রোজার বাজারে দাম বাড়ল আরেক দফা
রোজার আগের দিন স্বস্তি দিল না বাজার। ত্যাগের মাসে অতিরিক্ত মুনাফার লোভে প্রায় সব ধরনের পণ্যের দামই বাড়িয়ে দিয়েছেন ব্যবসায়ীরা। ফলে ভোগান্তির মধ্যেই রোজার প্রস্তুতি নিলেন ভোক্তারা। রমজানের নিত্যপণ্যের মধ্যে ছোলার দামের লাগাম যেন কোনোভাবেই টানা যাচ্ছে না। খুচরা বাজারে দাম বাড়ছিলই, পাইকারিতে ছিল কম। এখন বাড়ছে পাইকারি বাজারেও। সুযোগ বুঝে কিছু দোকানি চিনির দামও বাড়িয়ে দিয়েছেন। খোলা সয়াবিন তেলের তো দেখাই মেলে না।গতকাল সোমবার সবজির বাজারেও ছিল আগুন। রেহাই পায়নি সামান্য কাঁচা মরিচও। গত শুক্রবার যে কাঁচা মরিচ বিক্রি হয়েছে ৪০ থেকে ৫০ টাকায়, গতকাল রাজধানীর কয়েকটি বাজারে তা বিক্রি হয়েছে ৮০ টাকা কেজি। বেড়েছে পেঁয়াজ, বেগুন, শসা, টমেটোসহ সব ধরনের সবজির দাম।ছোলার দাম কমছেই না: পাইকারি বাজারে প্রতি কেজি ছোলার দাম বেড়েছে মানভেদে পাঁচ থেকে ১৩ টাকা পর্যন্ত। রাজধানীর রহমতগঞ্জ ও নারায়ণগঞ্জের পাইকারি ব্যবসায়ীরা জানান, সাধারণ মানুষ যে ছোলাটা (অস্ট্রেলিয়ার) বেশি কেনেন, তা এখন পাইকারিতে বিক্রি হচ্ছে কেজিতে ৬৩ থেকে ৬৪ টাকায়। তিন দিন আগেও এই ছোলার দাম ছিল ৫৮ টাকা। আর একটু উন্নত মানের মিয়ানমারের ছোলা এখন বিক্রি হচ্ছে ৮৩ থেকে ৮৫ টাকায়। এর পাইকারি দাম ছিল সর্বোচ্চ ৭১ টাকা।চট্টগ্রাম থেকে নিজস্ব প্রতিবেদক জানান, গত মাসের ২৬ দিনে চট্টগ্রাম বন্দর দিয়ে প্রায় ১৩ হাজার টন ছোলা খালাস হয়েছে। গত ২৬ জুলাই খালাস হওয়া মিয়ানমারের সবচেয়ে ভালো মানের ছোলার দাম পড়েছে কেজিপ্রতি ৬২ টাকা ৬২ পয়সা। পরিবহন খরচ হিসাব করলে এই ছোলার দাম পড়ে সাড়ে ৬৫ টাকা। গতকাল খুচরা বাজারে এই মানের ছোলা বিক্রি হয়েছে ৮৫ টাকায়।একইভাবে ইথিওপিয়ার ছোলার দাম পড়েছে ৫৩ টাকা ৯০ পয়সা। খরচসহ দাম পড়ে কেজিতে প্রায় ৫৭ টাকা। এই ছোলা খুচরায় বিক্রি হচ্ছে ৭৫ টাকা। এ ছাড়া অস্ট্রেলিয়ার সাধারণ মানের ছোলার আমদানিমূল্য ৪৪ টাকা ৪১ পয়সা। খরচসহ দাম পড়েছে সাড়ে ৪৭ টাকা। এ মানের ছোলা বিক্রি হচ্ছে ৭০ টাকায়।