রোজিনার জীবনে অন্য রকম পাওয়া
পড়াশোনায় ভালো ছিল সে। কিন্তু বাদ সাধল দারিদ্র্য। ভ্যানচালক বাবা আবদুল লতিফ আর ধানের চাতালের শ্রমিক মা রেনু বেগম খরচের বোঝা বইতে পারলেন না। অষ্টম শ্রেণীতে থাকতেই মেয়েকে বিয়ে দিলেন তাঁরা। সেখানে যৌতুকের দাবিতে শুরু হলো স্বামীর নির্যাতন। শেষে তালাকের মাধ্যমে মুক্তি। বাবার বাড়ি ফিরে আবার পড়াশোনাকেই আঁকড়ে ধরল সে। শিক্ষকেরা সাগ্রহে মেধাবী ছাত্রীটিকে নবম শ্রেণীতে ভর্তি করে নিলেন। শিক্ষকদের সেই আদর-ভালোবাসার যথার্থ প্রতিদান সে দিল এবারের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে।প্রতিকূলতার দেয়ালভাঙা এই অদম্য মেধাবীর নাম রোজিনা খাতুন। রাজশাহীর পুঠিয়া উপজেলার ধোপাপাড়া বালিকা বিদ্যালয় থেকে মানবিক বিভাগে এসএসসি পরীক্ষা দেয় সে। বিদ্যালয়ের এই প্রথম ও একমাত্র জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থী সে।পুঠিয়ার পূর্ব ধোপাপাড়া গ্রামের রাস্তার পাশে অন্যের জমিতে একটি কুঁড়েঘরে রোজিনাদের বাস। ঘরের চারদিকে খেজুরপাতা দিয়ে ঘিরে কোনো রকমে বেড়া দেওয়া হয়েছে। রোজিনা জানায়, ছোট এক ভাই ও এক বোনকে নিয়ে সে ঘরের ভেতর ঘুমায়। বাবা-মা ঘুমান বারান্দায়। দুই বছর আগে ২০ হাজার টাকা যৌতুক দিয়ে উপজেলার নন্দনপুর গ্রামে তাকে বিয়ে দেওয়া হয়। কিন্তু আরও যৌতুকের দাবিতে স্বামী তার ওপর নির্যাতন শুরু করে। একপর্যায়ে স্বামী তাকে তালাক দেয়।ধোপাপাড়া বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম বলেন, ‘ভালো ছাত্রী বলে রোজিনাকে অকালে বিয়ে দেওয়ায় আমরা খুব কষ্ট পেয়েছিলাম। যৌতুকলোভী স্বামী তাকে তালাক দেওয়ার পর সে ফিরে আসে। তখন আমরা তাকে আবার স্কুলে ভর্তি করে নিই। আমরা জানতাম, ওকে দিয়ে ভালো ফল করানো সম্ভব। ওর প্রতি আমরা বিশেষ যত্ন নিয়েছি। পরীক্ষার ফরম পূরণের সময় ওর বাবা অর্ধেক টাকা জোগাড় করেন, বাকি টাকা আমরা বিদ্যালয় থেকে দিয়েছি। সহযোগিতা পেলে মেয়েটি পড়াশোনা করে অনেক দূর যেতে পারবে।’রোজিনার মা রেনু বেগম বলেন, ‘আমি ধানের বয়লারে কাজ করি। কোনো দিন ১০ টাকা, কোনো দিন ২০ টাকা পাই। ওর বাবা ভ্যানগাড়ি চালায়। কোনো দিন ১০০ টাকা হয়, আবার কোনো দিন হয়ই না। সব দিকের খরচ বাঁচায়ে সাওয়ালের (মেয়ের) পিছে ঢালি। খুব কষ্টে চলি।’