করেন বাণিজ্যসচিব গোলাম হোসেন। প্রথম আলোকে তিনি বলেন, রমজান মাস শেষ হওয়া পর্যন্ত চিনি ও ভোজ্যতেলের সরবরাহ পরিস্থিতি খুবই ভালো। চাহিদার তুলনায় এক লাখ টনেরও বেশি করে এই দুই পণ্যের অতিরিক্ত মজুদ থাকবে। চাল: রাজধানীতে মোটা চাল বিক্রি হচ্ছে ৩৩ থেকে ৩৫ টাকায়। নাজিরশাইল ৫৪ থেকে ৫৮, মিনিকেট ৪৪ থেকে ৪৭, পারিজা ৩৬ থেকে ৩৮, লতা ৩৬ থেকে ৩৮ টাকায় বিক্রি হচ্ছে। প্রতিটি ক্ষেত্রেই চালের দাম বেড়েছে তিন থেকে চার টাকা।বাবুবাজারের পাইকারি ব্যবসায়ীরা বলছেন, পাইকারি বাজারে মানভেদে চালের দাম বেড়েছে অন্তত ছয় টাকা। দাম বাড়ার কারণ হিসেবে বাবুবাজারের একজন ব্যবসায়ী প্রথম আলোকে বলেন, ‘আমরা যখন ২৬ থেকে ২৭ টাকায় চাল বিক্রি করি, তখন সরকার ২৯ টাকায় চাল কেনা শুরু করে। দাম তো বাড়বেই।’মসলা: মসলার মধ্যে গত দুই মাসে লবঙ্গের দাম বেড়েছে সবচেয়ে বেশি। মে মাসের মাঝামাঝি যে লবঙ্গের দাম ছিল কেজিপ্রতি ৬৫০ টাকা, জুনের শুরুতে তা বেড়ে হয় এক হাজার ১০০ টাকা। গতকাল তা বিক্রি হচ্ছিল এক হাজার ৪০০ টাকায়। মে মাসে জয়ত্রী বিক্রি হতো কেজিপ্রতি দুই হাজার ৬০০ টাকায়। এখন তা বিক্রি হচ্ছে তিন হাজার ৪০০ টাকা পর্যন্ত। একই সময়ে জায়ফলের দাম ৯০০ থেকে বেড়ে এক হাজার ১০০ টাকা হয়েছে।এক মাসে জিরার দাম প্রায় ১০০ টাকা বেড়ে ৪৭০, দারুচিনির দাম ৩০ টাকা বেড়ে ২২০, ২০০ টাকা বেড়ে গোলমরিচ ৮০০, ৫০ টাকা বেড়ে কিশমিশ ৩৫০ টাকা হয়েছে। আর এক হাজার ৬৩০ টাকার পেস্তাবাদাম এক হাজার ৮০০, ৫৩০ টাকার আলুবোখারা ৭০০ টাকা। মসলার মধ্যে শুধু ধনিয়ার দামই সাধারণের নাগালে আছে। কেজিপ্রতি ধনিয়া বিক্রি হচ্ছে ৬০ থেকে ৬৫ টাকায়।ছোলা ও ডাল: বাজারে ছোলা বিক্রি হচ্ছে প্রতি কেজি ৭০ থেকে ৭২ টাকায়। এক সপ্তাহ আগে দাম ছিল ৬৫ টাকা। ডাবলি (মটর) ও নিম্নমানের অ্যাংকর ডাল বিক্রি হচ্ছে ৪২ থেকে ৪৬ টাকায়। দুই ডালের দামই এক সপ্তাহে দুই টাকা বেড়েছে। বাজারে দেশি মসুর ডাল ৯৫ থেকে ১০০ ও বিদেশি ডাল ৭৫ থেকে ৮৫ টাকায় বিক্রি হচ্ছে। খুচরা বিক্রেতারা মুগ ডাল বিক্রি করছেন ১১৫ থেকে ১২৫ টাকায়। পাইকারি বাজারে চিকন মুগ ডালের দাম এক সপ্তাহে ৯০ থেকে বেড়ে ১০৫ ও মোটা মুগের দাম ৬৮-৭০ থেকে বেড়ে হয়েছে ৭৫ টাকা।পেঁয়াজ: বাজারে দেশি পেঁয়াজ ৩২ থেকে ৩৬ টাকা ও বিদেশি পেঁয়াজ ২৭ থেকে ৩০ টাকায় বিক্রি হচ্ছে। খুচরা বিক্রেতারা জানান, গত ১০ দিনে সব ধরনের পেঁয়াজের দামই তিন টাকা করে বেড়েছে।শ্যামবাজারের পাইকারেরা বলছেন, দেশি পেঁয়াজের ব্যাপক মজুদ থাকলেও ভালো দাম পাওয়ার আশায় অনেক কৃষক বিক্রির পরিমাণ কমিয়ে দিয়েছেন। এ কারণে পাইকারি ব্যবসায়ীদের কাছে পর্যাপ্ত পেঁয়াজ আসছে না। খুচরা বিক্রেতারা বলছেন, পাইকারি বাজার থেকেই তাঁদের বেশি দামে কিনতে হচ্ছে।রসুন: খুচরা বাজারে চীনা রসুনের দাম ৮০ থেকে ৮৫ টাকা। কিছু দেশি রসুনও (নতুন) পাওয়া যাচ্ছে। তবে তা ১২০ টাকা কেজি। এ মাসের শুরুতে শ্যামবাজারে কেজিপ্রতি চীনা রসুনের দাম ছিল ৫০ থেকে ৫২ টাকা। ৫ জুলাই তা বেড়ে হয় ৫৫ থেকে ৬০ টাকা। পরের দিন আরেক দফা বেড়ে দাঁড়ায় ৭০ টাকা পর্যন্ত। মুড়ি: রমজান মাস আসছে, তাই বেড়েছে মুড়ির দামও। মেশিনে বানানো মুড়ি বিক্রি হচ্ছে কেজিপ্রতি ৫৫ থেকে ৬০ টাকায়। আর হাতে ভাজা প্যাকেট মুড়ির দাম ৯০ থেকে ১০০ টাকা। বাজারে গত ১০ দিনে মুড়ির দাম বেড়েছে কেজিতে ছয় থেকে ১০ টাকা।এফবিসিসিআইয়ের সভাপতি এ কে আজাদ প্রথম আলোকে বলেন, রমজানে নিত্যপণ্যের দাম বাড়ার কোনো কারণই নেই। ব্যবসায়ীরা প্রয়োজনে মুনাফা না করে পণ্য বিক্রি করবেন। প্রধানমন্ত্রীর কাছে তাঁরা এমন আশ্বাসই দিয়ে এসেছেন।