চিনির সংকট আছে: চিনি পরিশোধনকারী প্রতিষ্ঠানগুলো দুই দিন মৌলভীবাজারে চাহিদা অনুযায়ী সরবরাহ না করায় চিনির কিছুটা সংকট দেখা দেয়। এ সংকটকে পুঁজি করে প্রতি মণ চিনির দাম ১৫০ টাকা বাড়ান ব্যবসায়ীরা। চট্টগ্রামে গত শনিবার পাইকারি বাজারে প্রতি মণ চিনি বেচাকেনা হয় দুই হাজার ৫০০ টাকায়। গতকাল এই চিনির দাম ওঠে দুই হাজার ৬৫০ টাকায়। অর্থা ৎ পাইকারি বাজারেই কেজিপ্রতি চিনির দাম প্রায় ৭১ টাকা। খুচরায় বিক্রি হচ্ছে ৭২ টাকা।সয়াবিন তেল: রাজধানীর দোকানে এখনো খোলা সয়াবিন তেলের দেখা মেলা ভার। কিছু দোকানে পাওয়া গেলেও বিক্রি হচ্ছে ১০৯ থেকে ১১৫ টাকা পর্যন্ত। আর পাম তেল বিক্রি হচ্ছে ১০৪ টাকা ও সুপার পাম তেল ১০৫ টাকা। তবে ক্রেতা-বিক্রেতা উভয়কেই বোতলজাত সয়াবিন কেনাবেচা করতেই বেশি উ ৎসাহী দেখা যায়। বিভিন্ন ব্র্যান্ডের এক লিটারের সয়াবিন তেল পাওয়া যাচ্ছে ১২১ থেকে ১২৫ টাকায়। আর পাঁচ লিটার বোতলজাত তীর সয়াবিন তেল ৫৯৫, রূপচাঁদা ৬০৫ এবং ফ্রেশ ৫৮৬ টাকায় বিক্রি হচ্ছে।সবজিতে স্বস্তি নেই: গত প্রায় ১০ দিন কাঁচাবাজারে বিভিন্ন ধরনের সবজির দাম কম ছিল। তখন ক্রেতাদের মধ্যে স্বস্তিও ছিল। তবে গত শুক্রবার এক দফা সবজির দাম বাড়ে। আর গতকাল সবজির দাম এতটাই বেড়েছে যে বাজারের ওপর থেকে ক্রেতাদের স্বস্তি অনেকটাই উঠে গেছে।রাজধানীর কারওয়ান বাজার, হাতিরপুল, পলাশী ও নিউমার্কেটের বনলতা মার্কেট কাঁচাবাজার ঘুরে বিক্রেতাদের চড়া দামে সবজি বিক্রি করতে দেখা গেছে।গত শুক্রবার ১৪ টাকা কেজিতে আলু বিক্রি হলেও গতকাল তা বিক্রি হয় ১৫ থেকে ১৬ টাকায়। টমেটো ৬০ থেকে বেড়ে ৭০, মানভেদে বেগুনের দাম ছিল ৩০ থেকে ৩৪ টাকা; গতকাল তা বিক্রি হয় ৪০ থেকে ৫০ টাকায়। ২৫ টাকার শসার দাম হাঁকেন ৪০ থেকে ৪৫ টাকা। ৩০ থেকে ৩৩ টাকার কাঁকরোল ৩৫ থেকে ৪০, ৪০ টাকার করলা ৫০, ২৫ টাকার পটোল ৩৫, ৩০ টাকার বরবটি ৩৫, ২৫ টাকার ঢ্যাঁড়শ ৩৫ থেকে ৪০, ২০ টাকার কচুমুখী ২৫ এবং ২০ টাকার চিচিঙ্গা ২৫ টাকায় বিক্রি হচ্ছে। অস্বাভাবিকভাবে দাম বেড়েছে কাঁচা মরিচের। শুক্রবার ৪০ থেকে ৫০ টাকা দাম থাকলেও গতকাল বিক্রি হয়েছে কেজি ৮০ টাকায়। পলাশী ও নিউমার্কেটে দাম ১০০ টাকা পর্যন্ত।ইফতারে শরবত অপরিহার্য, তাই বেড়েছে লেবুর কদর। দামও চড়া। গন্ধ লেবু (এলাচি) ২০ ও ছোট কাগজি লেবু ১৫ টাকা হালি বিক্রি করছেন বিক্রেতারা।