রোজিনার ৩ নাটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সম্প্রতি একসঙ্গে নতুন তিনটি এক ঘণ্টার নাটকের কাজ শেষ করলেন এ দেশের চলচ্চিত্রের একসময়ের সাড়া জাগানো অভিনেত্রী রোজিনা। এর মধ্যে রবীন্দ্রসাহিত্য নিয়ে একটি এবং অন্য দুটি মৌলিক গল্পের। নাটক তিনটি হচ্ছে—‘দান প্রতিদান’, ‘হঠাত্ দেখা’ এবং ‘আমিই বিকম পাস’। প্রথম আলো ডট কমকে রোজিনা বলেন, ‘আমি সাধারণত ভালো গল্প না হলে নাটকের কাজ করি না। আর ঠিক ব্যবসা করার জন্যও নাটক নির্মাণ করি না। কারণ, নাটক পরিচালনার কাজটা আমার পেশা নয়, সংস্কৃতির প্রতি একধরনের দায়বদ্ধতার জায়গা থেকেই নাটক নির্মাণ করে থাকি। এটা পুরোপুরি ভালোবাসা থেকেই করা।’তিনটি নাটকই চ্যানেল আইয়ে দেখানো হবে। এ প্রসঙ্গে রোজিনা বলেন, ‘সত্যি কথা বলতে কী, আমি অন্য কোনো চ্যানেলের জন্য নাটক নির্মাণ করি না। চ্যানেল আই আমার কাছে একেবারে পরিবারের মত। ১১ বছর বিরতির পর আমি যে চলচ্চিত্রে অভিনয় করেছি; সেটাও চ্যানেল আইয়ের। সবকিছু মিলে চ্যানেল আই আমার কাছে অনেক বেশি আপন মনে হয়। তবে এটা ঠিক যে, অন্য চ্যানেলের টক শো কিংবা অন্যান্য অনুষ্ঠানে অংশ নিই।’দান প্রতিদান, হঠাত্ দেখা ও আমিই বিকম পাস নাটকের অভিনয়শিল্পীরা হলেন চঞ্চল চৌধুরী, সজল, মীম, জ্যোতিকা জ্যোতি, ইলিয়াস কাঞ্চন ও রোজিনা নিজে।অভিনেত্রী ও নির্মাতা রোজিনা এখন স্থায়ীভাবে যুক্তরাজ্যে বসবাস করছেন। সর্বশেষ গত বছরের ১৬ সেপ্টেম্বর তিনি বাংলাদেশে এসেছিলেন। কথা প্রসঙ্গে তিনি জানালেন, এখন বাংলাদেশে এলে যে সময়টুকু পান সে সময়টাতে নাটক পরিচালনার কাজটিই করেন। আগামী ১৫ মে বাংলাদেশি চলচ্চিত্রের একসময়ের জনপ্রিয় এই অভিনেত্রী আবারও যুক্তরাজ্যের উদ্দেশে ঢাকা ছাড়বেন।