আজিমপুর স্টাফ কোয়ার্টার থেকে বাজার করতে পলাশী বাজারে এসেছিলেন সালমা বেগম। তিনি প্রথম আলোকে বলেন, ‘রোজার জন্য বাজার করতে এসেছি। কিন্তু যে দাম, তাতে বাজার করা মুশকিল। রোজার আগে দাম বাড়াটা ফ্যাশন হয়ে গেছে।’বেড়েছে পেঁয়াজের দাম: গতকাল পেঁয়াজ বিক্রি হয়েছে ৩৫ থেকে ৪০ টাকায়। এর মধ্যে দেশি পেঁয়াজ সর্বোচ্চ ৪০ আর ভারতের পেঁয়াজ ৩৪ টাকা। শ্যামবাজারের পাইকারি ব্যবসায়ীরা বলছেন, গত কয়েকদিনে পাইকারি বাজারেই পেঁয়াজের দাম বেড়েছে তিন থেকে চার টাকা।মাছ যেন খেতে মানা: রাজধানীর বড় বাজারগুলোতে একদিকে মাছের পরিমাণ ছিল কম, তেমনি বিক্রেতারা দামও নিয়েছেন অনেক বেশি। বাজারভেদে অবশ্য দামে কিছু হেরফের হলেও মাছের দাম যে খুব বেশি, এ নিয়ে দ্বিমত নেই ক্রেতাদের।বিভিন্ন বাজারে গতকাল রুই ২৫০, মাঝারি আকারের জোড়া ইলিশ ১২০০ থেকে ১৪০০, পাঙাশ ১০০ থেকে ১২০, তেলাপিয়া ১০০ থেকে ১৩০, নলা ১৫০ থেকে ১৭০, ছোট পুঁটি ১৫০, সরপুঁটি ১৮০ থেকে ২২০, মাগুর ৫৫০ থেকে ৬০০, কই ২৫০ থেকে ৩০০, শিং ৬০০ থেকে ৬৫০, আইড় ৫০০, ছোট চিংড়ি ৩৫০, কাঁচকি ৩০০ ও টাকি ১৫০ থেকে ১৮০ টাকায় বিক্রি হয়েছে। মাংস ও মুরগি: বিভিন্ন বাজারে গতকাল গরুর মাংস ২৭০ এবং খাসির মাংস ৪৪০ টাকা পর্যন্ত বিক্রি করতে দেখা গেছে। অথচ ডিসিসির বেঁধে দেওয়া দর অনুযায়ী, খাসির মাংস ৪০০ টাকা বিক্রি হওয়ার কথা।ব্রয়লার মুরগি গতকাল বিক্রি হয় ১৪০ থেকে ১৫০ টাকায়। আর ৭০০-৮০০ গ্রাম ওজনের দেশি মুরগি বিক্রি হয় ২৫০ থেকে ২৮০ টাকায়। ক্রেতারা প্রতি হালি ডিম কিনেছেন ২৪ থেকে ২৬ টাকায়।মুড়ি ও খেজুরেও উত্তাপ: রমজানের কথা মাথায় রেখে বিক্রেতারা মুড়ির দামও বাড়িয়ে দিয়েছেন। মেশিনে বানানো মুড়ি বিক্রি হচ্ছে ৫৫ থেকে ৬০ টাকা কেজি। আর হাতে ভাজা প্যাকেট মুড়ির দাম ৯০ থেকে ১০০ টাকা। বাজারে গত ১০ দিনে মুড়ির দাম বেড়েছে কেজিতে অন্তত ১০ টাকা।রাজধানীর বিভিন্ন বাজার ও খুচরা দোকানে চড়া দামে বিক্রি হচ্ছে খেজুরও। বাংলা খেজুর ৬০, মরিচা ও নাগা ১২০, বড়ই ১৮০ থেকে ২০০ ও মরিয়ম ২২০ থেকে ২৪০ টাকায় বিক্রি হচ্ছে। চড়া দামে বিক্রি হচ্ছে বিভিন্ন ধরনের প্যাকেটজাত খেজুর।